রিপাবলিকান নাকি ‘ট্রাম্প’ কনভেনশন
রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন শেষ। দলের এই কনভেনশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের আধিপত্যই ফুটে উঠেছে। কনভেনশনে নিজ প্রশাসনের গায়ে লেগে যাওয়া ‘বর্ণবাদী’ তকমাটি ছেঁটে ফেলতে কিছু তৎপরতা দেখা গেলেও মোটের ওপর ট্রাম্প ও তাঁর প্রশাসনের ‘বর্ণবাদী’ চরিত্রই সামনে চলে এসেছে।
রিপাবলিকান কনভেনশনে বরাবরের মতোই যুক্তরাষ্ট্রকে সেরা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। কিন্তু এই উপস্থাপন কৌশলেই হয়েছে বিপত্তি। এতে যুক্তরাষ্ট্রের যে মুখটি আঁকা হয়েছে, তা মুখ্যত সাদা। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের ধারণাকে বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সামনে নিয়ে এসেছে নানাভাবে। চলতি বছর জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড বা হালের লুইজিয়ানায় কৃষ্ণাঙ্গ হত্যা ও উইসকনসিনে কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওপর গুলি চালানোর ঘটনায় কাঠামোগত বর্ণবাদের যে অভিযোগ উঠেছিল, তা মোকাবিলা করাই ছিল রিপাবলিকান দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সেই চ্যালেঞ্জে বলা যায় দলটির নেতৃত্ব পরাজিত হয়েছে।
প্রায় সম্পূর্ণ ভার্চ্যুয়াল এই কনভেনশনে বক্তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় যুক্তরাষ্ট্রে ক্রমে কট্টর হয়ে ওঠা শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ধারণাটিকে চ্যালেঞ্জ করার বদলে, একটি সমন্বিত কাঠামোর প্রস্তাব তোলার বদলে তাকেই পুষ্টি দিয়েছেন। রয়েছে বহু মিথ্যা ভাষ্য উপস্থাপনেরও অভিযোগ।
ভোটের আগে কালো ও বাদামি মানুষদের দলে টানতে একের পর এক মিথ্যার আশ্রয় নিয়েছেন রিপাবলিকান নেতারা। তাঁরা দেখাতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বর্ণবাদ বরাবরই মাথাচাড়া দিয়েছিল উদারনৈতিকদের সময়ে। তাঁরা এমনকি নিজেদের গা থেকে বর্ণবাদী তকমাটি মুছে ফেলতে যুক্তরাষ্ট্রের ইতিহাস নিয়েই মিথ্যাচার করেছেন। তাঁদের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সব জাতি-গোষ্ঠীকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের আগে আর কেউ করেননি। তাঁর পরাজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বিভাজনের এক নতুন যুগের সূচনা হবে।
নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এটি অনেকটা গোয়েবলসীয় নীতি। যেন সব মানুষ গত চার বছর ঘুমে ছিল। ডোনাল্ড ট্রাম্প যখন মেক্সিকোর সব নাগরিকের গায়ে ‘ধর্ষক’ তকমাটি সেঁটে দিয়েছেন, তখন মার্কিনরা যেন তা শুনতেই পায়নি। যখন তিনি হাইতি ও আফ্রিকা মহাদেশের তাবৎ অধিবাসীকে এক কথায় ‘বর্জ্যতুল্য’ আখ্যা দিয়েছেন, তখনো সবাই চোখ বুজেই ছিলেন যেন। অভিবাসী শিশুদের পরিবার থেকে পৃথক রাখা, তাদের কারারুদ্ধ করে রাখা, ড্রিমারদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের পাঁয়তারা বা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সরাসরি আক্রমণ করা, এমনকি নিজ দেশে সেনা মোতায়েনের মতো হুমকি—সবই যেন কোনো এক দুঃস্বপ্নে ঘটেছে।
রিপাবলিকান কনভেনশনের প্রথম দিন থেকেই অজস্র মিথ্যা হাজির করা হয়েছে সবার সামনে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও তাঁর দল বর্ণবাদকে পৃষ্ঠপোষকতা করে না—এমন ধারণা দিতে হাজির করা হয় সিনেটে দলটির একমাত্র কৃষ্ণাঙ্গ সদস্য টিম স্কটকে। কিন্তু কারও বক্তব্যেই সমন্বিত যুক্তরাষ্ট্রের কোনো চিত্র সামনে না আসায় তা শুধু প্রদর্শনী হয়ে উঠেছে। আর আহত হয়েছে অন্য বর্ণের মানুষেরা।
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ব্যক্তিগত বন্ধুত্বের কথা উল্লেখ করে সাবেক ফুটবল খেলোয়াড় হারশেল ওয়াকার নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘লোকে ডোনাল্ডকে (ট্রাম্প) যেসব নামে ডাকে, তা আমাকে কষ্ট দেয়। এর মধ্যে সবচেয়ে বাজে অভিধাটি হলো বর্ণবাদী। আমার কাছে এটি ভীষণ অপমানজনক যে, গত ৩৭ বছর ধরে একজন বর্ণবাদীর সঙ্গে আমার সম্পর্ক। লোকে তাহলে আমাকে নিয়ে কী ভাববে?’
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হারশেল ওয়াকারের ব্যক্তিগত সম্পর্কের উল্লেখ এখানে একেবারেই অবান্তর। ঠিক যেমন অবান্তর রিপাবলিকান কনভেনশনের প্রথম দিনে দলটির একমাত্র কৃষ্ণাঙ্গ সিনেট সদস্যের বক্তব্য রাখাটা। কারণ, এগুলোর মধ্য দিয়ে দলটির প্রবণতা কোনোভাবেই বদলে যায় না। ইতিহাস ঘাঁটলে এমন ভূরি ভূরি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী, এমনকি দাস ব্যবসায়ীর দেখা মিলতে পারে, যাদের সঙ্গে হয়তো এক বা একাধিক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ব্যক্তিগত সম্পর্ক ছিল। ফলে টিম স্কটের বক্তব্যে এখনকার যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সংকট হিসেবে দেখা দেওয়া বর্ণবাদকে এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়।
কনভেনশনের প্রথম দিন রাখা বক্তব্যে টিম স্কট জর্জ ফ্লয়েডের নাম উচ্চারণ করলেও, সেটি যে হত্যাকাণ্ড ছিল তা বলেননি। এমনকি এই মৃত্যুর ঘটনার সঙ্গে যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত, তাও তিনি উল্লেখ করতে ভুলে গেছেন। বরং তিনি বলেছেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে বর্ণবাদ, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মেরুকরণ সম্পর্কিত বাজে খবরগুলোয় বিশ্বাস করার প্রবণতা রয়েছে। সত্য হচ্ছে, আমাদের দেশ বরাবরই ন্যায্যতার প্রতি নত থেকেছে। যুক্তরাষ্ট্রের মঙ্গলের জন্য আমরা সব নারী ও পুরুষের সাম্যের ওপর আস্থা রাখি। গত চার বছরে এই পথে আমাদের বড় অগ্রগতি হয়েছে।’
টিম স্কট অবশ্য এটা বলেননি, কোন কোন ক্ষেত্রে কী কী অগ্রগতি হয়েছে। তাঁর এবং অন্য রিপাবলিকান নেতাদের ভাষ্যে বরং বারবারই একটি কথাই উঠে এসেছে—জো বাইডেন প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের সর্বনাশ হবে। গত নির্বাচনে তারা যেমন হিলারি জুজু দেখিয়েছিল, ঠিক তেমন জুজু তারা এবারও দেখাচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে ভোট চুরির ভয়। তাদের ভাষ্যমতে, ভোট চুরির জন্য সব ছক এঁকে রেখেছে ডেমোক্র্যাটরা। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বারবার এই কথা বলেছেন। করোনাকালের বাস্তবতায় ডাকযোগে ভোটের গুরুত্ব অনেক বাড়লেও তিনি বরাবরই বলছেন, এভাবে ভোট চুরি হবে। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কোনো ঘটনার নজির নেই। এমন দাবির পেছনে তিনি কোনো প্রমাণও দিতে রাজি নন।
এই প্রবণতা কনভেনশনে রিপাবলিকানদের সব নেতার বক্তব্যে উঠে এসেছে। এতদিন ধরে ট্রাম্প জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডসহ ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন নিয়ে যে বক্তব্য দিয়ে আসছিলেন, এ যেন তাঁরই কথার প্রতিধ্বনি তুলছেন অন্য রিপাবলিকান নেতারা। সবাই যেন ট্রাম্প ও তার পরিবারের বর্ণবাদী অবস্থানকেই সমর্থন করছেন।
এ তো জানা কথাই যে, নির্বাচন মানে ভোটারই সব। ভোটাররাই যুক্তরাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন কিনা, তার উত্তর ভোটাররাই দেবেন। এ কারণে এই ভোটারদেরই প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। নির্বাচনের আগে অভিনব প্রচার কৌশল ব্যবহার করে ভোটারদের নিজের দিকে টানার চেষ্টা সব প্রার্থীই করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার শাসিত রিপাবলিকান দল এটি করছে মিথ্যার বেসাতি ছড়িয়ে। আর এখানেই সমস্যা। এখানেই শঙ্কা যে, তিনি পুনর্নির্বাচিত হলে আজকের বর্ণবাদবিরোধী সম-অধিকার আদায়ের নাগরিক আন্দোলনগুলোর মন্দ পরিণতির। গত নির্বাচনের সময় যে জাতিগত বিভাজনের শঙ্কা করা হয়েছিল, তা তো এখন বাস্তব। তাই এ শঙ্কাও যে অমূলক নয়, তা বলাই যায়।