রিজওয়ান ফারুকের আইফোনের তথ্য দেবে না অ্যাপল
যুক্তরাষ্ট্রের স্যান বার্নার্দিনো হত্যাযজ্ঞে অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের তথ্য দেখতে দেওয়ার জন্য এফবিআইয়ের অনুরোধ মানবে না বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। একজন বিচারক অ্যাপলকে এ বিষয়ে এফবিআই বা কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক গতকাল বুধবার বলেন, বন্দুকধারী ফারুকের ব্যবহৃত আইফোনের তথ্যে প্রবেশাধিকার পেতে এফবিআইকে সহায়তা করার আদেশ দিয়ে মার্কিন সরকার ‘নজিরবিহীন পদক্ষেপ’ নিয়েছে। তিনি বলেন, ‘আদালতের এ আদেশের তাৎপর্য বর্তমান এ মামলা ছাড়িয়ে আরও অনেক সুদূরপ্রসারী।’
গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনোতে রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক দম্পতি গুলি করে ১৪ জনকে হত্যা করেন।
১০ বার ভুল পাসওয়ার্ড দিলে স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে থাকা তথ্য মুছে যাওয়ার পদ্ধতি নিষ্ক্রিয় রাখতে গত মঙ্গলবার অ্যাপলকে আদেশ দিয়েছেন আদালত। আদেশটি আইফোনের গ্রাহকের নিরাপত্তা হুমকিতে ফেলেছে বলে উল্লেখ করেন অ্যাপলের সিইও।