রাশিয়ার হস্তক্ষেপের কথা সবার জানা: মার্কিন দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হেলি বলেছেন, সবাই জানে রাশিয়া আমেরিকার ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। সিএনএন-এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানের জন্য রেকর্ডকৃত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, হামবুর্গের জি ২০ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় কথাটি উঠিয়েছেন। যদিও রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করেছে-এমন কথা প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে এখনো বলছেন না। তিনি বলছেন, অন্য দেশ এ কাজে জড়িত থাকতে পারে এবং কেউ নিশ্চিত করে এ ব্যাপারে কিছু বলতে পারছেন না।
প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হেলি বলেন, সবাই জানে রাশিয়া এমনটি করেছে এবং রাশিয়া শুধু আমেরিকার নয় অন্যান্য দেশগুলোতেও এমন হস্তক্ষেপ করে থাকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে।
প্রেসিডেন্ট পুতিন গত শনিবার বলেছেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প একমত হয়েছেন, রাশিয়া আমেরিকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি। নিকি হেলি বলেন, কংগ্রেস এ নিয়ে তদন্ত করছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প জানেন, রাশিয়া ঠিকই নির্বাচনে হস্তক্ষেপ করেছে। মার্কিন দূত নিকি হেলি আরও বলেন, প্রেসিডেন্ট পুতিন অবশ্যই জানেন, রাশিয়া কী করেছে এবং তা তিনি স্বীকার করবেন না।