রাশিয়ার কাছে গোপন তথ্য থাকার কথা প্রচার অসুস্থ মানসিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার কাছে তাঁর জন্য নাজুক ও স্পর্শকাতর তথ্য আছে—সিএনএনসহ কয়েকটি মার্কিন গণমাধ্যমে প্রকাশ করা এ রকম খবরের তীব্র নিন্দা জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ‘ভুয়া তথ্য’ প্রকাশ করায় নিজ দেশের গোয়েন্দা সংস্থাগুলোকেও একহাত নিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তাঁর প্রথম সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এ প্রতিক্রিয়া জানান ট্রাম্প।
প্রেসিডেন্ট হিসেবে স্বার্থের সংঘাত এড়াতে ব্যবসার বিষয় পুরোপুরি দুই ছেলের হাতে তুলে দেওয়ার বিষয়টি জানানোর জন্যই বুধবার নিউইয়র্কে ট্রাম্পের দপ্তরে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে রাশিয়ার কাছে গোপন তথ্য থাকা, হ্যাকিং ইত্যাদি বিষয়ই এতে প্রাধান্য পায়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটা মর্যাদাহানিকর, যেকোনো ভুয়া ও জাল তথ্য গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশ করাটা মর্যাদাহানিকর।’ তিনি বলেন, অসুস্থ মানসিকতার লোকজনই এ ধরনের মিথ্যা খবর প্রচারের জন্য দায়ী। ট্রাম্প রাশিয়ার কাছে তাঁর সম্পর্কে রগরগে তথ্যপ্রমাণ থাকা এবং রাশিয়ার সঙ্গে তাঁর লোকজনের হাত মেলানোর যে খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে, তাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেন।
২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নিতে যাওয়ার মাত্র কয়েক দিন আগে ডোনাল্ড ট্রাম্প এ সংবাদ সম্মেলন করলেন। সংবাদ সম্মেলনে অবশ্য তিনি এ কথা স্বীকার করেন যে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ দিয়ে রাশিয়া সম্ভবত ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি ও দলটির অন্য শীর্ষ কিছু নেতার ই-মেইল হ্যাক করেছিল।
নিউইয়র্কে নিজের অফিস লবিতে আয়োজিত এ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘যদি পুতিন ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন, তাহলে আমি মনে করি, এটা একটা সম্পদ; কোনো দায় নয়।’
ব্যবসা-বাণিজ্য থেকে নিজের সরে যাওয়ার বিষয়েও পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এ জন্য তাঁর যাবতীয় সম্পদকে একটি ট্রাস্টের আওতায় দিয়ে দুই বড় ছেলেকে তার দায়িত্ব দেবেন। ট্রাম্প বলেন, তিনি হোটেল, গলফ কোর্সসহ শত শত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পদ থেকে সরে দাঁড়াবেন। তবে হবু মার্কিন প্রেসিডেন্ট এ-ও বলেন, তিনি চাইলে একই সঙ্গে ব্যবসা ও সরকার চালাতে পারবেন। তবে বিষয়টি তাঁর পছন্দ নয়।

পর্যবেক্ষকেরা বলেছেন, ট্রাম্প ছেলেদের হাতে ব্যবসা ছেড়ে দেওয়ার যে ব্যবস্থার কথা বলছেন, তা স্বার্থের সংঘাত এড়ানোর জন্য যথেষ্ট নয়। ওবামা আমলে একসময়ে হোয়াইট হাউসের নৈতিকতাবিষয়ক উপদেষ্টা নর্ম আইসেন বলেন, ট্রাম্পের এ বাজে পরামর্শজনিত কৌশল কেলেঙ্কারি ও দুর্নীতির সূচনা করবে।