
ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে তাঁর সঙ্গে রুশ যোগসাজশ ছিল, এমন কোনো প্রমাণ নেই। সাবেক গোয়েন্দাপ্রধানও এমনটাই পেয়েছেন বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের।
গত সোমবার মার্কিন সিনেটের বিচার বিভাগবিষয়ক কমিটির শুনানিতে সাবেক ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস বলেন, রুশ যোগসাজশের কারণে মাইকেল ফ্লিন ব্ল্যাকমেলের শিকার হতে পারেন এমন আশঙ্কা আগেই জানানো হয়েছিল। ট্রাম্প প্রশাসনকে তিনি সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের রুশ সম্পৃক্ততা এবং এ নিয়ে তাঁর ‘মিথ্যাচার’ সম্পর্কে জানিয়েছিলেন।
অভিবাসীদের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করায় স্যালি ইয়েটসকে গত জানুয়ারিতে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প।
সিনেটের এই শুনানির পরিপ্রেক্ষিতে সোমবার রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, এগুলো ‘পুরোনো খবর’। জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক জেমস ক্ল্যাপারের বক্তব্যকে ঢাল হিসেবে নিয়ে ট্রাম্প বলেন, পরিচালক ক্ল্যাপার বারবার বলেছেন এবং ‘ভুয়া গণমাধ্যমসহ’ সবাই জানে ট্রাম্প এবং রুশ যোগসাজশের কোনো প্রমাণ নেই।
এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মাইকেল ফ্লিনকে নিয়োগ না দিতে এ নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই দিনের মাথায় ওভাল অফিসে ওবামার সঙ্গে দেখা করতে যান। তখন তাঁকে ফ্লিন সম্পর্কে সতর্ক করেছিলেন ওবামা। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা স্বীকার করেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার।
গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে বৈঠকের কথা গোপন করার জেরে ফ্লিনকে বরখাস্ত করেন ট্রাম্প।