রাজনৈতিক ইফতার, সামাজিক ইফতার
ইফতার রমজান মাসের বহুল উচ্চারিত একটি শব্দ। এর মধ্য দিয়ে বছরের এগারো মাসের খাদ্যাভ্যাসে ঘটে ব্যতিক্রমী পরিবর্তন। পরিবর্তন কি শুধু খাবার দাবারে? প্রতিদিনের ছকবাঁধা জীবনেও আসে অনেক পরিবর্তন। এ মাসের ইবাদত-বন্দেগিতে যোগ হয় প্রয়োজনীয় আমল ও আদব। মাসের সেরা আকর্ষণ দুটো। একটি শেষরাতের সাহরি। অন্যটি নানা আইটেমের বৈচিত্র্যময় ইফতার। প্রবাসে ইফতার তৈরির সব উপকরণ সহলভ্য। সঙ্গে অনলাইন অথবা আত্মীয়স্বজনের মাধ্যমে পাওয়া যায় ইফতার তৈরির নানান রেসিপি। একটি আইটেমই শুধু সহজলভ্য নয়, আর তা হলো--সময়।
প্রবাসের জীবন ভীষণই গতিময়তা আর ব্যস্ততায় ভরা। পরিবারের সদস্যরা থাকেন দৌড়ের ওপর। অনেককেই চাকরির সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে হয়। এরই ফাঁকে সঠিক সময়সীমার মধ্যে সেরে নিতে হয় সংসারের নানা কাজ। পারিবারিক বলয়ের নানা কিসিমের নিয়ম রক্ষা করতে হয় প্রায়শ।
ইফতারে জড়িয়ে থাকে নানা নস্টালজিয়া। দেশে থাকার সময়ে পরিবারের প্রতিটি সদস্যের এক সঙ্গে বসে ইফতার খাওয়া ছিল স্বাভাবিক ব্যাপার। প্রবাসে সেই স্মৃতি সদাই পিছু ফেরে। সামর্থ্য অনুযায়ী আয়োজনের তারতম্য থাকলেও কিছু আইটেম প্রায় সব রোজাদারের পাতেই থাকতে দেখা যায়।
প্রবাসী গৃহকর্ত্রীর কাছে রোজার মাস আরও বেশি ব্যস্ততার মাস হয়ে দেখা দেয়। অতিরিক্ত বাজার করতে হয় তাঁকে। নানা জাতের শুকনো ফল, সঙ্গে ফলের রস কিংবা দামি শরবত সময় মতো কিনে রাখা। কোনো কিছুই গৃহিণীদের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
কেউ আবার প্রবাসে বয়স্ক পিতা মাতা নিয়ে থাকেন। তাঁদের ওপর স্বাভাবিক সময়ের চেয়ে বেশি নজরদারি রাখতে হয়। দেশে রোজা পালনে অভ্যস্ত পিতা-মাতারা এ রকমটাই চান। রোজার মাসে ইবাদত-বন্দেগি যেন একটু বেশি হয়। পরিবারের এসব দাবিদাওয়ার মূল সমন্বয়ক কিন্তু পরিবারের কর্ত্রী।
গৃহকর্ত্রী যদি চাকরজীবী হন তাহলে তাঁর চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি রমজান মাসের যাবতীয় আয়োজনের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। সপ্তাহের কাজের দিনে পরিবারের কর্তাসহ স্কুল-কলেজে পড়ুয়া সন্তানদের সময়সূচি থাকে ভিন্ন। অনেক সময়ই পরিবারের সকলকে নিয়ে একত্রে বসে ইফতারের আনন্দ লাভের সুযোগ হয় না।
মায়েদের মনে সুপ্ত বাসনা থাকে ফেলে আসা দেশের সামাজিক রীতির মতো পাড়া-প্রতিবেশীদের নিয়ে একসঙ্গে ইফতার করার। সকলের রুচি অনুযায়ী মা যেভাবে ইফতারি তৈরি করতেন প্রবাসের এই নিউইয়র্ক শহরের কর্মজীবী অথবা অকর্মজীবী মায়েরাও চান সেই আনন্দ পরিবারে ছড়িয়ে দিতে।
সপ্তাহে মাত্র দুটো দিন ছুটি পাওয়া যায়। তা-ও সপ্তাহের শেষ দিন, শনি ও রবিবার।
ছুটির দিন সামনে রেখে গৃহিণীদের থাকে নানা পরিকল্পনা। নানা জাতের মুখরোচক ইফতারি তৈরি করা বা পরিবারের সদস্যদের এবং স্বজনদের ইফতারে শামিল রাখার ইচ্ছে জাগরূক থাকে তাদের মনে। ইফতার পার্টি আজকাল আর শুধু পারিবারিক বিষয় নয়। এখন এটি বিরাট একটি সামাজিক মিলন উৎসবে পরিণত হয়েছে।
নিউইয়র্কে নানা সামাজিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন জাঁকজমক সহকারে ইফতার পার্টির আয়োজন করেন। তা ছাড়া সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ের কয়েক ডজন আঞ্চলিক সমিতির আয়োজনে হয় আরও অনেক ইফতার পার্টি। আবার এই নিউইয়র্কে দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও আয়োজন করেন ইফতার পার্টি।
অধিকাংশ ইফতার পার্টির উদ্যোক্তাদের আগ্রহ ও উৎসাহ ব্যাপক হলেও নানাবিধ বাস্তব কারণে শুধুমাত্র পুরুষ সদস্যরা উপস্থিত হন ব্যাপক হারে। মহিলা সদস্যদের দেখা যায় কমই। ক্ষেত্র বিশেষে জানা যায় সংসারের দায়িত্বের কারণে নারীরা নাকি আসতে উৎসাহী নন।
বেশির ভাগ ইফতারের আয়োজন হয় ছুটির দিনে। অনেক সময় গিন্নির অজান্তেই কর্তা কোনো সমিতি কিংবা সংগঠনের দাওয়াত কবুল করে বসে থাকেন।
গৃহিণীটি স্বামীসহ অন্যান্য সদস্যদের জন্য পুরো সপ্তাহ ধরে বাজার করে হয়তো ভাবছেন বিশেষ আইটেম দিয়ে জমজমাট ঘরোয়া ইফতারের আয়োজন করবেন। অথচ দেখা গেল গৃহকর্তাই অনুপস্থিত!
গৃহিণীর ছুটির দিনের এ পরিকল্পনা শুনে গৃহকর্তা প্রথমে খুশি হলেও পরে জানিয়ে দিলেন যে তিনি ঘরোয়া আয়োজনে উপস্থিত থাকতে পারছেন না। কারণ রাজনৈতিক সংগঠন বা আঞ্চলিক সংগঠনের দাওয়াতে অংশ নিতেই হবে তাঁকে। সংগঠনের বিশেষ পদবীধারীরা উপস্থিত হতে না পারলে তাঁদের মান সম্মান রক্ষা করা কঠিন। সবাই হয়তো ভাববেন তিনি সংগঠনকে অবহেলা বা উপেক্ষা করছেন। এই ফাঁকে তাঁর সংগঠনের নেতৃত্বে আসতে পারে চরম হুমকি।
সুতরাং গৃহিণীর সপ্তাহব্যাপী যত্ন করে আয়োজন করা ঘরের ইফতারে অংশ না নিয়ে কিনা গৃহকর্তা যোগ দিলেন সমাজের প্রয়োজনীয় ‘মহৎ’ কাজে।
এই ভেবে তিনি হয়তো একটু সান্ত্বনা পেলেন যে সমাজের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে তাঁর! নিজের পরিবারের জন্য সময় না ব্যয় করে তা ব্যয় করলেন সামাজিক কর্মকাণ্ডে।
এদিকে স্ত্রী স্বামীকে ছাড়াই বসলেন দু ডজনেরও অধিক আইটেম সংবলিত মজাদার সব ইফতারি সামগ্রী সাজানো টেবিলে। পরিবারের বাকিদের নিয়ে বসলেন। শুধু উপস্থিত নেই তিনি যাঁর জন্য মূলত এই সব আয়োজন। মনের পর্দায় ভেসে উঠল দেশে রেখে আসা আপন পিতা-মাতা ভাই-বোন আর প্রতিবেশীদের নিয়ে ইফতার গ্রহণের মধুর স্মৃতি। ভাবতে লাগলেন এই ব্যস্ত নিউইয়র্ক শহরে গৃহিণীরা কি ইফতার টেবিলে আজকাল বড্ড একা!