রাশিয়ার ওপর অবরোধের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করা নিয়ে মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাস হওয়া বিলে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এটি এখন আইনে পরিণত হলো।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা গতকাল বুধবার এ বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের সই করার বিষয়টি জানান। তবে তিনি বলেন, এতে স্বাক্ষর করলেও ব্যক্তিগতভাবে ট্রাম্প এর বিরোধিতা করেছেন।
ওয়াশিংটনের এ পদক্ষেপের জবাবে ক্রেমলিন বলেছে, এতে কোনো কিছুতেই পরিবর্তন আসবে না। এরই মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের দুটি সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে বিলটি হোয়াইট হাউসে পৌঁছায়। কিন্তু এতে সই করতে ট্রাম্প গতকাল পর্যন্ত অপেক্ষা করেন। রুদ্ধদ্বার অবস্থায় ও ক্যামেরার আড়ালে প্রেসিডেন্ট বিলটিতে সই করেন। এর মাধ্যমে তিনি একটি ‘অপমানকর’ পরিস্থিতি এড়ালেন। এর আগে কংগ্রেসের কয়েকজন সদস্য হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার প্রতি দুর্বলতাবশত নিষেধাজ্ঞা বিলে ট্রাম্প ভেটো প্রয়োগ করলে কংগ্রেস তা অধিকাংশ ভোটে অগ্রাহ্য করবে।
বিলটি পাসের ব্যাপারে কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা মতৈক্যে পৌঁছানোয় ট্রাম্পের ভেটো ক্ষমতা অগ্রাহ্য করার মতো যথেষ্ট সংখ্যক ভোট তাঁদের ছিল। এ অবস্থায় ট্রাম্প ভেটো দিলে তা হতো তাঁর জন্য অপমানের। বিলে সইয়ের পর ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘বিলটিতে সমস্যা থাকা সত্ত্বেও জাতীয় একতার স্বার্থে আমি এতে স্বাক্ষর করলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে রাশিয়ার পদক্ষেপ দেখার ব্যাপারে মার্কিন জনগণের প্রত্যাশার প্রতিনিধিত্ব করছে এই বিল।’
ট্রাম্প আরও বলেন, বিলটি পাসের ব্যাপারে তড়িঘড়ি করতে গিয়ে কংগ্রেস এতে বেশ কয়েকটি অসাংবিধানিক বিধান যুক্ত করেছে। ইউক্রেনে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় নতুন অবরোধকে বাধা হিসেবে ব্যবহার না করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
ওয়াশিংটন এ আইনের আওতায় অবরোধ আরোপের ক্ষেত্রে এখন রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু বানাতে পারবে। অর্থাৎ যেসব কোম্পানি রাশিয়ার পাইপলাইন স্থাপনের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যাবে। সেই সঙ্গে কয়েকজন রুশ অস্ত্র রপ্তারিকারকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে। রাশিয়ার ওপর ভবিষ্যতে নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে ট্রাম্পের ক্ষমতাও হ্রাস পেয়েছে এই আইনে।
যুক্তরাষ্ট্রে গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ এবং ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে ছিনিয়ে নেওয়ায় রাশিয়ার ওপর নতুন করে এ অবরোধ আরোপের বিল গত ২৫ জুলাই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৪১৯-৩ ভোটে পাস হয়। এরপর গত বৃহস্পতিবার তা উচ্চকক্ষ সিনেটেও প্রায় সর্বসম্মতিক্রমে পাস হয়। বিলটিতে ইরান ও উত্তর কোরিয়ার ওপরও নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে।
এদিকে এএফপি জানায়, বিলে ট্রাম্পের সইয়ের পর গতকাল এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, এর ফলে কোনো পরিবর্তন ঘটবে না। রাশিয়ায় ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে এরই মধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত রোববার তাঁর দেশ থেকে যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানান। এর কয়েক দিন আগেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে মার্কিন কূটনীতিকদের ব্যবহার করা দুটি স্থাপনাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত ডিসেম্বর মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার এবং তাঁর দেশে দুটি রুশ স্থাপনা বন্ধ করে দেন।