রাশিয়ার দাবি নাকচ করে ভিন্ন প্রস্তাব যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
ছবি: রয়টার্স

ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া দেশটিতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে—এই পরিস্থিতির মধ্যে মস্কো দাবি করেছিল ইউক্রেনকে যেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না করা হয়। রাশিয়ার এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।

ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার পক্ষ থেকে এমন দাবি আসার পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ব্লিঙ্কেন কোনো নিশ্চয়তা না দিলেও বলেছেন, এর বদলে তিনি রাশিয়াকে ‘কূটনৈতিক পথে আসার আহ্বান জানাচ্ছেন, রাশিয়ার এটাই বেছে নেওয়া উচিত।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও ন্যাটোর মতো সামরিক জোটের অংশ হওয়ার মতো অধিকার রক্ষার পক্ষে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। আমরা একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় সমান মনোযোগী।’

ব্লিঙ্কেনের ভাষায়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার আন্তরিকতা নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। তবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়ে সমান মনোযোগ দিচ্ছে, যাতে তারা রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলা করতে পারে।

রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন, তাদের প্রস্তাবের পর ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষে অ্যান্টনি ব্লিঙ্কেন যে জবাব দিয়েছেন, সেটা পর্যালোচনা করবে রাশিয়া।

সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ ও এর সঙ্গে সম্পর্কিত নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে রাশিয়া তাদের উদ্বেগের একটি তালিকা লিখিতভাবে যুক্তরাষ্ট্রকে পাঠিয়েছিল। এর মধ্যে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার সব ধরনের সম্ভাবনা খারিজ করে দেওয়া ছাড়াও ভবিষ্যতে যোগ দেবে না সেটারও পূর্ণ নিশ্চয়তা চেয়েছিল রাশিয়া।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন সীমান্তে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর দাবি, সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়ে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া অবশ্য এ অভিযোগ অস্বীকার করছে। তবে সম্ভাব্য এ অভিযান নিয়ে পশ্চিমা দেশ ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে।