রিপাবলিকান পার্টিকে ডোবাচ্ছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ পরিবারে এমনিতেই জনপ্রিয় নন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ট্রাম্পকে ‘উদ্ধত’ বলে আখ্যায়িত করেছেন। তাঁর মতে, ট্রাম্প শুধু নিজের অহংবোধে পুষ্টি জোগাতেই ব্যস্ত। আর বাবার পথ অনুসরণ করে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও ট্রাম্পকে মনে করেন, এমন এক ব্যক্তি হিসেবে, যিনি কর্তব্য সম্পর্কে কোনো ধারণা ছাড়াই দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে মানুষের মধ্যে বিদ্যমান অসন্তোষকে ট্রাম্প উসকে দিচ্ছেন বলেও মনে করেন তিনি।
দলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করা এ দুই সাবেক প্রেসিডেন্টই মনে করেন, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিকে ধ্বংস করছেন। এক সাক্ষাৎকারে তাঁরা বলেন, বাণিজ্য ও অভিবাসনের ক্ষেত্রে বিদ্যমান সব বাধা দূর করতে একসময় কাজ করেছে রিপাবলিকান পার্টি। সুসংহত নাগরিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বকে সংহত করার কাজে এ দল নিজেকে নিবেদন করেছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন ও কুইন্সি অ্যাডামস ছিলেন পিতা-পুত্র। এরপর একই পরিবার থেকে, বিশেষ করে পিতার পথ অনুসরণ করে ওভাল অফিসে বসতে পারেননি আর কোনো প্রেসিডেন্টের সন্তান। ফলে মার্কিন রাজনীতির ইতিহাসে জর্জ বুশ ও জর্জ ডব্লিউ বুশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সাবেক এই দুই মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে দ্য লাস্ট রিপাবলিকানস নামের একটি বই হারপারকলিনস থেকে প্রকাশের অপেক্ষায় রয়েছে। মার্ক কে আপডিগ্রোভের লেখা এ বই ১৪ নভেম্বর প্রকাশ হতে পারে। এতে একই পরিবার থেকে উঠে আসা দুই প্রেসিডেন্ট বুশের পারস্পরিক সম্পর্ক যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি বর্তমান মার্কিন প্রশাসন নিয়ে তাঁদের অভিমতও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। আর এ সবকিছু কোনো ধারণাপ্রসূত অনুসিদ্ধান্ত থেকে উঠে আসেনি; বরং বইটির লেখক এসব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেছেন তাঁদের সঙ্গে। আর এতে সাবেক এই দুই প্রেসিডেন্টও যথেষ্ট সহায়তা করেছেন।
মার্ক কে আপডিগ্রোভ একসময়ের ঘটনাপঞ্জি তুলে ধরেছেন, যা বর্তমান সময়ের ‘রিয়ালিটি শো পলিটিক্স’র সঙ্গে তুলনীয় হতে পারে। এটা এমন একসময়ের ঘটনাপঞ্জি, যখন রিপাবলিকান এস্টাব্লিশমেন্টই দল ও ওয়াশিংটনের নিয়ন্ত্রক। আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদ দুটির মাধ্যমে একটিমাত্র পরিবার ২০ বছর নিয়ন্ত্রণ করেছে হোয়াইট হাউস। সব বাদ দিলেও শুধু এ কারণেই দুই বুশের সময়কাল ও মার্কিন রাজনীতি নিয়ে তাঁদের মন্তব্য বেশ গুরুত্বপূর্ণ।
আপডিগ্রোভকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, দুই বুশের কেউই গত প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি। এর মধ্যে সিনিয়র বুশ ভোট দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে। জুনিয়র বুশ অবশ্য এ ক্ষেত্রে বাবাকে অনুসরণ করেননি। তিনি দিয়েছেন ‘না’ ভোট। শুধু তা-ই নয়, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময় আপডিগ্রোভকে জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, ‘আমার ভয় হচ্ছে যে, আমিই সম্ভবত শেষ রিপাবলিকান প্রেসিডেন্ট হতে যাচ্ছি।’ বলার অপেক্ষা রাখে না, তাঁর এ মন্তব্যই বইটির শিরোনাম বাছাইয়ে অনুপ্রেরণা হয়ে কাজ করেছে।
জুনিয়র বুশের এ মন্তব্য সম্পর্কে আপডিগ্রোভ নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সে সময় মনে হয়েছিল, নির্বাচনে জয়ের পথে হিলারি ক্লিনটনের এগিয়ে থাকা নিয়ে তিনি চিন্তিত। কিন্তু সত্যিকার অর্থে এটি আরও গূঢ় অর্থ বহন করে। বিশেষত তাঁর, তাঁর বাবা ও রোনাল্ড রিগ্যানের নীতির দিকে তাকালে এটি সহজেই বোঝা যায় যে তা বর্তমান রিপাবলিকান পার্টির নীতি থেকে অনেকটাই আলাদা। বিশেষত ডোনাল্ড ট্রাম্প অন্য জাতির প্রতি অহেতুক ঘৃণা ও ভীতি এবং রক্ষণশীলতাকে পুঁজি করে যে রিপাবলিকান পার্টিকে সবার সামনে হাজির করেছেন, তা থেকে তাঁদের নীতি ও দল আলাদা ছিল।
বর্তমান প্রেসিডেন্ট সম্পর্কে সাবেক এ দুই প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশের পর হোয়াইট হাউসও প্রতিক্রিয়া জানিয়েছে। ৪ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেন, বিশেষ উদ্দেশ্যে আজীবন রাজনীতিকদের হাত থেকে মার্কিন প্রশাসনকে পরিবর্তনের আকাঙ্ক্ষাতেই একজন বহিরাগতের হাতে তুলে দিয়েছেন মার্কিন ভোটাররা। তাঁরা যদি কয়েক দশক ধরে চলমান মারাত্মক ভুলগুলোকে চলতে দিতে চাইতেন, তাহলে তাঁরা মানুষের চেয়ে রাজনীতিকেই প্রাধান্য দেন, এমন আরেকজন প্রথাবদ্ধ রাজনীতিককেই বেছে নিতেন।
ট্রাম্প সম্পর্কে আপডিগ্রোভের সঙ্গে আলাপকালে অনেক স্পষ্ট বক্তব্য দিয়েছেন সিনিয়র বুশ। ২০১৬ সালের মে মাসে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি তাঁকে পছন্দ করি না। আমি তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে এটা জানি যে, তিনি ভীষণ উদ্ধত। আর একজন নেতা হিসেবে আমি তাঁকে নিয়ে আশার তেমন কিছু দেখি না। জনসেবার মূলনীতির পরিবর্তে তিনি নিজের অহংবোধ দ্বারাই বেশি পরিচালিত হন।’
বর্তমান প্রেসিডেন্টের বিষয়ে অসন্তোষ থাকলেও মন্তব্য করার ক্ষেত্রে জুনিয়র বুশ বরং অনেকটাই সতর্ক। বিশেষত জেব বুশের নির্বাচনী প্রচার কার্যক্রম ট্রাম্প যেভাবে ধসিয়ে দিয়েছেন, তা বাবার মতো জুনিয়র বুশের হৃদয়কেও বিদ্ধ করেছে ভীষণভাবে। এ বিষয়ে জর্জ ডব্লিউ বুশ বলেন, ‘হয় এর মধ্য থেকে নিজের ক্রোধকে কাজে লাগানোর প্ররোচনা খুঁজে পাবে, নয়তো এর মোকাবিলার জন্য কোনো নতুন পরিকল্পনা করবে তুমি। কিন্তু ওই মুহূর্তে এটি পুরো মাথাই বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি যদি ক্ষমতার ওপরই ক্রুদ্ধ হয়ে থাকো, হও। কিন্তু তুমি বলছ, তথাকথিত এস্টাবলিশমেন্টের কথা। কিন্তু নিজের বাবা ও ভাইকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে পাওয়ার চেয়ে আর কোনো কিছুই বেশি প্রতিষ্ঠিত বা ক্ষমতাবান নয়।’
প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ট্রাম্প যখন হাজির হলেন, তখন জুনিয়র বুশ ভেবেছিলেন তিনি টিকবেন না। কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে রিপাবলিকান মনোনয়ন পেয়ে বসলেন তিনি। যখন ট্রাম্প ঘোষণা করলেন, ‘আমিই আমার উপদেষ্টা’, তখনো বুশ ভাবছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব বোঝেন না। ট্রাম্পের মধ্যে বিনয় ও নম্রতারও যথেষ্ট অভাব দেখছেন জুনিয়র বুশ। তিনি বলেন, ‘আমার পরিবারের দিকে তাকালে সুনির্দিষ্ট একটি ঐতিহ্য দেখতে পাবেন। কিন্তু আমরা এটি ট্রাম্পের মধ্যে দেখতে পাচ্ছি না।’
সব মিলিয়ে বারুদে ঠাসা একটি বই-ই প্রকাশ হতে যাচ্ছে। আর তা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জর্জ ডব্লিউ বুশের পরোক্ষ সমালোচনার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই। কিছুদিন আগে নিউইয়র্কে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় বুশ ট্রাম্প প্রশাসনের গৃহীত বিভিন্ন নীতিকে ‘সংকীর্ণ’ ও চলমান রাজনৈতিক চর্চাকে ‘অসতর্ক হিংস্রতা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আজ হিংসার শক্তি বেড়েছে। আর আমাদের রাজনীতিকে অনেক বেশি অস্থিতিশীল মনে হচ্ছে।’