রাশিয়া ও চীনের বিজ্ঞানীদের ভিসা দেয়নি কানাডা
কানাডায় অনুষ্ঠিত ৬৫তম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে যোগ দিতে আগ্রহী রাশিয়া ও চীনের মহাকাশবিজ্ঞানীদের ভিসা দেয়নি অটোয়া কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার মেট্রো টরন্টো কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কানাডার অ্যারনটিকস অ্যান্ড স্পেস ইনস্টিটিউট আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী দিনে ৭০টি দেশের প্রায় তিন হাজার প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
রাশিয়া ও চীনের মতো প্রভাবশালী দুটি দেশের মহাকাশবিজ্ঞানীদের অনুপস্থিত থাকায় যোগদানকারী প্রতিনিধিরা বিস্ময় প্রকাশ করেন।
উপস্থিত প্রতিনিধিরা আয়োজক ও প্রধান সমন্বয়কারী বার্নড ফিউয়াবাচারের কাছে জানতে চান, রাশিয়া ও চীনের মতো দুটি প্রভাবশালী দেশের অনুপস্থিতিতে কীভাবে তাদের থেকে মহাকাশে পারমাণবিক সহায়তা আশা করবেন?
উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে ক্ষমাপ্রার্থনা করে বার্নড ফিউয়াবাচার বলেন, ‘আমি জানি না, কেন তাঁদের (রাশিয়া ও চীনের বিজ্ঞানী) ভিসা দেওয়া হয়নি। তবে তাঁরা আগেও আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।’
মূল অনুষ্ঠানে রাশিয়ার মহাকাশবিজ্ঞানী ওলেগ ওস্তাপেল্কো এবং চীনের ঝু দাজির সঞ্চালক গবেষক হিসেবে মতামত রাখার কথা।
কানাডার নভোচারী ক্রিস হ্যাডফিল্ড বলেন, ‘সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের কারণে কানাডা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, আমি মনে করি, এটি তেমন একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফল।’
বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক মহাকাশের একাংশে রাশিয়ার আধিপত্য ও চীনের দ্রুত এগিয়ে যাওয়াকে সন্দেহের চোখে দেখছে কানাডা।