রাশিয়ার ওপর অবরোধ আরোপে একমত কংগ্রেস
রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপে ঐকমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেও অবরোধ শিথিল হবে না। কংগ্রেস তাতে ভেটো দিতে পারবে।
গতকাল শনিবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা তিন দেশের ওপর অবরোধ আরোপের বিষয়ে একমত পোষণ করেন। চলতি মাসের শেষ দিকে এ-সংক্রান্ত বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে।
হোয়াইট হাউস তদবির করে বিলে পরিবর্তন আনার চেষ্টা করলেও পারেনি। ফলে কর্তৃপক্ষ মস্কোর ওপর অবরোধ শিথিলের চেষ্টা করলে তা ঠেকানোর ক্ষমতা থাকবে কংগ্রেসের হাতে।
মেরিল্যান্ডের সিনেটর বেঞ্জামিন এল কার্ডিন বলেন, ‘মার্কিন জনগণ ও বন্ধুদের পক্ষ থেকে কংগ্রেস প্রেসিডেন্ট পুতিনকে পরিষ্কার একটি বার্তা দিতে চায়।’
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সিএনএনকে বলেছেন, রাশিয়ার ওপর অবরোধের জন্য ঐকমত্যের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে রাশিয়া।
প্রেসিডেন্ট নির্বাচনে রুশ-সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস ও সিএনএন।