রমনির মাথায়ও বরফজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নেওয়া ব্যক্তিদের তালিকায় যোগ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। গত বৃহস্পতিবার তাঁর মাথায় বালতিভর্তি বরফজল ঢালতে সাহায্য করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ান। ছবিটি রমনির ফেসবুক থেকে নেওয়া।
‘আইস বাকেট চ্যালেঞ্জ’ নেওয়া ব্যক্তিদের তালিকায় যোগ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি। গত বৃহস্পতিবার তাঁর মাথায় বালতিভর্তি বরফজল ঢালতে সাহায্য করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ান। ছবিটি রমনির ফেসবুক থেকে নেওয়া।

বরফশীতল জলে ভেজার প্রতিযোগিতায় এবার নাম লিখিয়েছেন মার্কিন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি।

এমএসএনবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে শিকাগোতে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ গ্রহণ করেন ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নর।
রমনির মাথায় বালতিভর্তি বরফজল ঢালতে সাহায্য করেন তাঁর সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী পল রায়ান।

গত শুক্রবার নিজের ফেসবুকে এই বরফজল ঢালার একটি ভিডিও পোস্ট করেছেন রমনি। এতে দেখা যায়, টাই-স্যুট পরা রমনির মাথায় এক বালতি বরফজল ঢেলে দিয়েছেন রায়ান। প্রতিক্রিয়ায় রমনি বলেন, ‘এটা ঠান্ডা।’

চুল থেকে পানি ঝরিয়ে নিজের স্ত্রী অ্যান ও অভিনেতা জেসন সুডেকিসকে বরফজল ঢালার চ্যালেঞ্জ জানিয়েছেন রমনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্কেলোরসিস (এএলএস) আলোচিত ‘আইস বাকেট চ্যালেঞ্জ’ চালু করে। এএলএস নামের স্নায়ু রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এ রোগ প্রতিরোধে তহবিল সংগ্রহের জন্য কাজ করছে সংস্থাটি।

এই প্রতিযোগিতায় কোনো তারকাকে বরফজলে নিজেকে ভিজিয়ে অন্যকে চ্যালেঞ্জ ছুড়তে হয়। যাঁরা এ চ্যালেঞ্জ নিতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের এএলএস তহবিলে অর্থ সাহায্য করতে হয়।
শুরুর দিকে বালতিভর্তি বরফজল মাথায় ঢালার প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ছিল। পরে যুক্তরাজ্যেও জনপ্রিয় হয়।

এরপর ফেসবুক, টুইটারের সুবাদে এটি পুরো বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ইতিমধ্যে অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব ও তারকা এই চ্যালেঞ্জ নিয়েছেন।