রাজ্জাক ও আবদুল জব্বার স্মরণে নিউইয়র্কে সভা
‘ট্রিবিউট টু লিজেন্ড’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্যপ্রয়াত বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ‘নায়করাজ’ পরিচয়ে খ্যাত রাজ্জাক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী একাত্তরের কণ্ঠযোদ্ধা আবদুল জব্বারের স্মরণে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এখানে বসবাসরত শিল্পীসমাজ ও অনুরাগীরা প্রয়াত দুই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুরুতে শিল্পীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন কাজী কাইয়ুম। উদ্যোক্তা সংগঠক নাসির আলী খান পলের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এর পর শুরু হয় প্রয়াত অভিনেতা ও কণ্ঠশিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা পর্ব। এতে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, বেলাল বেগ, কবীর আনোয়ার ও কৌশিক আহমেদ।
দ্বিতীয় পর্বে আবদুল জব্বারের গাওয়া বিখ্যাত গান ‘সালাম সালাম হাজার সালাম’ পরিবেশিত হয় সমবেত কণ্ঠে। কথা ও সুরে এই দুই শিল্পীকে শ্রদ্ধা জানান শিল্পী সুবীর নন্দী, রথীন্দ্রনাথ রায়, ফকির আলমগীর ও শহীদ হাসান। স্মৃতিচারণ ও গানে শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী নিলুফার বানু লিলি ও তনিমা হাদী।
এই দুই গুণী শিল্পীর ওপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন শামস আল মমীন। ফকির ইলিয়াসের লেখা কবিতা আবৃত্তি করেন উপস্থাপক ফারুক ফয়সল। আবৃত্তি করেন শ্যামলিপি শ্যামা ও শিশু আবৃত্তিকার কাব্য।
নিউইয়র্কবাসী শিল্পীদের মধ্যে একে একে গান গাইলেন শাহ মাহবুব, চন্দন চৌধুরী, শেখ নীলিমা শশী, শাহরীন সুলতানা, আফজাল, চন্দ্রা রায়, লিমন চৌধুরী, কামরুজ্জামান মুকুল, ফারহানা চৌধুরী ও শামীম সিদ্দিকী। অনুষ্ঠানে শিল্পীদের ওপর একটি ভিডিওচিত্রও প্রদর্শন করা হয়।
লেখক, কবি ও বাচিক শিল্পী ফারুক ফয়সাল অনুষ্ঠান উপস্থাপনা করেন। সহযোগিতায় ছিলেন প্রধান সমন্বয়কারী বেলাল চৌধুরী ও সদস্যসচিব শামীম সিদ্দিকী। মঞ্চ পরিকল্পনা ব্যবস্থাপনায় ছিলেন শেখ হায়দার আলী, কামারুজ্জামান বাবু ও ইফজাল চৌধুরী।