রাতারাতি ধনী হতে প্রতারণার আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় এসে রাতারাতি বড় লোক হওয়ার প্রতারণার আশ্রয় নিচ্ছেন। জড়িয়ে পড়ছেন নানা অনৈতিক কর্মকাণ্ডে। অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী দ্রুত সময়ে বড় লোক হওয়ার স্বপ্নে প্রতারণার আশ্রয় নিয়ে বিপাকে পড়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে আমেরিকার দুর্নীতি দমনে নিয়োজিত নানা সংস্থা। এতে অনেকেই ধরা পড়ছেন, স্থান হচ্ছে কারাগারে। অনেকের আবার কারাগারে যাওয়া সময়ের ব্যাপার। কেউ কেউ আইনের ফাঁকফোঁকর গলে কারাগার এড়ালেও বাংলাদেশি কমিউনিটিতে প্রতারক হিসেবে চিহ্নিত হচ্ছেন।

ম্যানহাটনের পারফিউম ব্যবসায়ী পার্বতী সরকার ২০০৮ সালে ব্যবসার কাজে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন পাঁচ লাখ ডলার। কিছুদিন পর সেই অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে দেউলিয়া বা চরম ক্ষতির মুখে পড়েছে বলে আদালতের দেউলিয়া আইনে মামলা ফাইল করেন। যাতে তার সমুদয় ঋণ মওকুফ করা হয়। আদালত তার আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংককে তলব করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য নির্দেশনা দেন।

পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায়, পার্বতী রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্নে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে পুরো অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে আদালতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের দেউলিয়াত্ব (ব্যাংক্র্যাপ্সি) ফাইল করেন। আদালতের রায়ে পার্বতীর বিরুদ্ধে ব্যাংকের সমুদয় ডলার ফেরত দেওয়ার আদেশ দেওয়া হয়। ২০১০ সাল থেকে কিস্তিতে পার্বতী ব্যাংকের সেই ঋণের অর্থ এখনো ফেরত দিচ্ছেন। বর্তমানে পার্বতীর গুড ক্রেডিটের বদল ব্যাড ক্রেডিটে রূপান্তরিত হয়েছে। বর্তমানে নিজের ক্রেডিট খুইয়ে বিকারগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছেন ব্যবসায়ী পার্বতী।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনির রিয়েল স্টেট ব্যবসায়ী আবদুল আজিজ কয়েকটি বাড়ি দেখিয়ে ব্যাংক থেকে ২ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিলেন। আজিজও একই কায়দায় ব্যবসাপ্রতিষ্ঠানকে দেউলিয়া দেখিয়ে ব্যাংক্র্যাপ্সি ফাইল করেন আদালতে। তদন্তে দেখা যায়, আবদুল আজিজ ঋণের সব অর্থ তাঁর অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে কিছু অর্থ তার স্ত্রী ও দুজন আত্মীয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। বাকি অর্থ দিয়ে বাংলাদেশে জমি ক্রয় এবং সেখানে ভবন নির্মাণ করেন। তাকেও আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।
অভিযোগ রয়েছে, দুই বছর আগে নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের একটি চক্র ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নেয়। প্রতারক চক্রের মধ্যে বেশ কয়েকজন রেস্তোরাঁ ব্যবসায়ী ও একজন শিল্পীও জড়িত ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থা তাদের প্রতারণার বিষয়টি উদ্‌ঘাটন করে জড়িত সবাইকে গ্রেপ্তার করে। পরে তাদের সবাইকে আদালতে চালান দেওয়া হয়। পরে আদালত তাদের জরিমানা করে। এ ছাড়া তাদের ওপর বিশেষ নজরদারি রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দেন আদালত। এ ছাড়া দেশ ত্যাগেও তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাতারাতি বড় লোক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে অনেকে এভাবে নানাভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। এভাবে ধরা পড়ে এক সময় নিজের সর্বস্ব খুঁইয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন কেউ কেউ। আবার কেউ কেউ ঘরবাড়ি হারিয়ে রাস্তার ফকির হয়েছে হয়ে গেছেন।
বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য বক্তিরা বলছেন, বাংলাদেশ থেকে স্বপ্ন আর সম্ভাবনার দেশে আসার অভিবাসী বাংলাদেশিরা নিজেদের এমন অসততায় শুধু নিজের ক্ষতিগ্রস্ত হননি। তাদের এমন অসৎ কাজের দায়ভার গিয়ে পড়ছে পুরো কমিউনিটির পর। এতে কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।