রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় সই করবেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে আনা আইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করবেন বলে ২৯ জুলাই শনিবার জানিয়েছে হোয়াইট হাউস। তবে এ জন্য তিনি ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা’ করতে চান বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
এরই মধ্যে প্রস্তাবিত আইনটিতে সমর্থন জানিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষ। এতে ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের বর্তমান সম্পর্ক ও তা উন্নয়নে উভয় পক্ষের সদিচ্ছার পরিপ্রেক্ষিতে ট্রাম্প এ আইনের বিরোধিতা করবেন বলে ধারণা করা হয়েছিল।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ এইচ স্যান্ডার্স বলেন, ‘জটিল কিছু বিষয়বস্তু’ নিয়ে আলোচনার পরই শুধু প্রেসিডেন্ট এ আইনে সই করবেন। তবে উল্লিখিত এ ‘জটিল বিষয়বস্তু’ সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। তিনি এখন এ আইনের চূড়ান্ত ভাষ্যটি পর্যালোচনা করছেন। পরবর্তীতে এ নিয়ে আলোচনার পর তিনি সিদ্ধান্ত নেবেন ও এতে সই করবেন।
নতুন এ নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে ২০১৪ সালে ক্রিমিয়ায় রুশ সম্প্রসারণ ও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের কথা উল্লেখ করেছে ওয়াশিংটন। আর ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপে ওয়াশিংটনের এ প্রস্তুতির বিপরীতে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। এর অংশ হিসেবে রাশিয়ায় মার্কিন কূটনীতিকের সংখ্যা হ্রাস ও কিছু মার্কিন সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রেমলিন।
এর আগে সাবেক ওবামা প্রশাসনের শেষ সময়ে গত বছরের ডিসেম্বরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। সে সময় ৩৫ রুশ কূটনীতিককে আমেরিকা থেকে বহিষ্কার করা হয়। পাশাপাশি আমেরিকায় দুটি রুশ স্থাপনা বন্ধ করে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণায় রুশ সংশ্লেষের অভিযোগে সে সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর এখন একই কারণে এ নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা হচ্ছে। যদিও শুরু থেকেই নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে রাশিয়া।