রিপাবলিকান পার্টিতে গৃহবিবাদ

দ্বিতীয় বিতর্কে হিলারির সঙ্গে সমানে সমানে লড়ে ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন নিজের পায়ের তলায় ফের মাটি খুঁজে পেয়েছেন। কিন্তু সে বিতর্কের পর ১২ ঘণ্টা না যেতেই তাঁর ভুলটা ধরা পড়ল। রিপাবলিকান পার্টির সর্বোচ্চ নির্বাচিত প্রতিনিধি, কংগ্রেসের স্পিকার পল রায়ান জানিয়ে দিলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে কোনো কিছুই করবেন না। নির্বাচনে হিলারি ক্লিনটনের বিজয় অনিবার্য, সে কথা কার্যত স্বীকার করে নিয়ে তিনি জানিয়েছেন, ৮ নভেম্বর ভোট গ্রহণের আগ পর্যন্ত তিনি কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টির চলতি নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রাখতে ব্যয় করবেন।
বলাই বাহুল্য, পল রায়ানের এই সিদ্ধান্ত দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প মোটেই সুনজরে দেখেননি। তিনি এক টুইটার বার্তায় পরামর্শ দিয়েছেন, নিজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর সঙ্গে ঝগড়া না করে তাঁর উচিত হবে বাজেট প্রস্তাব, কর্মসংস্থান ও অবৈধ অভিবাসন সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া।
গত সোমবার কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক টেলি-কনফারেন্সে পল রায়ান কোনো রাখঢাক ছাড়াই দলের নির্বাচিত প্রতিনিধিদের পরামর্শ দেন, হিলারি ক্লিনটনকে সামাল দিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাঁর সে কথা থেকে স্পষ্ট ট্রাম্পের পক্ষে নির্বাচনে জেতা আর সম্ভব নয়, সে কথা তিনি মেনে নিয়েছেন। রায়ান কংগ্রেস সদস্যদের যাঁর যাঁর নিজের নির্বাচনী আসন রক্ষার জন্য যা কিছু করণীয়, তা করতে সব শক্তি নিয়োগ করার বুদ্ধি দেন। তিনি বলেন, হিলারি ক্লিনটন যাতে ‘ব্ল্যাঙ্ক চেক’ না পান, তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করতে হবে।
রায়ানের এই কথায় সবাই জোর সমর্থন দিয়েছে, তা মোটেই নয়। একাধিক রিপাবলিকান সূত্র উদ্ধৃত করে ওয়েব পত্রিকা ‘দ্য হিল’ ও ‘পলিটিকো’ জানিয়েছে, রক্ষণশীল রাজ্যগুলোর কংগ্রেস সদস্যরা, যাঁরা আগামী নির্বাচনে বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন না, তাঁরা রায়ানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তাঁরা যুক্তি দেখান, ‘ট্রাম্প আমাদের দলের প্রার্থী, দলের স্বার্থেই তাঁকে সমর্থন করা উচিত।’
রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রিন্স প্রিবাসও সেই কথাই বলেছেন। তিনিও রায়ানের মতো ট্রাম্পের অশালীন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, কিন্তু ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন প্রত্যাহার করেননি। ‘দ্য হিল’ জানিয়েছে, রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির ১৬৮ জন সদস্যের সঙ্গে প্রিবাস গত সোমবার টেলিফোনে কথা বলে ট্রাম্পের প্রতি সমর্থনের কথা জানান। দল ট্রাম্পের নির্বাচনে কোনো অর্থ ব্যয় করবে না বা এই কাজে সক্রিয়ভাবে হাত লাগাবে না বলে যে কথা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রিবাস তা সত্য নয় বলে জানান।
দলের দুই প্রধান নেতার এই পরস্পরবিরোধী বক্তব্য থেকে স্পষ্ট রিপাবলিকান পার্টি দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী নিয়ে ভালো ঝামেলায় পড়েছে। যে ভাষায় ও ভঙ্গিতে ট্রাম্প নারীদের ব্যাপারে কথা বলেছেন, তা যৌন উৎপীড়ন ছাড়া অন্য কিছু নয়। যেসব কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন, ট্রাম্পের ভিডিও টেপটি প্রকাশিত হওয়ার পর তার থেকে যতটা সম্ভব ট্রাম্পের সঙ্গে নিজেদের দূরত্ব বজায় রাখা যুক্তিযুক্ত বলে ভাবছেন।
ভাবা হয়েছিল এই ভিডিও টেপ প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের পক্ষে টিকে থাকা অসম্ভব হবে। কিন্তু দ্বিতীয় বিতর্কে ট্রাম্প অপ্রত্যাশিতভাবে দলের সমর্থকদের চোখে চমৎকার ফল করায় তাঁকে ছুড়ে ফেলে দেওয়া অসম্ভব হয়ে পড়ে। দলের ভেতরে যাঁরা ট্রাম্পের কট্টর সমর্থক, তাঁরা ভিডিও টেপ সত্ত্বেও তাঁদের অবস্থান পরিবর্তন করেননি।
দলের তৃণমূল পর্যায়ের অনেক নেতা ও কর্মী স্পিকার রায়ানের বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ভার্জিনিয়ায় ট্রাম্পের নির্বাচনী কমিটির প্রধান কোরি স্টুয়ার্ট যেসব রিপাবলিকান নেতা ট্রাম্পের প্রতি সমর্থন প্রত্যাখ্যানের কথা ঘোষণা করেছেন, তাঁদের ‘প্রতিষ্ঠানপন্থী ও পেশাদার রাজনীতিক’ বলে উপহাস করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এরা কখনোই দলের সাধারণ সদস্যের স্বার্থ রক্ষা করেনি, করবেও না।’ ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন ম্যানেজার কোরিলি ওয়ান্ডাউস্কিও ট্রাম্পবিরোধী রাজনীতিকদের ‘ফালতু’ বলে তাঁদের প্রতি নিজের বিরক্তি প্রকাশ করেন।
তৃণমূল পর্যায়ে ট্রাম্পের সমর্থন এখনো অটুট, দলের চেয়ারম্যান প্রিবাস সে বিষয়টি মাথায় রেখেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পল রায়ান যে নিজস্ব অঙ্ক না কষে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ভাবার কোনো কারণ নেই। চার দিন আগে অশ্লীল ও আপত্তিকর বক্তব্য-সংবলিত ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও টেপ প্রকাশিত হওয়ার পর প্রথম যে জনমত জরিপের ফলাফল সোমবার প্রকাশিত হয়, তাতে স্পষ্ট জাতীয় পর্যায়ে ট্রাম্পের সমর্থন দ্রুত কমে আসছে। এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃক গৃহীত এই জরিপে হিলারি ও ট্রাম্পের জনসমর্থন যথাক্রমে ৫২ ও ৩৮ শতাংশ, বা ১৪ পয়েন্ট। লিবার্টারিয়ান ও গ্রিন পার্টির প্রার্থীদের হিসাবে আনলে এই ব্যবধান কমে দাঁড়ায় ১১ পয়েন্ট। নির্বাচনের এত কাছাকাছি এত পিছে থেকে কারও পক্ষে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব, সে কথায় অধিকাংশ বিশ্লেষক একমত।
শুধু জাতীয় জনমতেই নয়, অঙ্গরাজ্য পর্যায়ের জরিপেও হিলারির অবস্থা ভালো। সর্বশেষ জনমত জরিপে ‘ব্যাটল গ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত পেনসিলভানিয়া, ফ্লোরিডা, উইসকনসিন ও ওহাইওতে হিলারি ২ থেকে ১১ পয়েন্টে এগিয়ে। এই রাজ্যগুলোতে জয়ী না হলে ট্রাম্পের পক্ষে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট সংগ্রহ কার্যত অসম্ভব।
ট্রাম্পের জনসমর্থন নাটকীয়ভাবে কমে এলে কংগ্রেস ও সিনেট নির্বাচনে তার প্রতিক্রিয়া পড়বে। এত দিন ভাবা হয়েছিল, ট্রাম্পের কারণে শুধু সিনেটে রিপাবলিকান নিয়ন্ত্রণ হুমকির সম্মুখীন। কিন্তু দলের অভ্যন্তরীণ জরিপ থেকে বোঝা যাচ্ছে, ধস ঠেকানো না গেলেও প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতাও ঝুঁকির মুখে পড়বে। পল রায়ান সেই বিপদ এড়াতেই আত্মরক্ষার নিজস্ব পথ অনুসরণের সিদ্ধান্ত নিয়েছেন।