রাতারাতি বদলে গেল হোয়াইট হাউসের ওয়েবসাইটও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াইট হাউসের ওয়েবসাইটেও বড় ধরনের পরিবর্তন ঘটে গেল। রাতারাতি ওবামা প্রশাসনের জায়গায় ঠাঁই করে নিল ট্রাম্প প্রশাসন। ইন্টারনেট ব্যবহারকারীরা দেখলেন, ওয়েব থেকে ওবামা প্রশাসন আচমকাই অদৃশ্য!
জলবায়ু পরিবর্তন এবং সমকামীদের অধিকার ইত্যাদি বিষয়ে হোয়াইট হাউসের কিছু নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বার্তা শুক্রবার দুপুর পর্যন্ত দেখা যাচ্ছিল। শুক্রবারই দিনের এক সময় থেকে সেগুলো আর নেই। টুইটারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বেশ কিছু অ্যাকাউন্টের নামেও পরিবর্তন এসেছে। অবশ্য আনুষ্ঠানিক এই রদবদলের পর মার্কিন সরকারের মহাফেজখানা ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ড অ্যাডমিনিস্ট্রেশন (এনএআরএ) বিভাগ ওবামা প্রশাসনের সব তথ্য-উপাত্ত সংরক্ষণ করবে।
হোয়াইট হাউসের ডিজিটাল বিভাগের সাবেক কর্মী কোরি শুলমান লিখেছেন, ক্লিনটন এবং বুশের আমল শেষে হোয়াইট হাউসের ওয়েবসাইট একইভাবে জানুয়ারির ২০ তারিখেই বদলে দেওয়া হয়েছিল। ওবামার মেয়াদ ফুরানোর পরও প্রশাসন একই ব্যবস্থা নিয়েছে। ট্রাম্প প্রশাসনের অনেক নীতি বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইট ইতিমধ্যে তথ্য দিতে শুরু করেছে।