রাশিয়াকে হ্যাকিংয়ের ডাক দিয়ে তোপের মুখে ট্রাম্প

হিলারি ক্লিনটনের ব্যক্তিগত সার্ভার থেকে মুছে যাওয়া ৩০ হাজার ই-মেইল রাশিয়াকে উদ্ধারের আহ্বান জানিয়ে তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প এ নিয়ে রাশিয়ার হস্তক্ষেপ চেয়ে বলেন, ‘রাশিয়া, আমি চাই সেসব ই-মেইল তোমরা উদ্ধার করে প্রকাশ করো।’
যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজনৈতিক ভাষ্যকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কোনো কাজে রাশিয়াকে উসকানি দিয়ে ট্রাম্পের দেওয়া এই বক্তব্যে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ মনে করেন, এই কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কংগ্রেসের রিপাবলিকান স্পিকার পল রায়ান ও একাধিক নিরাপত্তাবিশেষজ্ঞ এ ধরনের ‘উসকানিমূলক’ বক্তব্যের বিরোধিতা করেছেন।
বুধবার ডেমোক্রেটিক দলের সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা কঠোর ভাষায় ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের তুচ্ছতাচ্ছিল্য করে ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন একনায়ককে নায়কের মর্যাদা দেন, এমন কোনো ব্যক্তিকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করা যায় না।
প্রেসিডেন্ট বারাক ওবামাও ট্রাম্পের সমালোচনা করে বলেন, ডেমোক্রেটিক পার্টির ডেটাবেইস চুরির পেছনে রাশিয়া আছে কি না তা তিনি জানেন না, তবে ট্রাম্প যে একাধিকবার পুতিনের প্রশংসা করেছেন, তা সবার জানা।