রমজান ও করোনাকালে মিশিগানে খাদ্য বিতরণ
পবিত্র মাহে রমজান ও করোনা সংকটে মিশিগান রাজ্যের ডেট্রয়েট ও হ্যামট্রাম্যাক সিটির ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ব্রিজ অর্গানাইজেশন ও শাকিল খন্দকার গ্রুপ। ১ মে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আয়োজকেরা ১৫০টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন।
হ্যামট্রাম্যাক সিটির মসজিদ আল–ফালাহ পার্কিংলটের ভেতরে ক্ষতিগ্রস্ত মানুষের ম্যধে বিভিন্ন ধরনের গ্রোসারি সামগ্রী এবং করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বণ্টন করা হয়। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতিকূল আবহাওয়া উপেক্ষা আয়োজকেরাবণ্টন কাজ সম্পন্ন করেন। খাদ্যসামগ্রী বিতরণে সাহায্য করেন হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, শাকিল খন্দকার, নাজেল হুদা, মনজুরুল করিম তুহিন, আরমানী আসাদ প্রমুখ।
খাদ্য সহায়তা দেওয়া পরিবারগুলোর অধিকাংশ নতুন অভিবাসী ও শরণার্থী। অনেকে আছেন বেকার, এমনকি গাড়ি বা কোনো স্বাস্থ্যবিমাও নেই। তারা সরকারি সহযোগিতা যেমন বেকারত্ব ভাতা এবং ফুড স্ট্যাম্পের সুবিধা পাওয়ার যোগ্য নয়। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শারীরিকভাবে অচল। করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিপদে পড়া এসব পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসব খাদ্যসামগ্রী ওয়ারেন সিটিতে অবস্থিত দেশি ফ্রুটস মার্কেট গ্রোসারি থেকে সংগ্রহ করা হয়।