রানওয়ে স্লেভ প্যাট্রোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণেই এত বড় বিক্ষোভের জন্ম নিয়েছে বলে আমেরিকার মানুষ আর মনে করে না। তাই খুঁজে দেখতে হয় আমেরিকান কৃষ্ণাঙ্গদের শিক্ষাগত অবস্থান। ২০১৯ সালের তথ্য মতে, আমেরিকার মোট জনসংখ্যা ৩২৮ মিলিয়ন বা ৩২ কোটি ৮০ লাখ। তার মধ্যে ৪১.৪ মিলিয়ন আফ্রিকার আমেরিকান এবং তাদের শিক্ষিতের হার হচ্ছে ১৩.৯ শতাংশ। মোট আমেরিকার জনসংখ্যার ৩৩ শতাংশ কৃষ্ণাঙ্গ। বেসরকারি হিসাবে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের হার ৩০ শতাংশ বা তারও বেশি দাঁড়িয়েছে।

২০১৭ সালের এক সরকারি জরিপ থেকে কৃষ্ণাঙ্গ পুরুষ এবং নারীদের অবস্থান সম্পর্কে জানা যায়, ২৫ থেকে ৬৪ বছর বয়সী কৃষ্ণাঙ্গ পুরুষদের মধ্যে প্রায় ৭৩% শ্রমিক হিসেবে বিভিন্ন কোম্পানিতে নিযুক্ত। ৬ শতাংশ বেকার এবং ১ শতাশ সশস্ত্র বাহিনীতে। জরিপে কৃষ্ণাঙ্গ নারীরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে এগিয়ে আছেন। ২০১৭ সালে নিয়োগপ্রাপ্ত কৃষ্ণাঙ্গ নারীদের ৩৫ শতাংশ চাকরি, ব্যবসা, বিজ্ঞান এবং শিল্পকলার মতো পেশায় নিযুক্ত রয়েছেন। প্রকৃতপক্ষে ৬৫ শতাংশ কৃষ্ণাঙ্গ নারী ‘হোয়াইট কলার’ পেশায় কাজ করেন যা কৃষ্ণাঙ্গ পুরুষের তুলনায় ৪২ শতাংশ বেশি। তথ্যে দেখা গেছে, ৬ শতাংশ কৃষ্ণাঙ্গ পুরুষ এবং ৯ শতাংশের মধ্যে কৃষ্ণাঙ্গ নারী ‘ব্লু কলার’ পেশায় কাজ করে।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদকারীরা যখন সারা আমেরিকায় ছড়িয়ে দিয়েছে, বলা হচ্ছে, আফ্রিকান আমেরিকানদের মধ্যে বেকারত্বের হতাশার কারণে ক্ষোভ দ্রুত ছড়িয়েছে।
শুধু জর্জ ফ্লয়েড নামে একজন মানুষের করুণ মৃত্যুই নয়। এই ক্রোধের মূলে রয়েছে আমেরিকান কৃষ্ণাঙ্গদের ওপর যুগ যুগ ধরে চলা পুলিশি নির্যাতন। ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিকরা বলছেন, কৃষ্ণাঙ্গদের লক্ষ্য করে পুলিশের অব্যাহত এই বাড়াবাড়ির মূলে রয়েছে আমেরিকার ঘৃণ্য ইতিহাস-দাসপ্রথা। এই একবিংশ শতাব্দীতেও আমেরিকায় কৃষ্ণাঙ্গদের অসময়ে মৃত্যুর অন্যতম কারণ পুলিশের নির্যাতন, গুলি। প্রাণঘাতী রোগসহ যতগুলো কারণে কৃষ্ণাঙ্গদের মৃত্যু হয়, সেই তালিকার ছয় নম্বরে পুলিশ। কৃষ্ণাঙ্গরা কখনোই পুলিশকে রক্ষক হিসেবে দেখে না, তারা পুলিশকে অত্যাচারী, উসকানিদাতা হিসেবে দেখে। পুলিশকে তারা শুধু ভয় পায়।
আমেরিকায় দাসপ্রথার সময়ে দাসদের সংখ্যা বাড়তে শুরু করে। তখন বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণে দাসরা যাতে পালাতে না পারে অথবা শ্বেতাঙ্গ প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ না করতে পারে, সে জন্য ‘রানওয়ে স্লেভ প্যাট্রোল’ নামে আইনশৃঙ্খলা বাহিনী গঠন শুরু হয়। শ্বেতাঙ্গ স্বেচ্ছাসেবীদের দিয়ে তৈরি এই রানওয়ে স্লেভ প্যাট্রোলই ছিল তখনকার পুলিশ বাহিনী।

রানওয়ে স্লেভ প্যাট্রোলের জামানা সম্পর্কে ইউএসএ টুডে পত্রিকায় কলামিস্ট ওয়েনি ফিলিমন লিখেছেন, কৃষ্ণাঙ্গ দাসদের লুকানোর কোনো জায়গা ছিল না। সত্যিকারের কোনো নিরাপদ জায়গাই ছিল না। তাদের জীবন কাটতো পুলিশের ভয়ে, তাদের প্রতিটি আচরণের ওপর পুলিশের কড়া নজর ছিল। রাস্তায়, বাড়িতে তাদের ওপর চড়াও হতো পুলিশ। কোনো ধরনের সন্দেহের উদ্রেক হলে বা প্রতিবাদ করলেই মেরে ফেলা হতো।

সে সময়ে ইউরোপীয়রা আফ্রিকা উপকূল থেকে কালো মানুষদের ধরে ধরে শিকলবন্দী করে। আমেরিকার ভার্জিনিয়া উপকূলে জাহাজ ভিড়িয়েছিল ১৬১৯ সালের ২৪ আগস্ট। মারণাস্ত্রের উন্নয়ন এবং নৌশক্তির ওপর ভিত্তি করে ক্রমবর্ধমান ঔপনিবেশিক অঞ্চলের উৎপাদন ও শ্রম ব্যবস্থাকে কাজে লাগিয়ে স্প্যানিশ, ব্রিটিশ ও ওলন্দাজদের সম্পদের পাহাড় গড়তে আফ্রিকা থেকে ধরে আনা কালো মানুষেরাই ছিল বুনিয়াদি সম্পদ।
ঘানা, ক্যামেরুন, অ্যাঙ্গোলা, কেনিয়া, নাইজেরিয়া, মোজাম্বিক থেকে লোকদের ভাগিয়ে বা অপহরণ করে নিয়ে আসা লোকগুলোর একটা বড় অংশই ছিল মুসলমান। ব্রিটিশ ও স্প্যানিশ ঔপনিবেশিক শক্তির অর্থনৈতিক ভিত্তি মজবুত করার অন্যতম সম্পদ এই দাসরা আমেরিকার ভবিষ্যৎ বিনির্মাণের মূল ভূমিকা পালন করেছিল। আমেরিকার কৃষি উৎপাদন, খনিজ সম্পদ উন্নয়ন, রেললাইন নির্মাণ থেকে শুরু করে নতুন আমেরিকান সভ্যতার পেছনে এই কালোরা অনুঘটকের ভূমিকা পালন করেছিল।

ব্রিটিশদের চাপিয়ে দেওয়া ট্যাক্স ও সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে আমেরিকার জনগণের বিদ্রোহ ও ১৭৭৫ সালে শুরু হওয়া স্বাধীনতা যুদ্ধের পক্ষে–বিপক্ষে আফ্রিকান-আমেরিকানরা অংশগ্রহণ করলেও প্যাট্রিয়টিক বাহিনীতে কৃষ্ণাঙ্গরা অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল।

আট বছর ধরে চলা যুদ্ধ শেষে ১৭৮৩ সালে আমেরিকা স্বাধীন হওয়ার পেছনে আফ্রো-আমেরিকানদের অবদান অনেক। আমেরিকার স্বাধীনতার পর দেড় শ বছরেও প্রত্যাশিত ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক-অর্থনৈতিক দ্বন্দ্ব দূর হয়নি। আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ব্রিটিশ ও ইউরোপীয় ঔপনিবেশিকরা তাদের ফেলে যাওয়া উপনিবেশগুলোতে রাজনৈতিক-অর্থনৈতিক, জাতিগত-সাংস্কৃতিক বিভেদের বীজ রেখে গেছে।

পরিশেষে জর্জ ফ্লয়েডের ভাই জর্জ ফিলোনেস বলেছেন, ‘আমি ওকে আর ১০ জনের মতো করে দেখতে চাই না।’ জর্জ ফিলোনেস ডেমোক্র্যাট প্রেসিডেন্টপ্রার্থী জো বাইডেনকে ফোনে এ কথা বলেছেন, যা আমরা সংবাদমাধ্যমে সবাই শুনেছি। এ কথার অর্থ প্রতিটি আফ্রিকান আমেরিকানের কাছে স্পষ্ট।

ট্রাইভন মার্টিন, এরিক গর্নার, মাইকেল ব্রাউন, ওয়াল্টার স্কট আর এবার ফ্লয়েড এদের প্রত্যেকের মৃত্যু হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার কোনো না কোনো সদস্যের হাতে। আরও স্পষ্ট করে বললে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আইনের ভুল প্রয়োগের কারণে। এই তালিকা ক্রমেই লম্বা হচ্ছে।