রাস্তা পরিষ্কারে ওকাসিওকে আমন্ত্রণ স্লিওয়ার
নিউইয়র্ক নগরের আসছে নির্বাচনে রিপাবলিকান দলের মেয়র পদপ্রার্থী কার্টিস স্লিওয়া সড়কপথ পরিচ্ছন্ন করার কাজে যোগ দিতে কংগ্রেসওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজকে আমন্ত্রণ জানিয়েছেন। কার্টিস স্লিওয়া গত সপ্তাহে একটি চিঠি দিয়ে ওকাসিওকে এই আমন্ত্রণ জানান।
ব্রঙ্কসের পার্কচেস্টার এবং ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউ এলাকা পরিচ্ছন্ন করার কাজে যোগ দেবেন কার্টিস স্লিওয়া। মার্কিন প্রতিনিধি পরিষদের তারকা আইনপ্রণেতা ওকাসিও কর্টেজের নির্বাচনী এলাকায় পড়েছে ব্রঙ্কসের কিছু এলাকা। সড়কপথটি প্রায়ই অপরিচ্ছন্ন থাকে। যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখা যায়।
কার্টিস স্লিওয়া বলেছেন, তিনি নিজে জনপদটি পরিচ্ছন্ন করার কাজে যোগ দেবেন। আসছে ২১ আগস্টে এমন পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেওয়ার জন্য তিনি ওকাসিও কর্টেজকেও আমন্ত্রণ জানিয়েছেন। এমন আমন্ত্রণের মাধ্যমে দল ও মতের ঊর্ধ্বে উঠে নিউইয়র্কে ভালো কাজ করা যাবে বলে তিনি উল্লেখ করেছেন।