রিজওয়ান-তাশফিন দম্পতির বাচ্চাটির কী হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে বয়সে একটি শিশু কেবল হামাগুড়ি দিতে শুরু করে, সেই বয়সেই রিজওয়ান-তাশফিন দম্পতির মেয়েটি গিয়ে পড়েছে একটি মামলার কেন্দ্রবিন্দুতে। তাকে লালনপালন করার দায়িত্ব কে পাবে—সেটি এখন বড় প্রশ্ন। খবর ওয়াশিংটন পোস্টের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে ২ ডিসেম্বর বন্দুক হামলা চালিয়ে ১৪ জনকে হত্যার পর সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিকও পুলিশের গুলিতে নিহত হন।
চলতি বছরের ২১ মে জন্ম হয় রিজওয়ান ও তাশফিনের কন্যা শিশুটির। বর্তমানে সে রয়েছে স্যান বার্নার্দিনো কাউন্টির শিশু নিরাপত্তামূলক সেবাদানকারী সংস্থার হেফাজতে। তার অবস্থান প্রকাশিত না হলেও অনুমান করা যায়, কোনো পালক পরিবারের কাছেই তাকে রাখা হয়েছে।
হামলাকারী দম্পতি ঘটনার আগে আগে রিজওয়ানের মা রাফিয়া ফারুকের কাছে শিশুসন্তানটিকে রেখে যান।
শিশুটিকে কার কাছে রাখা হবে, তা নিয়ে প্রশ্ন উঠলে রিজওয়ানের বড় বোন সায়রা খান ও তাঁর স্বামী ফারখান খান আগ্রহ প্রকাশ করেন। লা সিয়েরায় এলাকায় বসবাসকারী এ দম্পতির সাত বছর বয়সী একটি ছেলে ও দুই বছরের একটি মেয়ে রয়েছে।
গত জুনে রিভারসাইড এলাকার নিজের বাড়ি বিক্রি করে ছেলে রিজওয়ানের কাছে থাকতে আসেন স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন রাফিয়া।
স্বাভাবিকভাবেই মৃত ছেলের সন্তানের দেখভালের দায়িত্ব তাঁর ওপরই বর্তানোর কথা। কিন্তু শিশু সুরক্ষা সংস্কারবিষয়ক জাতীয় জোটের কর্মকর্তা রিচার্ড ওয়েক্সলার বলেন, ব্যাপারটা অত সহজ নয়। কেননা ঘটনার পর রিজওয়ানের বাড়িতে বন্দুক, বিপুল গোলাবারুদ ও পাইপবোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। ফলে শিশুটির দাদি রাফিয়া তদন্তকারীদের মূল্যায়নে উত্তীর্ণ না হলে অন্য কোনো আত্মীয়ের কাছেই রাখা হতে পারে তাকে।