রমজানে বিশেষ অনুষ্ঠানেরপ্রস্তাব ফেরালেন টিলারসন

রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরে মুসলমানদের জন্য ইফতার পার্টি বা ঈদ সম্মেলন হচ্ছে না।
শনিবার থেকে শুরু হওয়া রমজানের শেষের দিকে পররাষ্ট্র দপ্তরে বরাবরের মতো একটি অভ্যর্থনা অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধর্মীয় ও আন্তর্জাতিক বিষয়াদি–সংক্রান্ত দপ্তর থেকে এমন প্রস্তাব অনুমোদন না করে ফিরিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সসহ মার্কিন সংবাদমাধ্যম গত শনিবার এ–সংক্রান্ত সংবাদ দিয়েছে।
১৯৯৯ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে রমজান ও ঈদকে ঘিরে এমন সংবর্ধনা চালু ছিল। এ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিবিদসহ আমেরিকার মুসলমান নেতাদের আমন্ত্রণ জানানো হতো। এ পর্যন্ত পাঁচজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান পূর্বসূরিদের চালু করা প্রথা ভঙ্গ করলেন প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আদৌ এমন অনুষ্ঠান করা হবে কি না, তা জানানো হয়নি। এবার পররাষ্ট্র দপ্তরের এসব খাতে বাজেটও কর্তন করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রতিবছর পাসওভার, ক্রিসমাস বা ইস্টার সানডেকে সম্মান জানিয়ে অনুষ্ঠান করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়। রমজান শুরু হওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অবশ্য মুসলমানদের উদ্দেশে রমজানের মাসে আত্মত্যাগের মহিমা উল্লেখ করে বার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর রমজানের বার্তায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করার কথা বলেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই তাঁর সঙ্গে মুসলমানদের দূরত্ব সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারে তিনি মুসলমানদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেছিলেন। ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি মুসলমান দেশ থেকে আমেরিকায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। তাঁর এ আদেশ আদালতের রায়ে স্থগিত থাকলেও আমেরিকায় মুসলমানদের মধ্যে ট্রাম্প প্রশাসনকে নিয়ে সংশয়, সন্দেহ দূর হচ্ছে না। যদিও গত সপ্তাহে সৌদি আরবে মুসলিম দেশের অর্ধশতাধিক নেতার উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, আমেরিকার লড়াই চরমপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে।