রাজনীতির সিলেট অঞ্চলের কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগে থেকেই ইনস্যুরেন্স অফিসে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। প্রতিদিন সকালে দেশের দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো নিয়মিত দেখার চেষ্টা করি। টকশো দেখে ১১টায় বেরিয়ে ইনস্যুরেন্স অফিসে যাই। আমার আগে বেশ কয়েকজন লাইনে অপেক্ষা করছিলেন। তাই সময় কাটানোর জন্য ফোনে ফেসবুক ওপেন করেছি মাত্র। খুলতেই চোখে পড়ে, ঢাকা থেকে বন্ধু তবারক হোসেনের পোস্টিং। শ্রদ্ধেয় গুলজার ভাই আর নেই। তাৎক্ষণিক ফোন করলাম বন্ধু তবারককে। বললেন, রোববারে ভাবি মারা গেছেন। সম্ভবত ভাবির শোক সইতে না পেরে (তিনিও অসুস্থ ছিলেন) হার্টঅ্যাটাকে তিনিও আজ সকাল ১১.৫৫ মিনিটে চলে গেছেন। তখনই লন্ডন থেকে অনুজ প্রতিম রকিবের ফোন। ঢাকা ও সিলেট থেকে একটার পর একটা ফোন। সকলেরই গলা জড়িয়ে যাচ্ছে আবেগ ও কান্নায়। তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমারও একই অবস্থা। নিউইয়র্ক থেকে ফোন করেছেন অনুজ প্রতিম সাংবাদিক বন্ধু ইব্রাহীম চৌধুরী ও শাহাবুদ্দিন আহমেদ।
কথা হয় গুলজার ভাইয়ের এলাকার তাঁর অনুসারী তোফায়েল চৌধুরীর সঙ্গে। সাংবাদিক মাহবুব খবর শুনে শোকে–দুঃখে মুহ্যমান। ডালাস থেকে ওদুদ চৌধুরী ফোন করে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। ফোন করেন গুলজারের এক সময়ের সহযোদ্ধা ও বন্ধু মরহুম আবদুল লতিফ সরদারের স্ত্রী বিলকিস। বিলকিস ছিলেন ছাত্র ইউনিয়নের নেত্রী। আরও ফোন করেন এক সময়ের সাংবাদিক ও ন্যাপ নেতা বাহাউদ্দিন। বললেন, গুলজারের আগে আমারই তো যাওয়ার কথা। অথচ চলে গেলেন গুলজার। সিলেটে কথা হয় লজু, সৈয়দ মোস্তফা কামাল ও মনিরুজ্জামানের সঙ্গে। কথা হয় গুলজারের সহকর্মী বন্ধু ইকবাল আহমেদ চৌধুরীর সঙ্গে। বললেন, আমাকে একা ফেলে চলে গেল গুলজার।
আবদুল জহির চৌধুরী সুফিয়ান, শামসুল আলম চৌধুরী, আবদুল লতিফ সরদার, আ ফ ম কামাল, ইকবাল আহমদ চৌধুরী ছিলেন একে অপরের হরিহর আত্ম ছিলেন। বয়সের দিক থেকে গুলজার ছিলেন সবার অগ্রজ। সবাই আজ স্মৃতির পাতায়। একমাত্র ইকবাল চৌধুরী জীবিত আছেন। তাও অসুস্থতা নিয়ে।
চলে আসি বাসায়। গুলজার ও ভাবির সঙ্গে স্ত্রীর সম্পর্কও ছিল গভীর শ্রদ্ধার। হার্টের রোগী, তাই ফোন করে জানাইনি। আসার পর বিমর্ষ দেখে জিজ্ঞেস করল, শরীর খারাপ করেছে নাকি? খবরটি দেওয়ার আগেই আবেগ ধরে রাখতে পারিনি। কান্নাজড়িত কণ্ঠে বললাম, গুলজার ভাই ও ভাবি দুজনই পর পর দুদিনের মধ্যে মারা গেছেন। শুনে আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি। দুজনে কিছুক্ষণ স্মৃতিচারণ করে করে স্বাভাবিক হতে চেষ্টা করি। মাঝে–মধ্যে নানাজনের ফোন আবার আবেগাপ্লুত করে দেয়। এভাবে সারা দিন কাটালাম।
গুলজারের সঙ্গে সম্পর্ক ষাটের দশকের শুরু থেকে। গুলজার আহমদ ছিলেন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার বৃহত্তর সিলেট ছাত্র ইউনিয়নের কিংবদন্তি নেতা। ১৯৬৭ সালে ন্যাপের সঙ্গে যুক্ত হওয়ার পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। জেলা ন্যাপের সেক্রেটারি তখন আরেক কিংবদন্তি কৃষক নেতা তারা মিয়া (তারা ভাই)। গুলজার আহমদ ছিলেন সাংগঠনিক সম্পাদক, তখনো ছাত্রত্ব শেষ হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র। মোজাফফর আহমদের নেতৃত্বে দ্বিধাবিভক্ত ন্যাপ পুনর্গঠন চলছে। ছাত্র ইউনিয়নের কর্মীরাই গ্রামেগঞ্জে ন্যাপকে দাঁড় করানোর কাজে বেশি সক্রিয়।
সুনামগঞ্জ, দিরাই, শাল্লা করুণাসিন্ধু রায়, বরুণ রায়, রোহিনী দাসের গড়া বাম প্রগতিশীল রাজনীতির সূতিকাগার। তাদের হাত ধরে গড়ে ওঠা গুলজার আহমদের রাজনীতি। তাদের প্রায়ই আত্মগোপনে ও জেলে থাকতে হয়। গুলজার আহমেদ তাদের নির্দেশ ও পরামর্শে এলাকায় প্রকাশ্য রাজনীতি বেগবান রাখেন। তাদের অনুপস্থিতিতে এলাকার জনগণের মাঝে গুলজার হয়ে ওঠেন আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব।
১৯৬৭ সালে আমার প্রথম সুনামগঞ্জে যাওয়া। তখনই তার জনপ্রিয়তা দেখে মুগ্ধ হয়েছি। সুনামগঞ্জের জগন্নাথপুরে ন্যাপের সাংগঠনিক কর্মসূচি। সিলেট থেকে সদলবলে গেছি তারা ভাই, গুলজার ভাই, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন নেতা গোলাম রব্বানী, ছাতকের শ্রমিক নেতা মানিক মিয়া (তখনো শ্রমিক নেতা হননি, ছিলেন ছাত্রনেতা) এবং আমি। উঠেছি সৈয়দপুরে। সৈয়দ আমিরুল ইসলাম তখন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তারও বাড়ি সৈয়দপুর। দুঃখের বিষয়, সেদিন জগন্নাথপুর যাওয়া ব্যক্তিদের কেউই আজ জীবিত নেই। পরে একসময়ে এই গ্রামের নারীই হয়েছিলেন গুলজারের সহধর্মিণী। সৈয়দপুর জগন্নাথপুর থানায় শিক্ষা-দীক্ষায় সবচেয়ে অগ্রসরমাণ গ্রাম। এই গ্রামে সব পরিবারেরইকেউ না কেউ লন্ডনপ্রবাসী।
রাতে সৈয়দ আবদুল হান্নান বিরাট দলবল নিয়ে ন্যাপে যোগ দেন। পরদিন জগন্নাথপুর থানা সদরে ন্যাপের জনসভা। সর্বত্র পানি থইথই করছে। দূর থেকে দেখে মনে হয় গ্রামগুলো যেন পানিতে ভাসছে। নৌকা হলো একমাত্র বাহন। দুপুরে আমরা বাজারে পৌঁছে গেছি। গ্রাম থেকে বিচ্ছিন্ন দ্বীপের মতো থানা সদরে জনসভা। আশপাশের গ্রাম থেকে শ পাঁচেক লোক জড়ো হয়েছেন। বেশির ভাগ এসেছেন তাদের প্রিয় নেতা গুলজারকে দেখতে। তিনি যখন মঞ্চে উঠেছেন, করতালি আর করতালি। মনে হয়েছে, তিনি যেন সুনামগঞ্জের কিংবদন্তি নেতা বরুণ রায়ের সুযোগ্য উত্তরসুরী। ’৭৩ সালের সাধারণ নির্বাচনে এই জগন্নাথপুরে তিনি প্রার্থী ছিলেন। মনে আছে, গুলজারকে নিজের পকেট থেকে একটি কপর্দকও ব্যয় করতে হয়নি। বরং নির্বাচনের পর এলাকার সুহৃদ ও শুভানুধ্যায়ীরা পকেট ভরে অর্থ উপহার দিয়েছিলেন। এই ছিল সুনামগঞ্জে তাঁর জনপ্রিয়তা।
’৬৮/’৬৯-এর গণ-আন্দোলনে একসঙ্গে কাজ করেছি। সত্তরে তার মাধ্যমেই আমার পার্টির সদস্যপদ লাভ। সত্তরের সাধারণ নির্বাচনে গুলজার দিরাই-শাল্লা-জগন্নাথপুর এলাকায় জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর সিলেটে নেতৃত্ব দিয়েছেন গণ-আন্দোলন ও অসহযোগ আন্দোলনে।
মুক্তিযুদ্ধের প্রথম দিকে গুলজারসহ আমরা ন্যাপের অনেকেই ছিলাম আসামের করিমগঞ্জে পার্টির ক্যাম্প হিন্দি স্কুলে। জুনের শেষে বিভিন্ন সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধা ইয়ুথ ক্যাম্প গড়ে ওঠে। গুলজার ভাই ও আমাকে পাঠিয়ে দেওয়া হয় মেঘালয়ের নাছাইন ইয়ুথ ক্যাম্পে। গুলজার ছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্যাম্প অ্যাডমিনিস্ট্রেটর। ভারত সরকারের পক্ষ ছিলেন ক্যাপ্টেন অশোক মেহতা। আমি ছিলাম রিক্রুটিং ইনচার্জ। ইনস্ট্রাক্টর হিসেবে আরও ছিলেন ছাত্র ইউনিয়ন নেতা আফতাব, জামিরুল ইসলাম, ফরিদ হায়দার চৌধুরী। এরা সবাই আজ স্মৃতি।
স্বাধীনতার পর ’৭২ সালে জেলা ন্যাপের প্রথম সম্মেলন। তখনো সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার বৃহত্তর জেলার অন্তর্ভুক্ত। আবদুল হামিদ সভাপতি ও গুলজার হন সাধারণ সম্পাদক। আমি ছিলাম দপ্তর সম্পাদক। গুলজার আহমদ, রওনক আহমদ চৌধুরী, সৈয়দ মোস্তফা কামাল ও আমি ছিলাম সাংগঠনিক সার্বক্ষণিক কর্মী। বাকশাল হওয়ার আগ পর্যন্ত এই কমিটি জেলা ন্যাপের কার্মকাণ্ড পরিচালনা করে।
বন্ধু তবারক যথার্থই লিখেছেন, গুলজার আহমদ ছিলেন ষাটের দশকের এক ডাকসাইটে ছাত্রনেতা। পরবর্তীকালে হয়ে উঠেছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী খ্যাতিমান জননেতা। হ্যাঁ, গুলজারকে আমরা গুলজার ভাই বলেই ডাকতাম। আসলে দলমত নির্বিশেষে সব ছাত্রের তিনি ছিলেন ‘গুলজার ভাই’।
গুলজার আহমদ জন্মেছিলেন সুনামগঞ্জের দিরাই থানার হাতিয়া গ্রামে। শৈশবেই এলাকার প্রগতিশীল রাজনীতি তাকে আকৃষ্ট করে। তাই শৈশবেই জড়িয়ে পড়েন রাজনীতির সঙ্গে। পেছনে শক্তি, সাহস ও পরামর্শের জোগান দেন নিষিদ্ধঘোষিত ও আত্মগোপনকারী দলের নেতারা। অল্প সময়েই চলে আসেন সুনামগঞ্জ আওয়ামী লীগের নেতৃত্বে। তার আগে যুক্ত হন গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে। উল্লেখ্য, প্রগতিশীল দলগুলো তখন নিষিদ্ধ ছিল। কৌশল হিসেবে বাম প্রগতিশীল অনেকেই আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতি করেন। রাজনীতিতে জড়িত থাকলেও পার্টির নির্দেশে প্রাইভেট পরীক্ষা দিয়ে মেট্রিক ও পরে সুনামগঞ্জ কলেজ থেকে আইএ পাশ করেন।
‘৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারির পর প্রথমে গুলজার আত্মগোপনে চলে যান এবং পরে পার্টির নির্দেশে সিলেটে আসেন। সিলেটে এসে এমসি কলেজে বিএ ভর্তি হন। সামরিক শাসন জারির কারণে তখন ছাত্র রাজনীতি বন্ধ ছিল। কিন্তু ছাত্ররা বিভিন্ন নামে সংগঠিত হতে থাকেন। ছাত্র ইউনিয়নের সদস্য ও অনুসারীরা ‘প্রোগ্রেসিভ’ নাম নিয়ে সংগঠিত হতে থাকেন। গুলজার আহমদের নেতৃত্বে অল্প দিনের মধ্যে ‘প্রোগ্রেসিভ’ নামের সংগঠন ছাত্রদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। প্রোগ্রেসিভ-এর প্রতিদ্বন্দ্বী ছিল ‘অগ্রগামী’ নামে অন্য একটি সংগঠন। কিন্তু প্রোগ্রেসিভের ন্যায় ছাত্রদের মাঝে জনপ্রিয় ছিল না। অন্যদিকে সামরিক শাসনের কারণে ছাত্র রাজনীতি বন্ধ থাকলেও ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতো। এমনি এক নির্বাচনে গুলজার আহমদের নেতৃত্বে ‘প্রোগ্রেসিভ’-এর যাত্রা যখন এগিয়ে চলেছে, তখন প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ কর্মীরা হার নিশ্চিত জেনে তার ওপর আক্রমণ চালায়। রক্তাক্ত অবস্থায় তাকে টিলার ওপর থেকে নিচে ফেলে দেয়। এই খবর ছড়িয়ে পড়লে ছাত্র ইউনিয়নের সদস্যরা প্রতিশোধ নিতে প্রস্তুতি নিলে তিনি সহকর্মীদের নিষেধ করেন। এমনকি কলেজ কর্তৃপক্ষ হামলাকারীদের নাম জানতে চাইলে চিনতে পারেননি বলে জানান। প্রতিশোধ নিতে নিবৃত্ত থাকার এই আহ্বানে সাধারণ ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে কলেজে ফিরে এলে অনুসারীর সংখ্যা বেড়ে যায়। এমনকি যারা আঘাত করেছিল, তারা অনুতপ্ত হয়, অনেকে তাঁর অনুসারী হয়ে যায়।
ছাত্র ইউনিয়নকে সংগঠিত করার পেছনে অন্যতম ও প্রধান নায়ক ছিলেন গুলজার। আইয়ুববিরোধী আন্দোলনের ভেতর দিয়ে ’৫৮ সালে পুনর্গঠিত ছাত্র ইউনিয়নের সভাপতি হন তৎকালীন সিলেট মেডিকেল কলেজের ছাত্র মোহাম্মদ মহসিন ও সাধারণ সম্পাদক হন গুলজার। স্বাধীনতার পর ডা. মহসিন সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় সপরিবারে মারা যান। তাদের নেতৃত্বে তৎকালীন বৃহত্তর সিলেট জেলায় ছাত্র ইউনিয়ন হয়ে উঠেছিল এক অপ্রতিদ্বন্দ্বী সংগঠন। পরের বছর সভাপতি হন গুলজার আহমদ ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন জাকারিয়া (মৃত)। বাহাউদ্দিন পরে মদন মোহন কলেজে অধ্যাপনা করেন। গুলজারের নেতৃত্বে পুরো জেলায় ছাত্র ইউনিয়নের জয়জয়কার।
’৬২ সালে প্রতিক্রিয়াশীল শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পেছনেও গুলজার আহমদের নাম উল্লেখযোগ্য। তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম নায়ক। যে কয়টি আন্দোলন আইয়ুবের সামরিক তক্ত কাঁপিয়ে তুলেছিল, শিক্ষা আন্দোলন ছিল অন্যতম। ছাত্র আন্দোলন ও ছাত্র ইউনিয়নকে সংগঠিত করার কাজে ব্যাপৃত থাকায় যথাসময়ে বিএ পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। একই সমস্যায় পড়েছিলেন সহকর্মী রফিকুর রাহমান ও বন্ধু গোপাল দাস। পরে ছাত্র ইউনিয়নের দায়িত্ব অন্যদের হাতে দিয়ে বরিশাল বিএম কলেজ থেকে তিনজন বিএ পাশ করেছিলেন।
গুলজার সিলেট ছাত্র ইউনিয়নের নেতৃত্ব থাকলেও কেন্দ্রসহ সর্বত্র ছিল তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। তিনি সর্বত্র ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাভাজন ও বরণীয় নেতা হিসেবে গণ্য হতেন। ১৯৬৫ সালে কেন্দ্রীয় জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তারই সভাপতিত্বে মতিয়া চৌধুরী সভাপতি এবং সাইফুদ্দিন আহমদ মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
’৭৩ সালে জগন্নাথপুর এলাকা থেকে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করেন। বাকশাল গঠিত হলে তিনি বাকশালে যোগ দেন এবং জেলা অ্যাসিসটেন্স গভর্নর নির্বাচিত হয়েছিলেন। পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যার পর সিলেট জেলা ন্যাপের সহসভাপতি আবদুল জহির চৌধুরী, কোষাধ্যক্ষ দেওয়ান গোলাম কিবরিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক গুলজারকে গ্রেপ্তার করা হয়। একই দিন গভীর রাতে আমার বাসায়ও পুলিশ অভিযান চালায়। কিন্তু সন্ধ্যায় পাড়ার সহকর্মী বন্ধু কানন পালের বিয়ের বরযাত্রী হয়ে হবিগঞ্জ চলে যাওয়ায় গ্রেপ্তার হইনি। পরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে শহরের কাষ্টঘরে সহকর্মী বন্ধু গোপালের বাসার দোতলায় এক বছর আত্মগোপনে কাটাতে হয়েছে।
জিয়াউর রহমানের এলএফও প্রত্যাহার করে প্রকাশ্যে রাজনীতির সুযোগ হলে গুলজার ন্যাপকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। কিন্তু ন্যাপে বিভক্তি দেখা দিলে গণতন্ত্রী পার্টি গঠিত হয়, তিনি এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসব ভাঙা গড়ার একপর্যায় ’৯৫ সালে গুলজার বিএনপিতে যোগ দেন। কিন্তু মতের, পথের ও নীতির মিল না হওয়ায় বছর খানিকের মধ্যে সরে আসেন। তারপর থেকে কোনো অজ্ঞাত কারণে লোকচক্ষুর অন্তরালে চলে যান। মৃত্যু পর্যন্ত অন্তরালেই কাটিয়েছেন। অনেকে মনে করেন, বিএনপিতে যাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। তাই রাজনীতি থেকে দূরে চলে গিয়েছিলেন। মাস ছয় আগে টেলিফোনে শেষ কথা হয়। তখন আলাপচারিতায় এমন আভাসই আমার কাছে ধরা পড়েছে।
বন্ধু তবারক ঠিকই বলেছেন, গুলজার আহমদ ছিলেন সিলেট জেলা ছাত্র ইউনিয়ন ও রাজনীতির এক বাতিঘর। প্রগতিশীল ছাত্র ও গণ-আন্দোলনের তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব ও সংগঠক। অফুরন্ত স্নেহ করতেন। বলতেন, বিশ্বাস, লোকে বলে অপ্রিয় সত্য কথা বলতে নেই। কিন্তু কখনো সত্য বলতে দ্বিধা করবে না। তার সেই উপদেশ বাণী আজও পালন করার চেষ্টা করি। আচার-আচরণে ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও বিনয়ী। ছিলেন নীতির প্রতি অবিচল। মানুষকে আপন করে নেওয়ার তার ছিল এক সম্মোহনী শক্তি। তাই সবার কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ’৬২ সালের শিক্ষা আন্দোলন, সামরিকবিরোধী আন্দোলন, ডাকের নেতৃত্বে ফাতেমা জিন্নাহর নির্বাচন, ৬ দফা ও ১১ দফার আন্দোলন, ’৬৮/’৬৯-এর গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনীতির এক কিংবদন্তি প্রাণপুরুষের মৃত্যুতে এক সংগ্রামী অধ্যায়ের অবসান হলো। আজীবন সততা ও নিষ্ঠার সঙ্গে আদর্শ বাস্তবায়নে অবিচল ও নিরলস থেকেছেন। তার প্রয়াণে গভীর শ্রদ্ধা ও শোক।