রাজনীতির ঘেরাটোপ

  • বাইেডেনের মেয়াদের শুরুতে অভিশংসন নিয়ে ব্যস্ত থাকবে কংগ্রেস।

  • বিস্তর মামলায় জড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প।

  • অস্তিত্ব সংকটে পড়েছে রিপাবলিকানরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার মেয়াদ শেষের মাত্র ৭ দিন আগে মার্কিন প্রতিনিধি পরিষদে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই তিনি চলে যাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনীতির শেষ খেলার শুরু হচ্ছে। অভিশংসনে ট্রাম্প যতটুকু বিপদে পড়েছেন, তার চেয়ে বেশি বেকায়দায় পড়তে যাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দল।

শুনতে যেমনই লাগুক, ট্রাম্পের অভিশংসন সত্যিকার অর্থে উভয় পক্ষকেই বিপাকে ফেলেছে। এটা সত্য, গত চার বছরে তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের যে ক্ষতি করেছে, তা থেকে উত্তরণের পথটি এই অভিশংসনের ওপর নির্ভর করছে। কিন্তু এই সিদ্ধান্তই আবার জরুরি অনেক কাজে নতুন প্রশাসনকে মনোযোগে বাধা দেবে। এটাই বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জো বাইডেনের জন্য। কারণ, তাঁর প্রশাসনের শুরুর দিকেই সিনেটে অভিশংসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি হবে।

ক্ষমতা গ্রহণের পরের কয়েক সপ্তাহ যেকোনো প্রশাসনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আগের প্রশাসনের বিভিন্ন নীতি পর্যালোচনা করে নতুন নীতি আরোপের সঙ্গে সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে নিজেদের কর্তৃত্ব স্থাপনের জন্যই এই সময়টি কাজে লাগানো হয়। এবার এই বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, গত চার বছরের ক্ষমতাকালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতিসহ দেশটির মৌলিক নীতির অনেক কিছুই বদলে দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে এমন সব পদক্ষেপ নিয়েছেন, যা অপূরণীয় ক্ষতি করেছে বললেও অত্যুক্তি হবে না। নতুন প্রশাসনকে এই ক্ষতিপূরণে আগের যেকোনো প্রশাসনের চেয়ে বেশি তৎপর থাকতে হবে। সঙ্গে রয়েছে করোনা মহামারির ভয়াবহতা, করোনা টিকা বিতরণসহ অতি জরুরি কাজ। রয়েছে দ্বিধাবিভক্ত জাতিকে এক সুতায় বাঁধার স্নায়ুক্ষয়ী লড়াই। ফলে প্রশাসনের একেবারে শুরুর সময়টাতে কংগ্রেস সাবেক প্রেসিডেন্টের অভিশংসন নিয়ে পড়লে জো বাইডেনের জন্য প্রেসিডেন্সি অনেক বেশি জটিল হয়ে উঠবে।

এদিকে ক্ষমতার শেষ দিনগুলোতে ডোনাল্ড ট্রাম্প এমন ভয়াবহ সব কাণ্ড করেছেন এবং আরও করার আশঙ্কা রেখে দিয়েছেন যে, তা পুরো রিপাবলিকান দলকেই বহন করতে হবে। এই দায় থেকে অদূর ভবিষ্যতে দলটি বের হতে পারবে না। ট্রাম্প বলা যায় রিপাবলিকান দলকেই এক ধরনের অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছেন। এই সংকট কতটা গাঢ় হবে, তা নির্ভর করছে এখন রিপাবলিকান দলের আইনপ্রণেতাদের ওপরই। তাঁরা যদি এখনো ট্রাম্পের কর্তৃত্ব মেনে নিয়ে এবং তাঁর সমর্থক ভিতের কথা মাথায় রেখে তাঁর পক্ষেই অবস্থান নেন, তবে নিঃসন্দেহে এই সংকট গাঢ় হবে। আবার নিজের দলের সাবেক প্রেসিডেন্টকে অভিশংসন করেও যে তাঁরা সহজে দায়মুক্ত হতে পারবেন, এমন নয়। কারণ, তখন তাদের অভিশংসিত কিন্তু রক্ষণশীলদের মধ্যে জনপ্রিয় এক প্রেসিডেন্টের দায় ও ভার কাঁধে নিয়ে চলতে হবে। এই সময়টা রিপাবলিকান দলের জন্য পুনর্গঠনের। ডোনাল্ড ট্রাম্পের বলয় থেকে রিপাবলিকান দলের নিয়ন্ত্রণ রাজনীতিক ও সংগঠকদের হাতে নিয়ে আসার লড়াইটা এই সময়ে বড় হয়ে উঠবে।

এবারের অভিশংসন প্রক্রিয়া প্রথমটির মতো নয়। দ্বিতীয় অভিশংসনের শুনানি ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রিত সিনেটে অনুষ্ঠিত হবে, যার ভিত্তিমূলে থাকবে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার মতো রাষ্ট্রদ্রোহী কাজে প্রেসিডেন্টের নিজের সমর্থকদের উসকে দেওয়ার বিষয়টি। এটি নিঃসন্দেহে প্রথম অভিশংসনের মূল অভিযোগ ইউক্রেন কাণ্ডের চেয়ে অনেক বেশি বিধ্বংসী। এই ঘটনা আর শুধু রাজনীতিকদের বলয়ে আবদ্ধ নেই। এটি জনতার মধ্যেও এক অভাবিত ক্ষোভ ও বিস্ময়ের জন্ম দিয়েছে। জন্ম দিয়েছে এক ভয়াবহ শঙ্কার।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্টের অভিষেকের দিন ঘিরে এত শঙ্কার বাতাবরণ দেখা যায়নি। শুধু ওয়াশিংটনে নয়, গোটা যুক্তরাষ্ট্রে, প্রতিটি অঙ্গরাজ্যে সহিংসতার হুঁশিয়ারি দিয়েছে এফবিআই। এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নামাতে হচ্ছে ন্যাশনাল গার্ড। মনে করা হচ্ছে, অভিষেকের দিন ঘিরে ট্রাম্প সমর্থকসহ কট্টর ও উগ্রবাদী দলগুলো বড় ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করবে। ফলে আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর ও অস্থিতিশীল পরিস্থিতির কোনো প্রশমন হবে না বলেই মনে হয়।

আগামী সপ্তাহগুলোই নির্ধারণ করে দেবে, ট্রাম্পের উসকে দেওয়া উগ্রবাদ ও আতঙ্কের আবহ যুক্তরাষ্ট্রে কত দিন থাকবে। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তিনি উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের উসকে দিয়েছেন। এদের ঘরে ফেরানোর কাজটি কে করবে এবং কীভাবে করা হবে, তা এক বড় প্রশ্ন। এই গোষ্ঠীগুলোর সম্ভাব্য কার্যক্রম মোকাবিলা বাইডেনের প্রেসিডেন্সির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। বিশেষত করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে বিক্ষোভ ও সহিংসতার মোকাবিলা অন্য যেকোনো সময়ের চেয়ে কঠিন।

এই বিষয়ে জো বাইডেন এরই মধ্যে কথা বলেছেন। সিনেটর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই নাটকীয় প্রক্রিয়া যেন একটু দেরিতে শুরু করা হয়। কারণ, এটি তাঁর প্রেসিডেন্সির শুরুর দিনগুলোতে অতি জরুরি কাজগুলো করায় বাধা হয়ে দাঁড়াবে। বিশেষত করোনা মোকাবিলায় এর টিকা বিতরণ কর্মসূচিকে আরও বেগবান করতে তিনি মনোযোগ দিতে চান। একই সঙ্গে ট্রাম্প যে মিথ্যা ও অর্ধসত্যের জগতে নিয়ে গেছেন মার্কিনদের, তা থেকে বের করে আনার লড়াইটাও করতে হবে। বিভাজনের বদলে ঐক্য স্থাপন করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে, ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়াটিও আবার বেশি পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। এতে বাইডেনের সঙ্গে ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের দূরত্ব বাড়ার আশঙ্কা রয়েছে। তাঁরা চাইছেন, বাইডেন ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যেই যেন প্রক্রিয়াটি শুরু করা যায়। এই চাওয়ার পেছনে যুক্তিও আছে। ক্যাপিটল হামলার ভয়াবহতার রেশ যত অতীত হবে, রিপাবলিকানদের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ তত বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিধি পরিষদে ১০ রিপাবলিকান সদস্য গোঁড়া সমর্থকদের শত হামলার হুমকি উপেক্ষা করে ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন। দ্রুত পদক্ষেপ না নিলে এই সমর্থনও হারাতে হতে পারে। ফলে অভিশংসনের মাধ্যমে ট্রাম্পের ভবিষ্যৎ প্রার্থিতা বারিত করার যে সম্ভাবনা, তা মিলিয়ে যেতে পারে।

এ ক্ষেত্রে ভাবি ডেমোক্রেটিক প্রশাসনের হাতেও অস্ত্র আছে। আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত জীবনে ফিরে যাবেন। ফলে এত দিন যেসব অপরাধ থেকে প্রেসিডেন্সি তাঁকে সুরক্ষা দিয়েছে, তা আর থাকবে না। ক্ষমতা হস্তান্তরের পরপরই তাঁকে অসংখ্য মামলার প্রস্তুতি নিতে হবে। থাকবে আরও চ্যালেঞ্জ। এরই মধ্যে রিপাবলিকান দলে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের পেছন থেকে দাতাগোষ্ঠী সরে যেতে শুরু করেছে। ট্রাম্প ক্ষমতা হারানোর পর এই দলে আরও অনেকে যোগ দিতে পারে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তো এরই মধ্যে ট্রাম্পবিরোধী নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। এটি অভাবিত মাত্রায় গেলে বিস্ময়ের কিছু থাকবে না। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া ট্রাম্পকে কল্পনা করাটা সত্যিই কঠিন। এখন সেই কঠিন বিষয়টিই ঘটতে দেখছে মানুষ। ট্রাম্প নিজে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন এরই মধ্যে। বাকি থাকল প্রচলিত সংবাদমাধ্যম, যাকে নানাভাবেই চটিয়ে দিয়েছেন ট্রাম্প। এমনকি ফক্স নিউজের সাম্প্রতিক কর্মকাণ্ড বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি তাদের মোহভঙ্গ হয়েছে। এতে করে ট্রাম্প ও তাঁর সমর্থকগোষ্ঠী আরও কট্টর রক্ষণশীল তথ্যমাধ্যমের দিকে ঝুঁকে পড়তে পারে, যা রিপাবলিকান দলকে ভয়াবহ বিপাকে ফেলবে। একই সঙ্গে তহবিল সংকট, সমর্থক গোষ্ঠীর মধ্যে মেরুকরণ ও বিভাজন ইত্যাদি মোকাবিলা করতে হবে। আর ভাবমূর্তির সংকট তো রয়েছেই।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু তিনি থেকে যাচ্ছেন আরও অনেক দিন ক্ষমতার আশপাশে। জো বাইডেনের প্রশাসন ও রিপাবলিকান দল—উভয়কেই তিনি রেখে যাচ্ছেন এক মহাসংকটের মধ্যে। বাইডেন সিনেটের কাছে মহামারি মোকাবিলা সম্পর্কিত বিষয় যেন চালু থাকে, সে অনুরোধ করেছেন এরই মধ্যে। এই অনুরোধ থেকেই যুক্তরাষ্ট্রের ভাবি প্রশাসনের নাচার দশাটি বোঝা যাচ্ছে। রিপাবলিকান দলের অবস্থাও একই বলা যায়। দলটির নিয়ন্ত্রণ, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির দায় নিজেদের কাঁধে নেওয়া-না নেওয়া ইত্যাদির দোলাচল নিয়ে চলতে হবে দলটিকে, যেখানে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে সমর্থক ভিত না হারানো।