রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধারা অসম্মানিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরেরা
মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু-কিশোরেরা

নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৪৮ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণীত হয়নি। উল্টো রাজাকারের বিতর্কিত তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে ২২ ডিসেম্বর রাতে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং পার্টি হলে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর পরিবেশের এ আয়োজনে ছিল শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

সংগঠনের সভাপতি আবদুল হাসিম হাসনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সহসভাপতি সাখাওয়াত আলী, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান ও বিপার এ্যানি ফেরদৌস। অনুষ্ঠানে কবি হাবিব ফয়েজি কবিতা আবৃত্তি করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও বিজয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মাকসুদা আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান, কার্যকরী সদস্য মামুন রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরেরা বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করে। পরে শিশু-কিশোরেরা মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের প্ল্যাক ও সার্টিফিকেট এবং অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।

কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের জন্মদিন পালন করা হয়।