রাশিয়ায় রহস্যঘেরা স্নোডেন

মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন আজ বৃহস্পতিবার রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ের এক বছর পূর্ণ করছেন। সেখানে তিনি রহস্যেঘেরা জীবন পার করছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ায় অবস্থানরত মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক এই কর্মীর জীবনযাপন সম্পর্কে খুব কমই জানা যায়।
জনবিচ্ছিন্ন স্নোডেন রাশিয়ার কোন শহরে অবস্থান করছেন, কী কাজ করছেন এবং কোন খাতে চাকরি পেয়েছেন—এটুকুই কেবল জানা গেছে।
২০১৩ সালের ডিসেম্বরে রুশ গণমাধ্যমে স্নোডেনের সর্বশেষ ছবিটি প্রকাশিত হয়। লাল টি-শার্ট ও ক্যাপ পনা স্নোডেনকে মস্কভা নদীতে নৌকায় দেখা যায়।
জনপ্রিয় লাইফনিউজ ওয়েবসাইটেও স্নোডেনের একটি ছবি প্রকাশিত হয়। ওই ছবিতে দেখা যায়, কেনাকাটা শেষে সুপার মার্কেটের ট্রলি ঠেলছেন তিনি। স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা এই ছবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এপ্রিলে সবাইকে অবাক করে দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক প্রশ্নোত্তর পর্বে হাজির হন স্নোডেন। তবে সশরীরে নয়, রেকর্ড করা বার্তায় তিনি পুতিনের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমি আপনার কাছে জানতে চাই, রাশিয়া কি লাখো মানুষের ওপর কোনোভাবে আড়ি পাতে?’
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গোপন ইলেকট্রনিক নজরদারি তথ্য ফাঁস করে আলোচনায় আসেন স্নোডেন। এরপর তিনি পালিয়ে হংকং যান। সেখান থেকে পাড়ি জমান রাশিয়ায়।
স্নোডেন দক্ষিণ আমেরিকার কোনো একটি দেশে যেতে চেয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র তাঁর পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়ায় আটকা পড়েন। এরপর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক আশ্রয় দেয় রাশিয়া।
স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় দলিলাদি চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। তাঁর আইনজীবীর দাবি, এখনো জীবনের শঙ্কায় আছেন স্নোডেন। জানুয়ারিতে মার্কিন কর্মকর্তাদের কাছ থেকে অনলাইনে মৃত্যুর হুমকি পেয়েছেন তাঁর মক্কেল।
রাশিয়ায় স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের মেয়াদ আজ শেষ হচ্ছে। রাশিয়ায় থাকার অনুমোদন নবায়নের আবেদন করেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
স্নোডেনের আইনজীবী জানান, জুলাইয়ের শুরুর দিকে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তবে প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
নাম প্রকাশ না করা অভিবাসন সূত্রের বরাতে রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্নোডেনের আবেদন গ্রহণ করা হবে। তবে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি আবেদনকারীর ইচ্ছার ওপর নির্ভর করছে।
রাশিয়ার রাজনৈতিক বিজ্ঞানী অ্যালেক্সি মাকারকিনের ভাষ্য, স্বাধীনতার জন্য যে লড়াই, তার প্রতীকে পরিণত হয়েছেন স্নোডেন। এটা রাশিয়ার জন্য উপকারী। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে রাশিয়া এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে যুক্তি তুলে ধরতে পারবে।