রাজনীতিক জামিলা উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে বাংলাদেশিদের সাফল্যের খবর পেলে আমরা যেমন আনন্দ পাই, তেমনি একজন বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। বিদেশের মাটিতে সাফল্য একজন ব্যক্তিকে যেমন আপন আলোয় উদ্ভাসিত করে, তেমনি তার সঙ্গে চলে আসে শিকড়ের কথা। জাতি হিসেবে তখন বিশ্বের দরবারে তাঁর সঙ্গে উচ্চারিত হয় বাংলাদেশের নামও। তাই জামিলা উদ্দিন যখন নিউইয়র্ক নগর ডেমোক্রেটিক পার্টির সাংগঠনিক পরিচালক হিসেবে নিয়োগ পান, তখন প্রবাসে ও স্বদেশে সবাই গর্বিত হই।

নিউইয়র্ক নগর ডেমোক্রেটিক পার্টির এমন একটি গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূতকে দায়িত্ব দেওয়া হলো। আমেরিকার মূলধারার রাজনীতিতে জামিলাই যে প্রথম এলেন, এমন নয়। এ দেশের জাতীয় রাজনীতিতে প্রথম এবং সবচেয়ে সফল বাংলাদেশি হিসেবে হ্যানসেন ক্লার্কের নাম বলতে হয়। মিশিগানে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়ে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালন করেন। এর বাইরে আমরা পেনসিলভানিয়ার সাবেক ডেপুটি মেয়র নীনা আহমেদের নাম স্মরণ করতে পারি। সম্প্রতি তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে লেফটেন্যান্ট গভর্নর পদে প্রাথমিক বাছাইয়ে অংশ নেন। এতে ছয়জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পান।

এভাবে হয়তো আরও অনেকের নাম বলা যাবে। কিন্তু মূলধারার রাজনীতিতে সাফল্য সেই পর্যায়ে না হলেও নিউ জার্সি, পেনসিলভানিয়াসহ বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে কিছু বাংলাদেশির সাফল্যের কথা আমরা জানি। সে দিক দিয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসীর বাস যেখানে, সেই নিউইয়র্কে এখনো এমন সাফল্য নেই। অথচ ২৮ বছর বয়সী লাতিন অভিবাসী আলেকজান্দ্রিয়া ওকাসিও কুইন্সে ২৮ বছর ধরে রাজত্ব করা জোসেফ ক্রাউলিকে হারিয়ে দিলেন।

আমেরিকার নাগরিক, দীর্ঘদিন ধরে সে দেশে বাস করছেন, তাঁরাও ব্যস্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে। বাংলাদেশের রাজনীতি নিয়ে আবার বিভক্ত। দেশের প্রতি, শিকড়ের প্রতি টান থাকতেই পারে। তবে মাথায় রাখতে হবে, তাঁরা আমেরিকার নাগরিক। তাঁ০দের সন্তানেরা আমেরিকাকেই নিজের দেশ মনে করে। সুতরাং তাঁদের এগিয়ে যেতে হবে আমেরিকার রাজনীতিতে।

কাজটা অবশ্য সহজ নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। এ জন্য শুধু বাংলাদেশি নয়, আমেরিকায় বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীসহ সব মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, সুখে-দুঃখে পাশে থাকতে হবে। তাঁদের কৃষ্টি-কালচার, রাজনীতির ইতিহাস জানতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের আমেরিকার রাজনীতি সম্পর্কে সচেতন করতে হবে, রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করতে হবে। কে জানে, হয়তো একদিন এই প্রবাসীদের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেন বারাক ওবামার মতো আরেকজন প্রেসিডেন্ট!