রাশিয়াকে অতি গোপনীয় তথ্য দিয়েছেন ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছে অত্যন্ত গোপনীয় তথ্য তুলে দিয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, এমন কিছু ঘটেনি। হোয়াইট হাউস বিষয়টি অস্বীকার করলেও পরে ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে তথ্য বিনিময়ের ‘পূর্ণ অধিকার’ তাঁর রয়েছে।
আত্মপক্ষ সমর্থন করে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে সন্ত্রাসবাদ ও বিমান চলাচল নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে তথ্য বিনিময় করেছেন তিনি। চেয়েছেন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার আরও সক্রিয় সমর্থন।
নির্বাচনী প্রচারের সময় অনেকবারই ট্রাম্প রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা রক্ষা করতে না পারার অভিযোগ তুলে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনকে খোঁচা দিয়েছিলেন।
রাশিয়াকে ট্রাম্প যে তথ্য দিয়েছেন তা ছিল মূলত আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটি পরিকল্পিত অভিযান-সম্পর্কিত। আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি সহযোগী দেশের কাছ থেকে এসব গোয়েন্দা তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্র, যা রাশিয়ার কাছে প্রকাশের অনুমতি ছিল না। গত সপ্তাহে যখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, তখন এ তথ্য হস্তান্তর করা হয়।
এ খবর গত সোমবার প্রথম প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট পত্রিকা। তবে হোয়াইট হাউস বলেছে, পত্রিকাটির প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ঘটনাটি যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা মিথ্যা। প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী লাভরভ উভয় দেশের জন্য যেসব অভিন্ন হুমকি রয়েছে সেগুলো পর্যালোচনা করেছেন। এর মধ্যে বিমান পরিবহনের বিষয়ও রয়েছে। কোনো পর্যায়ে কোনো রকম গোয়েন্দা তথ্য বা কৌশল নিয়ে আলোচনা হয়নি। ম্যাকমাস্টার আরও বলেন, ‘প্রেসিডেন্ট কোনো সামরিক অভিযান, যা এরই মধ্যে জনসমক্ষে প্রকাশ হয়নি, তা নিয়ে তথ্য ফাঁস করেননি। আমি তাঁদের বৈঠককক্ষে ছিলাম। এমন কিছু ঘটেনি।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাতে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ওভাল অফিসের ওই বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াই নিয়ে আলোচনায় ওপর মনোনিবেশ করা হয়।
এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ট্রাম্প রাশিয়ার কাছে অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস করেছেন বলে খবরে যা বলা হয়েছে তা ‘ভুয়া’।
অতি গোপনীয় তথ্য তুলে দেওয়ার এ খবরে উদ্বেগ জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্যরা। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাট দলের দ্বিতীয় শীর্ষ নেতা ডিক ডারবান প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে ‘বিপজ্জনক’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেছেন।
সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির রিপাবলিকান দলীয় প্রধান বব কর্কার বলেন, এ অভিযোগ যদি সত্য হয়ে থাকে তবে তা ‘খুব, খুব যন্ত্রণাদায়ক’।
অল্প কয়েক দিন আগেই সংস্থাকে ঠিকমতো নেতৃত্ব দিতে না পারার অভিযোগে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ট্রাম্পের বিরোধীদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার অবৈধ হস্তক্ষেপ ও ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সঙ্গে রুশ কর্মকর্তাদের সম্ভাব্য যোগসাজশের ঘটনায় এফবিআইয়ের তদন্ত ধামাচাপা দিতেই তাঁকে বরখাস্ত করেছেন ট্রাম্প। বরখাস্তের ঘটনায় সমালোচনার ঝড় না কাটতেই ট্রাম্প প্রশাসন সাম্প্রতিকতম বিতর্কের জন্ম দিল।