রাজনীতির মাঠে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পরিবেশ ইস্যু

ক্রিস্টালিনা জর্জিয়েবা ২০১৯ সালের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। খুব অল্প সময়েই পরিবেশবাদীদের প্রিয়পাত্র হন তিনি। হওয়ারই কথা। কারণ, ছেষট্টি বছর বয়সী এ নারীর পড়াশোনার বিষয় ছিল পরিবেশ অর্থনীতি। জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত গবেষণায়। তাই জর্জিয়েবা ভালো করেই জানেন যে, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র উন্নয়নশীল দেশ ও উপকূলীয় অঞ্চলেই জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা ইত্যাদি ধ্বংসাত্মক কর্মকাণ্ড ডেকে আনবে না, উন্নত দেশের অর্থনীতিতেও বিপর্যয় ডেকে আনবে। সাদামাটাভাবে বলতে গেলে বিশ্বায়নের এ যুগে পরিবেশের অবনতি বা জলবায়ু পরিবর্তন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের পথে এক বিরাট অন্তরায় হয়ে দাঁড়াবে। নিজের এ আশঙ্কার কথা তিনি অত্যন্ত খোলামেলাভাবে ব্যক্ত করেছেন গত মাসে সুইজারল্যান্ডর দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে।
জর্জিয়েবার মতে, সম্প্রতি বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও অর্থনীতিবিদদের মধ্যে জলবায়ু পরিবর্তন ইস্যুতে অত্যন্ত ইতিবাচক পরিবর্তন ও জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। তাই এ বিষয়ে মনোভাব পরিবর্তনের লক্ষ্যে এখনই সবচেয়ে ভালো সুযোগ। অনেক দেশেই নেতা ও নীতিপ্রণেতাগণ জীবাশ্ম জ্বালানি উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহারে কোটি কোটি টাকা বিনিয়োগ করে যে বোকামি করছেন, তার মূল্য অদূর ভবিষ্যতেই চোকাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তেল খনিগুলো ধ্বংস হয়ে যাবে। একই কারণে নিম্নাঞ্চল, তথা উপকূলীয় অঞ্চলে নির্মিত দালানকোঠা, শিল্পকারখানা ও অন্যান্য স্থাপনা পানিতে নিমজ্জিত হয়ে যাবে।
আইএমএফ প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন যে, বিনিয়োগকারীরা জলবায়ু পরিবর্তনকে বিবেচনায় নিয়ে শিল্প কারখানা, ব্যবসা, নির্মাণ পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। জর্জিয়েবা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন ট্যাক্স আরোপের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেছেন। যে দেশ যত বেশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিশ্বের তাপমাত্রা বাড়িয়ে তুলছে, তারা এ ক্ষেত্রে তত বেশি ব্যয়ভার বহন করবে। বড় বড় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা প্রতি বছর জীবাশ্ম জ্বালানির অনুসন্ধান, এর খনি খনন ও এর সম্প্রসারণে হাজার হাজার কোটি ডলার লগ্নি করছে। সরকারি অর্থায়নের পরিমাণও বিপুল। আইএমএফের তথ্যমতে, এ অর্থের পরিমাণ পাঁচ ট্রিলিয়ন ডলারের মতো।
আশার কথা, দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বিনিয়োগকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান জলবায়ু পরিবর্তন ইস্যুতে ইতিবাচকভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলন শুরুর কয়েক দিন আগেই বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাসেট ম্যানেজার ‘ব্ল্যাকরক’ ঘোষণা দেয় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত এবং এ জন্য প্রতিষ্ঠানটি বিনিয়োগ তথা ঋণদান নীতিমালা ও কৌশলে পরিবর্তন আনবে। মাইক্রোসফটও কার্বন-নেগেটিভ কার্যক্রম নেবে বলে ঘোষণা দিয়েছে। এর ফলও পাচ্ছে প্রতিষ্ঠানগুলো। কার্বন নিঃসরণ রোধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ২০৫০ সালের মধ্যে শূন্য-নিঃসরণ নীতি ঘোষণার কিছুদিনের মধ্যেই ‘নেট-জিরো অ্যাসেট ওনার্স অ্যালায়েন্স’-এর মূলধনের মুদ্রামান বেড়ে ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
জলবায়ু পরিবর্তন বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত রাজনীতিকে জোরালো অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা যায়। সারা বিশ্বেই ‘গ্রিন’ রাজনীতির রমরমা সময় এখন। ইউরোপে এ অবস্থা বেশ লক্ষণীয়। সর্বশেষ গ্রিসেও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে গ্রিন পার্টি পার্লামেন্টে আসন পেয়ে নিউ ডেমোক্রেটিক পার্টিকে ক্ষমতায় আনতে অবদান রেখেছে। ইতিমধ্যেই দেশটির প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন। জার্মানি, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রিয়া, হল্যান্ড, আইসল্যান্ড সর্বত্রই সবুজ অর্থনীতিকে সামনে রেখে রাজনীতি করা দলগুলো ভালো অবস্থানে। আফ্রিকার বিভিন্ন দেশেও জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশবান্ধব সরকার, উন্নয়ন সংস্থা ও এনজিও একসঙ্গে কাজ করছে।
আমেরিকার আসন্ন নির্বাচনে জলবায়ু পরিবর্তনকে একটি প্রধান ইস্যু হিসেবে ডেমোক্রেটিক দলের সব প্রার্থীই নির্বাচনী প্রতিশ্রুতিতে স্থান পেয়েছে। ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ‘গ্রিন নিউ ডিল’ নিয়ে রাজনীতির মাঠে নামার পর থেকেই অনেকেই বিষয়টিকে সবিশেষ প্রাধান্য দিচ্ছেন। বার্নি স্যান্ডার্সসহ সব প্রেসিডেন্ট পদপ্রার্থীরাই জলবায়ু পরিবর্তনকে নির্বাচনী এজেন্ডায় অন্তর্ভুক্ত করেছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মোট ভোটারদের ৮১ শতাংশ (রিপাবলিকান কট্টরপন্থীদের ৫৭ শতাংশসহ) জলবায়ু পরিবর্তন ঘিরে হওয়া আন্দোলনকে সমর্থন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই জলবায়ু পরিবর্তন ধারণার কট্টর বিরোধী।
বৈশ্বিক অঙ্গনে তরুণ ও যুবশক্তি সুইডেনের ষোলো বছর বয়সী গ্রেটা থানবার্গ যে আন্দোলন শুরু করেছিলেন গত বছরের ১৫ মার্চ, তা আজ বিস্তৃত ও বেগবান হয়ে এক আপসহীন আন্দোলনের রূপ নিয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যের শক্তি আজ অপ্রতিরোধ্য। এর ঢেউ বিশ্বের সব দেশেই কমবেশি পড়েছে। বাংলাদেশেও সম্প্রতি গ্রিন পার্টির ব্যানারে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছে যৌথভাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। বেন সভাপতি ড. নজরুল ইসলাম, বাপা সভাপতি সুলতানা কামাল ও সাধারণ সম্পাদক জামিল নজরুল গত ৪ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ন্যাশনাল আওয়ামী পার্টির পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশ পরিবেশ আইনজীবী অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ এ অধিবেশনে উপস্থিত ছিলেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ী করে বক্তারা গ্রিন পার্টি গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন সেখানে। ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক শক্তি হিসেবে গ্রিন পার্টির আবির্ভাব ও সাফল্যের ইতিহাস তুলে ধরে ড. নজরুল বাংলাদেশেও এর উজ্জ্বল সম্ভাবনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে বলতে হয়, জলবায়ু পরিবর্তন বিষয়টির গুরুত্ব যেন ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি যাওয়ার রাজনীতিতে পর্যবসিত না হয়—এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। চাপ সৃষ্টিকারী দল হিসেবে গ্রিন পার্টির যথার্থতা রয়েছে। কিন্তু রাজনীতির লেবাসে যেন জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্দোলন গৌণ না হয়ে যায়।