রাজনীতির চেয়ে নিজেকে বড় করে তুলেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন ম্যাককেইন।
জন ম্যাককেইন।

আমেরিকায় ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক দলের হয়ে লড়ছেন একজন কৃষ্ণাঙ্গ বারাক হোসেইন ওবামা। রিপাবলিকান দলের প্রার্থী রাজনীতির তারকা প্রার্থী জন ম্যাককেইন। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান রক্ষণশীলদের টানা আক্রমণের শিকার হচ্ছিলেন বারাক ওবামা। টান টান উত্তেজনা চারদিকে।

জন ম্যাককেইন মিনেসোটার এক নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন। কথা বলছিলেন সমর্থকদের সঙ্গে। এগিয়ে এলেন এক শ্বেতাঙ্গ নারী। মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, তিনি বারাক ওবামাকে বিশ্বাস করতে পারছেন না। ওবামা একজন আরব...।

জন ম্যাককেইন দ্রুত ওই নারীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন। তাঁর চেহারায় রাগ ছিল স্পষ্ট। সামলে নিয়ে বললেন, ‘না মেম, বারাক ওবামা একজন সজ্জন পারিবারিক মানুষ, এ দেশের নাগরিক। ঘটনাচক্রে তাঁর (ওবামা) সঙ্গে কিছু মৌলিক বিষয়ে আমার মতের অমিল রয়েছে। এই নির্বাচনী প্রচারাভিযান, এসব মতপার্থক্য নিয়েই। তিনি (ওবামা) আরবের মানুষ নন!’

যখন প্রতিপক্ষ প্রার্থী বারাক ওবামাকে নিয়ে ম্যাককেইন এমন বলছিলেন, তখন রক্ষণশীলদের প্রচারণা ছিল তুঙ্গে। ওবামার জন্মসনদ এমনকি তাঁর ধর্মবিশ্বাস নিয়ে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত রক্ষণশীল রিপাবলিকান সমর্থকেরা অসন্তুষ্ট হলেও জন ম্যাককেইন তাঁর বক্তব্যে ছিলেন অবিচল।

এমনই বহুভাবে আমেরিকার সাম্প্রতিক সময়ের এই বিরল রাজনীতিবিদ রাজনীতির চেয়ে নিজেকে বড় করে তুলতে পেরেছিলেন। এসব কথা স্মরণ করে আমেরিকার মানুষের বিলাপে আর ভালোবাসায় উচ্চারিত হচ্ছে জন ম্যাককেইনের নাম। দুরারোগ্য ক্যানসারে ভোগে ২৫ আগস্ট তিনি মারা যান।

ম্যাককেইনের মৃত্যুর পর হোয়াইট হাউস থেকে একটি প্রশংসাসূচক শোকবার্তা দিতেও কুণ্ঠিত বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সেই ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মসনদ খুঁজেছিলেন। সন্দেহ প্রকাশ করেছিলেন, ওবামা জন্মসূত্রে আমেরিকার নাগরিক কি না। মুসলমান, আরব আর কৃষ্ণাঙ্গ বলে নানা বক্তব্য দিয়ে রাজনীতির মাঠ গরম রেখেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
উগ্র শ্বেতাঙ্গ আর রক্ষণশীলদের সন্তুষ্ট করতে ট্রাম্পের এমন বক্তব্য অনেক সময় রাজনীতির শিষ্টাচার ছাড়িয়ে গিয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের নায়ক সিনেটর জন ম্যাককেইনকে নিয়েও নানা সময় বিদ্রূপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাজনীতির এমন এক জটিল সময়ে জন ম্যাককেইনকে আমেরিকার মানুষ শ্রদ্ধা আর ভালোবাসায় অন্তিম বিদায় জানাচ্ছে। ভালোবাসা আর ব্যথিত হৃদয়ে স্মরণ করছে রাজনীতির চেয়েও বড় এক রাজনীতিবিদকে।