রাশিয়া থেকে আয়ের তথ্য গোপন ফ্লিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রুশ উৎস থেকে অর্থ নেওয়ার তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। আর্থিক লেনদেনের হিসাব দিয়ে গত ফেব্রুয়ারিতে পূরণ করা ফরমে ফ্লিন এগুলো উল্লেখ করেননি। হোয়াইট হাউস থেকে গত শনিবার প্রকাশিত নথিপত্রে এ তথ্য প্রকাশিত হয়েছে। ফ্লিনসহ ঘনিষ্ঠ সহযোগীদের রাশিয়ার সঙ্গে কথিত যোগসাজশ নিয়ে ব্যাপক চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাইকেল ফ্লিনকে ক্রেমলিনের অর্থায়নে পরিচালিত আরটি টেলিভিশন এবং ভোলগা-দিনেপর এয়ারলাইনস অর্থ দিয়েছিল বলে অভিযোগ আছে। আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেবিলে বসা দেখা যায়। গত ৩১ মার্চ ফ্লিন আর্থিক তথ্য প্রকাশের এক ফরমে স্বাক্ষর করেন। এতে আরটি টেলিভিশনে একাধিক বক্তব্য দেওয়ার বিনিময়ে তিনি কী পরিমাণ অর্থ পেয়েছেন, তার উল্লেখ নেই। ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত আর্থিক বিবরণীতেও নেই তা। হোয়াইট হাউস শনিবার দুটি বিবরণীই প্রকাশ করেছে।
ট্রাম্পের পছন্দের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ফ্লিন রাশিয়ার সঙ্গে তাঁর নিয়মবিরুদ্ধ যোগাযোগের তথ্য আড়াল করার ঘটনায় সমালোচনার মুখে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে যোগদানের মাত্র ২৪ দিন পরই সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এখন রাশিয়ার কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে তিনি আইনি লড়াইয়ের মুখোমুখি হতে পারেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল এবং ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেস যে তদন্ত করছে, তাতে সাক্ষ্য দেওয়ার বিনিময়ে ফ্লিন ‘দায়মুক্তি’ চেয়ে গত বৃহস্পতিবার অনুরোধ জানালে ওয়াশিংটনে চমক সৃষ্টি হয়। তবে মুখ খোলার শর্ত হিসেবে তাঁকে যেন ‘অহেতুক আইনি ঝামেলায়’ ফেলা হয় না, এ কথাও বলেছেন ফ্লিন।
মাইকেল ফ্লিন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মস্কোর ওপর মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনার কথা গোপন করেছিলেন। তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও এ ব্যাপারে বিভ্রান্ত করেন। বিতর্কের জেরে ফ্লিন গত ১৩ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই ফ্লিন-কিসলিয়াকের ওই কথাবার্তা হয়েছিল। মার্কিন আইন অনুযায়ী ফ্লিন তা করতে পারেন না।
গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকাজে রাশিয়ার হাত ছিল বলে যে অভিযোগ উঠেছে, কংগ্রেসের একাধিক কমিটি এবং এফবিআই তার তদন্ত করছে। রাশিয়ার সরকার ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ডেমোক্রেটিক পার্টির প্রচার সংগঠনগুলোর কোনো ই-মেইল হ্যাক করেনি এবং ট্রাম্পের অনুকূলে কোনো তথ্যও প্রকাশ করেনি।