রাজীব চৌধুরীর বিজয় দিবসের গান ‘এক মুঠো দেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজীব চৌধুরীর গানের সিডি

বিজয় দিবসের দিন মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী রাজীব চৌধুরীর গান ‘এক মুঠো দেশ’। গানটির কথা লিখেছেন ফারিনা মাহমুদ ও সুর করেছেন রাজীব চৌধুরী।

দেশাত্মবোধক এই গান করার ইচ্ছা সম্পর্কে জানতে চাইলে রাজীব চৌধুরী বলেন, ‘আমার তো মনে হয় সব শিল্পীরই মনের মধ্যে একটা ইচ্ছা থাকে অন্তত একটা হলেও দেশের গান করার। আমিও ব্যতিক্রম নই। দেশের বাইরে থাকি বলে দেশকে অনেক বেশি অনুভব করি। গিটার নিয়ে বন্ধুদের আড্ডায় যখন এলআরবির “বাংলাদেশ” বা প্রতুল মুখোপাধ্যায়ের “বাংলার গান গাই” গানগুলো করি, তখন অন্যরকম আবেগ কাজ করে, যা বলে বোঝানো কঠিন।’

রাজীব চৌধুরী বলেন, ‘বছর পাঁচেক আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে টাইটেল গান হিসেবে “নাম আমরাই বাংলাদেশ” গানটি করেছিলাম। ওটাই ছিল এত দিন আমার গাওয়া একমাত্র দেশের গান। সেই গানটির গীতিকার ফারিনা মাহমুদ আমার বন্ধু। ও একদিন আমাকে “এক মুঠো দেশ”-এর লিরিকটা পাঠায়। একবার পড়েই এর প্রেমে পড়ে যাই। আমাদের দলে এর পর যোগ দেন জাহিদ নীরব; চিরকুট ব্যান্ডের কিবোর্ডিস্ট, অসাধারণ একজন কম্পোজার। নীরব আমার “অন্যরকম ঈদ” গানটাও কম্পোজ করেছিল। দুজন মিলে “এক মুঠো দেশ”-এর সুর করি। তারপর শুরু হয় রেকর্ডিং। আমি টরন্টো থেকে ভয়েস রেকর্ড করি, আর ও ঢাকায় বসে বাকি সব বাদ্যযন্ত্র। এরই মধ্যে টুয়েলভ ক্লোদিং এগিয়ে আসে গানটির স্পনসর হিসেবে।’

গানটির মিউজিক ভিডিওর শুটিং হয় টরন্টোর ব্লাফার্স পার্ক এলাকায়। ভিডিওগ্রাফি করেন তৌফিক হোসেন। বেহালায় ছিলেন ইয়ার। বাঁশি বাজিয়েছেন সায়ন মানসাং। গানটি করতে গিয়ে কোন বিষয়গুলো ভালো লেগেছে জানতে চাইলে রাজীব বলেন, ‘এই গানের সঙ্গে জড়িত সব বিষয়ই ভালো লাগার। কোনো কষ্টের ঘটনা নাই। তিন মহাদেশের তিনজন মিলে একটি গান কম্পোজ করা যেনতেন ব্যাপার নয় কিন্তু। সবকিছুই খুব সুন্দরভাবে হয়েছে। নীরব ও ফারিনা—দুজনই অসম্ভব প্রতিভাবান; ভীষণ বিনয়ী। আমার সৌভাগ্য এমন দুজনের সঙ্গে কাজ করতে পেরেছি।’

গানটি করার সময়ের স্মৃতি নিয়ে শিল্পী বললেন, ‘গানটা ভীষণ আবেগের। অন্তরাতে দুটি লাইন আছে—“কেমন আছ আমায় ছাড়া, নিয়ন আলো, রাতের আঁধার।” এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। এই অংশের সুর নীরবের করা। প্রতিবার এই অংশ গাইতে গিয়ে আমার চোখ ভিজে এসেছে, গলা ধরে এসেছে। এত কান্না চেপে রাখা কঠিন।’

এই পর্যায়ে গীতিকার ফারিনা বললেন, গানটির মুখ শুনেই বোঝা যায় এটি একটি আকুতির গান; দেশে ফেরার আকুতি। ‘এক মুঠো দেশ’ প্রবাসীদের ভালোবাসার গল্প, কষ্টের গল্প। সেই ভালোবাসার কষ্ট বিশেষ দিনগুলোতে আরও বাড়ে। এবারের করোনাবন্দী বিজয় দিবসকে ঘিরেই তিনি লিখেছিলেন গানটি।

বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ রাজীব চৌধুরী বর্তমানে কানাডার টরন্টোতে বাস করছেন। পেশায় আলোকচিত্রী রাজীব সব সময়ই সৃজনশীল কাজের সঙ্গে জড়িত ছিলেন। এর আগেও বেশ কিছু গান গেয়েছেন, যার মধ্যে ‘অন্যরকম ঈদ’ গানটি উল্লেখযোগ্য। গত ঈদুল ফিতরে ঘরবন্দী মানুষের জন্য নিয়ে এসেছিলেন গানটি। রাজীব চৌধুরীর আরেক গান ‘প্রকৃতির কান্না’-তে মানুষের প্রতি প্রকৃতির অভিমান, বেদনা ও আকুতির কথা উঠে এসেছে। গানের জগতে আসা নিয়ে তিনি বলেন, মায়ের শখে তিনি গান শেখেন সুধীন দাস ও নীলিমা দাসের গানের স্কুল অগ্নিবীণায়। সেখানে চার বছর উচ্চাঙ্গ সংগীত ও নজরুল সংগীত শেখেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস বিভাগে। মাস্টার্স সম্পন্ন করে চার বছর হলো কানাডায় বসবাস করছেন স্ত্রী, মেয়ে জয়িতা চৌধুরী, ছেলে জীয়ন চৌধুরীকে নিয়ে। স্ত্রী আইরিন পারভিন কাজ করছেন কানাডার একটি ব্যাংকে।