রাশিয়ার হাতে তথ্য তুলে দেওয়ার খবর নাকচ ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্পের অনেক অতিগোপনীয় ব্যক্তিগত ও আর্থিক লেনদেনের তথ্য রাশিয়ার কবজায় আছে এবং নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পশিবির রাশিয়ার হাতে নিজেরাই বেশ কিছু তথ্য তুলে দিয়েছিল—মার্কিন গোয়েন্দারা ট্রাম্পকে এমন কথা জানিয়েছিলেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে ট্রাম্প ও রাশিয়ার পক্ষ থেকে এই খবরের সত্যতা খারিজ করে দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ট্রাম্পের প্রথম সংবাদ সম্মেলন করার আগেই মার্কিন গণমাধ্যম গত মঙ্গলবার সিএনএন এ খবর প্রকাশ করে।

 সিএনএন জানায়, গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সম্পর্কে গত সপ্তাহেই জানিয়েছেন। সিএনএনের ভাষ্যমতে, গোয়েন্দারা ট্রাম্পকে জানিয়েছেন হিলারি ক্লিনটনকে ঘায়েল করতে তাঁর শিবিরের লোকজন রাশিয়ার হাতে বহু তথ্য দিয়েছেন। এমনকি মস্কোয় মার্কিন প্রেসিডেন্ট ওবামা যে হোটেলে উঠতেন, সেই হোটেলে ট্রাম্প নারী নিয়ে ফুর্তি করতেন—এমন একটি ভিডিও চিত্রও নাকি রাশিয়ার হাতে আছে।

তবে ট্রাম্প এ খবরের নিন্দা জানিয়ে টুইটারে লিখেছেন, ‘এগুলো ভুয়া খবর—সম্পূর্ণ রাজনৈতিক উইচ-হান্ট!’

 ‘উইচ-হান্ট’ কথাটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে একধরনের রুশবিরোধী চেতনা জাগিয়ে তোলার চেষ্টাকে বোঝানো হয়। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত ছিল বলে গোয়েন্দা সংস্থাগুলো একটি মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে। ট্রাম্প ও পুতিন—দুজনেই এ অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এসব খবর ‘কল্পকাহিনি’, দুই দেশের সম্পর্ক নষ্ট করতেই এ ধরনের খবর ছড়ানো হচ্ছে।

 ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন। কিন্তু তাঁর হোয়াইট হাউসে পৌঁছাতে রুশ সহায়তার নানা অভিযোগ ওঠায় কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারকালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারিকে প্রতিরোধের লক্ষ্যে রুশ গোয়েন্দারা তাঁর দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন ই-মেইল চুরি করেছিল বলে অভিযোগ রয়েছে। ক্রেমলিনই নাকি এ কাজের জন্য সরাসরি নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকেও জানিয়েছে। অবশ্য এ বিষয়ে সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে ট্রাম্প স্পষ্টভাবে একমত হননি। এত কিছুর পরও তিনি রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখতেই আগ্রহী বলে মনে হচ্ছে। এ বিষয়ে বিরোধিতাকারীদের তিনি ‘বোকা’ আখ্যা দিয়েছেন। হ্যাকিংয়ে জড়িত থাকার অভিযোগ মস্কোও অস্বীকার করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের তৎপরতাকে উইচ-হান্টের সঙ্গে তুলনা করেছে।