রাশিয়ার গুপ্তচর সন্দেহে তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েভগেনি বারিয়াকভ
ইয়েভগেনি বারিয়াকভ

রাশিয়ার গুপ্তচর সন্দেহে তিন ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকার গত সোমবার ফৌজদারি মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, তাঁরা রাশিয়ার ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক অবরোধের ব্যাপারে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহের ‘ষড়যন্ত্র করেন’ এবং এ কাজে নিউইয়র্ক মহানগর এলাকার বাসিন্দাদের যুক্ত করার চেষ্টা করেন। খবর রয়টার্সের।
অভিযোগ ওঠা তিন ব্যক্তির নাম ইয়েভগেনি বারিয়াকভ, ইগর স্পোরিশেভ ও ভিক্তর পোদোবনি। অভিযোগে বলা হয়, বারিয়াকভ রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা বিভাগের পক্ষে কাজ করেন। তিনি রাশিয়ার একটি ব্যাংকের কর্মীর ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর স্পোরিশেভ ২০১০ সালের নভেম্বর থেকে গত নভেম্বর পর্যন্ত রাশিয়ার বাণিজ্য প্রতিনিধি হিসেবে এবং পোদোবনি জাতিসংঘে রাশিয়ার কর্মকর্তা (অ্যাটাশে) হিসেবে ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেন।
যুক্তরাষ্ট্রের সরকারি অভিযোক্তা প্রীত ভারারা এক বিবৃতিতে বলেন, ‘নিউইয়র্কে রাশিয়ার কোনো ব্যাংকারের উপস্থিতি আজকাল আলাদাভাবে তেমন নজর কাড়ে না। তাই বারিয়াকভ সহজেই তাঁদের সঙ্গে কাজ করতে পারবেন—গুপ্তচরেরা হয়তো এরকমই ধারণা করেছিলেন।
অভিযোক্তারা বলেন, প্রথাগত ও ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে বারিয়াকভের গতিবিধির অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তিনি একজন বিত্তশালী বিনিয়োগকারী হিসেবে রাশিয়ায় ক্যাসিনো ব্যবসা সমৃদ্ধ করার নাম করে একজন মার্কিন গোয়েন্দার (এফবিআই) সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন।
বারিয়াকভকে নিউইয়র্ক নগর থেকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযোক্তা অ্যাডাম ফি বলেন, যুক্তরাষ্ট্রে যে পেশায় কাজ করার কথা বারিয়াকভ উল্লেখ করেছেন, তা সত্য নয়।
স্পোরিশেভ ও পোদোবনিকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করছেন এবং মার্কিন ভূখণ্ডে থাকাকালে কূটনৈতিক দায়মুক্তির আওতাধীন ছিলেন। মামলাটির ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনবারের চেষ্টায় হত্যা করা হয় লিতভিনেনকোকে? তেজস্ক্রিয় বিষে রাশিয়ার সাবেক গোয়েন্দা আলেক্সান্দার লিতভিনেনকোর মৃত্যুর আগে সম্ভবত তাঁকে হত্যার আরও দুটি প্রচেষ্টা চালানো হয়েছিল। কেজিবির উত্তরসূরি গোয়েন্দা সংস্থার একসময়ের কর্মকর্তা লিতভিনেনকো পালিয়ে যুক্তরাজ্যে চলে গিয়ে সে দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।
গতকাল মঙ্গলবার লন্ডনে এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। লন্ডনের রয়্যাল কোর্ট অব জাস্টিজের জ্যেষ্ঠ বিচারক স্যার রবাট ওয়েনকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
২০০৬ সালে লন্ডনের একটি হোটেলে ৪৩ বছর বয়সী লিতভিনেনকোকে চায়ের কাপে তেজস্ক্রিয় পোলোনিয়াম-২১০ প্রয়োগে হত্যা করা হয়।
লিতভিনেনকো যুক্তরাজ্যে পালিয়ে এসে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। একপর্যায়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচকে পরিণত হন।