রসায়ন ল্যাবে সাবধান

চোখ প্রতিটি মানুষের জন্যই এক মহামূল্যবান সম্পদ। চোখ যে শুধু পথ দেখার জন্য তা নয়, এই চোখ নাকি মনের কথাও বলে। এই চোখ দুটিই যদি নিরাপদে না থাকে, পথচলা তো দূরে থাক, মনের কথাও বন্ধ হয়ে যেতে পারে। রসায়ন ল্যাবে চোখের নিরাপত্তা বিষয় নিয়ে বলছি।
রসায়ন বিষয়টি প্রাণের সঙ্গে কতটুকু ওতপ্রোতভাবে জড়িত, তা আমাদের দেশীয় অর্থনৈতিক অবকাঠামোর কারণে উল্লেখযোগ্য গবেষণা না থাকায় শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো গবেষণায় পিছিয়ে থাকলেও প্রতিবছর অসংখ্য ছাত্রছাত্রীকে এ বিষয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করছে। রসায়ন বিষয়ে দেশীয় স্নাতক (সম্মান) ডিগ্রি বিশ্বব্যাপী সমাদৃত হলেও স্নাতকোত্তর (মাস্টার্স) বিশ্বের সর্বত্র সমাদৃত নয়। এ কারণে অসংখ্য ছাত্রছাত্রীকে পিএইচডি করার জন্য দেশীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার পরও ইউরোপ, আমেরিকা বা এশিয়ার বিভিন্ন দেশে আবার স্নাতকোত্তর (মাস্টার্স) করার প্রয়োজন পড়ে। সব বিশ্ববিদ্যালয়েই একটি নির্দিষ্টসংখ্যক শিক্ষক রয়েছেন, যাঁরা ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে উচ্চতর গবেষণার অভিজ্ঞতা নিয়ে ফেরেন, আবার বহির্দেশে অনেকের যথেষ্ট সুনামও রয়েছে। উন্নত দেশের রসায়ন ল্যাবরেটরিতে নিরাপত্তা বিষয়ে সবাই কমবেশি অবগত। উন্নত দেশের মতো রসায়ন ল্যাবে নিরাপত্তার সব দিক অর্থনৈতিক কারণে নিশ্চিত করা না গেলেও কিছু বিষয় শিক্ষকদের সুনজরে নিশ্চিত করা যায়।
আমাদের দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) রসায়ন ল্যাবে নিরাপত্তাবিষয়ক শুধু যে একটি নিয়ম মানে তা হলো, ল্যাবরেটরিতে কাজ করার সময় ল্যাব কোট পরিধান করা, অথচ গত চার বছরে আমেরিকায় আমার দেখা কোনো আন্ডারগ্র্যাজুয়েট রসায়ন ল্যাবে কাউকে ল্যাব কোট ব্যবহার করতে দেখিনি। শুধু রিসার্চ ল্যাবরেটরিতে ল্যাব কোট পরা হয়। কিছু অতীব গুরুত্বপূর্ণ নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন আমেরিকার রসায়ন ল্যাবরেটরিগুলোতে মানা হয়, যা আমাদের দেশে একটিও মানা হয় না।
সাদা ল্যাব কোট আমাদের দেশের রসায়ন বিভাগের ছাত্রদের জন্য একধরনের ফ্যাশন বলা যায়। রসায়ন বিভাগে আন্ডারগ্রেড ল্যাবগুলোতে নিরাপদ চশমা বা সেফটি গগলের তুলনায় ল্যাব কোটের গুরুত্ব কতটুকু, সে বিষয়ে আমাদের দেশের সব বিদেশফেরত রসায়নের শিক্ষকেরা সম্যক অবগত। অনার্স প্রথম বর্ষের সল্ট অ্যানালাইসিস আর আগুনের শিখা নিয়ে কাজ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত রসায়ন বিভাগে সব বর্ষেই কমবেশি নানান রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয়। 12M ঘনমাত্রার অ্যাসিড নিয়ে কাজ করা হয় কি না জানি না, তবে ন্যূনতম 0.5M ঘনমাত্রার অ্যাসিড তো থাকেই। নানা ধরনের ক্ষারের ব্যবহার ছাড়াও অন্যান্য কেমিক্যালের ব্যবহার হয় সর্বদা। অ্যাসিড-বেস ছাড়াও যেকোনো ধরনের রাসায়নিক পদার্থের একটি ফোঁটা চোখে পড়লে যে কারও চোখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে মুহূর্তেই। এমন পরিস্থিতে নিরবচ্ছিন্নভাবে চোখে পানি দেওয়ার ব্যবস্থা দারিদ্র্যের কারণে আমাদের নেই।
বিশ্ববিদ্যালয়জীবনে দেখেছি, ল্যাব কোট না পরলে অনেক শিক্ষক ছাত্রছাত্রীদের ল্যাব থেকে বের করে দিতেন। এই ল্যাব কোট দিয়ে আমরা কোন মূল্যবান অঙ্গটির প্রতিরক্ষা করি? আমাদের শার্ট, প্যান্ট, নাকি চামড়া? তাহলে আমাদের চোখ দুটিকে কীভাবে নিরাপদ রাখা যায়, এ নিয়ে কি আদৌ শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে কোনো সচেতনতা আছে? এক ফোঁটা অ্যাসিড চামড়ায় পড়লে কী হবে আর চোখের মণি বা চোখের নিচের স্পর্শকাতর চামড়ায় পড়লে কী হবে, একবার কি কেউ অনুমান করতে পারেন?
আরেকটি ব্যাপার হলো, কোনো কারণে যদি চোখেমুখে কেমিক্যাল পড়েই যায়, উন্নত দেশের মতো তৎক্ষণাৎ চোখেমুখে নিরবচ্ছিন্ন পানি দেওয়ার জন্য যে অবকাঠামো দরকার, সেটা আমাদের দারিদ্র্যের কারণে নেই, এ কথা সত্য, তবে ল্যাবে নিরাপত্তার জন্য খোলা স্যান্ডেল না পরে সম্পূর্ণ পা ঢেকে রাখে এমন জুতা পরে আসার নিয়ম সহজেই করা যায়। আমাদের দেশে যেকোনো রসায়ন ল্যাব শুরুর আগে ছাত্রছাত্রীদের নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন জানার জন্য কোনো পরীক্ষাও নেই, অথচ কেমিক্যাল নিয়ে কাজ করার আগে সব ছাত্রের জীবন রক্ষার্থে নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন জেনে রাখা খুবই প্রয়োজন।
সায়ন ল্যাবে চোখের নিরাপত্তার জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয়, যাকে বলে সেফটি গগল। এটি বিশেষত, দুই ধরনের হয়, একটা হলো স্প্ল্যাশ গগল, আরেকটি সাধারণ সেফটি গগল। আমেরিকার অধিকাংশ আন্ডারগ্র্যাড ল্যাবে স্প্ল্যাশ গগল ব্যবহার হয়। স্প্ল্যাশ গগলের বিশেষত্ব হলো, এটি অনেকটা ডুবুরিদের ব্যবহৃত গ্লাসের মতো। কেমিক্যালের ছিটা মুখে এসে পড়লেও চোখ ছুঁতে পারবে না। আর সাধারণ সেফটি গ্লাসগুলো চার পাশে খোলা থাকে, তবে কেমিক্যাল সরাসরি চোখে যেতে পারবে না, পাশ দিয়ে যেতে পারবে।
আমেরিকায় রসায়ন ল্যাবগুলোতে নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বসহকারে দেখা হয়। এখানে নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন খুব কঠোরভাবে মানা হয় এবং সব নিয়ম না মানলে ল্যাবে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয় না। আরও কিছু জরুরি নিয়ম হলো, মেয়েরা ল্যাবে চুল ছেড়ে আসতে পারবে না, এমনভাবে প্যান্ট পরতে হবে, যা গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে, যাতে কোনো কেমিক্যাল চামড়া স্পর্শ না করে। প্যান্টে কোনো ফ্যাশনজনিত ছিদ্র থাকা চলবে না, আর ল্যাবে কোনো মোবাইল ফোন ব্যবহার চলবে না, আর মেয়েদের চুল সব সময় বেণি করে বা বেঁধে আসতে হয়। অবাক করা বিষয়, আমাদের দেশের আন্ডারগ্রেডের রসায়ন নিরাপত্তাবিষয়ক ল্যাব কোট পরা ব্যতিরেকে আরেকটি নিয়মও মানা হয় না, অথচ আমেরিকায় আন্ডারগ্রেড ল্যাবে কেউ ল্যাব কোট পরে না।
রসায়ন বিষয়টিকে বলা হয় সেন্ট্রাল সায়েন্স, কারণ এটি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, ন্যাচারাল সায়েন্স সবকিছুর মধ্যে যোগসূত্র তৈরি করে, আর এ জন্য এসব বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন তাত্ত্বিক বিষয়াদি ও ল্যাবরেটরিতে কাজ করার প্রয়োজন হয়। অনেকে জীবনে হয়তো একবারই একটি কোর্স নিচ্ছেন আর হয়তো নেওয়ার প্রয়োজন হবে না। তাঁরা জানেন না কোন কেমিক্যাল শরীরে বা চোখে কোন ধরনের প্রভাব ফেলতে পারে, না থাকে নিরাপদ জুতা, না থাকে সেফটি গগল, থাকে শুধু সাদা রঙের ল্যাব কোট। বিশেষ নিরাপত্তাবিষয়ক নিয়মকানুন জানার জন্য কোর্সের শুরুতে কোনো পরীক্ষাও থাকে না।
আমাদের দেশের সব বিদেশফেরত শিক্ষক উন্নত দেশের এসব নিরাপত্তাবিষয়ক নিয়মকানুনের বিষয়ে অবশ্যই অবগত, কিন্তু প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কোনো রসায়ন বিভাগে এসব নিয়মে কোনো কঠোরতা নেই। আশার কথা, ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মনির উদ্দিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশে প্রথমবারের মতো রসায়ন বিভাগে আন্ডারগ্রেডে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ল্যাব কিটের সঙ্গে সেফটি গগল দেওয়ার নিয়ম করেছেন এবং Safety of hazards in chemical laboratory-বিষয়ক একটি কোর্স চালু করেছেন, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণীয়।
রেজাউল হক নাঈম, শিক্ষার্থী, পার্ডু বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা, আমেরিকা।