রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশীদের যত রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে কাল শনিবার রিপাবলিকান দলের প্রাইমারি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে কে প্রার্থী হবেন, তার বাছাইপর্বের এই নির্বাচনে ছয়জন মনোনয়নপ্রত্যাশী এখনো প্রতিযোগিতায় টিকে আছেন। ভোট শুরু হওয়ার আগে তাঁরা প্রতিটি ভোটের জন্য লড়ে যাচ্ছেন। এই লড়াইয়ে তাঁরা যে পরীক্ষিত অস্ত্রটি ব্যবহার করছেন, তা হলো—একে অপরের বিরুদ্ধে নিন্দা, অপবাদ এবং কোনো কোনো ক্ষেত্রে সরাসরি গালি।

মূল লড়াই হবে দুই মনোনয়নপ্রত্যাশী ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প ও সিনেটর টেড ক্রুজের মধ্যে। সবশেষ জনমত গণনায় ক্রুজের তুলনায় প্রায় ১৬ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। নিজের বিজয় সম্বন্ধে অতি আস্থাবান ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী ক্রুজ এবং রিপাবলিকান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ‘ক্রুদ্ধ সমালোচনা’ অব্যাহত রেখেছেন, যা কারও কারও ভাষায় ‘ক্লাউন শো’।

তৃতীয় স্থানে থাকার জন্য মাটি কামড়ে পড়ে আছেন সিনেটর মার্কো রুবিও এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। অন্য দুজন ওহাইওর গভর্নর জন কেইসিক ও শল্যচিকিৎসক বেন কারসন সম্ভবত এই প্রাইমারির পরে নির্বাচনী লড়াই থেকে বিদায় নেবেন।

সাউথ ক্যারোলাইনার রাজনীতি বরাবরই ‘নোংরা’ হিসেবে পরিচিত। এই অঙ্গরাজ্যের সেই কুখ্যাতি যথারীতি এবারও অটুট।

এখানকার রক্ষণশীল ভোটারদের খেপিয়ে তুলতে ট্রাম্পকে গর্ভপাতের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু করেছেন ক্রুজ। ১৯৯৯ সালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি প্রবলভাবে গর্ভপাতের সমর্থক। ক্রুজ খুঁজে খুঁজে সেই ভিডিও ফুটেজ জোড়া লাগিয়ে বিজ্ঞাপনটি বানিয়েছেন।

এসব দেখেশুনে ট্রাম্প রেগেমেগে কাই। ‘সব মিথ্যা, সব মিথ্যা, আমি বরাবর গর্ভপাতের বিরুদ্ধে’—ট্রাম্প এই দাবি করে ক্রুজের বিরুদ্ধে মামলা করার কথা ঘোষণা দিয়েছেন। শুধু এ ব্যাপারেই নয়, ক্রুজ কানাডায় জন্মগ্রহণ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন—মর্মে আদালতে মামলা ঠোকার কথা বলেছেন ট্রাম্প। জবাবে ক্রুজ বলেছেন, ‘বিলম্ব কেন? এখনই মামলা করো।’ মামলা হলে ক্রুজ নিজে আত্মপক্ষ সমর্থন করে আইনজীবীর দায়িত্ব পালন করবেন।

ট্রাম্প অবশ্য এর আগেও ক্রুজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। আইওয়া ককাসে ক্রুজের কাছে পরাজিত হওয়ার পর তিনি অভিযোগ করেছিলেন, ক্রুজ ‘রোবো কলের’ মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন। সে সময় শল্যচিকিৎসক বেন কারসনও ক্রুজের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছিলেন।

ক্রুজের বিরুদ্ধে আরেক অভিযোগ তুলেছেন সিনেটর রুবিও। ক্রুজের নির্বাচনী কমিটি ‘দি রিয়েল রুবিও রেকর্ড’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে। সেখানে বলা হয়েছে, রুবিও একসময় অবৈধ অভিবাসীদের পূর্ণ নাগরিকত্ব প্রদানের পক্ষে ছিলেন।

রুবিও বলেছেন, এসব কথা সম্পূর্ণ মিথ্যা।

এর চেয়েও বড় অপরাধ, ওই ওয়েবসাইটে ফটোশপের মাধ্যমে দেখানো হয়েছে রুবিও প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সহাস্যে করমর্দন করছেন।

সরোষে রুবিও বলেছেন, এই লোকটা (ক্রুজ) আজন্ম মিথ্যাবাদী। তাঁর নির্বাচনী কমিটির মাথা থেকে পা পর্যন্ত মিথ্যাবাদীতে ভরা।

তবে এসব বিষয় ছাপিয়ে যা বড় হয়ে উঠেছে, তা হলো—৯ / ১১-এর ঘটনার জন্য জর্জ বুশকে অভিযুক্ত করে ট্রাম্পের বক্তব্য। গত সপ্তাহে এক বিতর্কে ট্রাম্প অভিযোগ করেন, ইরাক যুদ্ধে যাওয়া ছিল খুবই বোকামি। সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে—এই মিথ্যাচার করে বুশ ইরাক আক্রমণ করেছেন। এ জন্য তাঁর বিচার হওয়া উচিত। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৯ / ১১-এ হামলা ঠেকাতে বুশ ব্যর্থ হয়েছেন।

নিজ দলের একজন মনোনয়নপ্রত্যাশীর তোলা এমন একটি অভিযোগ হজম করা রিপাবলিকান দলের জন্য প্রায় অসম্ভব। তাই ক্রুজ, রুবিও ও জেব বুশসহ অন্য প্রার্থীরা ট্রাম্পকে তাঁর ‘অ-রিপাবলিকানসুলভ’ বক্তব্যের জন্য কঠিন ভাষায় আক্রমণ করেছেন।

ট্রাম্পের বক্তব্যে দলের অন্য নেতারাও ভীষণ বিব্রত হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি। তিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের কথার সঙ্গে অতি-বামপন্থীদের কোনো তফাত নেই।

ট্রাম্প অবশ্য বিলম্ব না করেই পাল্টা আঘাত হেনে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হার্বারে জাপানি আক্রমণের চেয়েও বড় আক্রমণ ছিল ৯ / ১১-এর সন্ত্রাসী হামলা। আর সেই ঘটনা ঘটে জর্জ বুশের নাকের ডগার ওপর।

ট্রাম্প আরেক বিতর্ক বাধিয়েছেন পোপ ফ্রান্সিসকে নিয়ে। চলতি সপ্তাহে মেক্সিকো সফরের একপর্যায়ে ট্রাম্পের নাম উল্লেখ না করে পোপ বলেন, অভিবাসীদের ঠেকানোর নামে দেয়াল বানানোর প্রস্তাব অ-খ্রিষ্টানসুলভ।

জবাবে পোপের মন্তব্য ‘অসম্মানজনক’ ও ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন ট্রাম্প। নিজেকে পাক্কা খ্রিষ্টান দাবি করে তিনি বলেন, মেক্সিকো সরকার পোপের কানে কানে তাঁর বিরুদ্ধে মন্দ কথা বলেছে। এ জন্যই পোপ তাঁর সম্পর্কে অমন কথা বলেছেন।

ট্রাম্পের প্রচার কমিটি থেকে মনে করিয়ে দেওয়া হয়েছে, খোদ ভ্যাটিকান নগর, যেখানে পোপ ফ্রান্সিস থাকেন, তার চারধারও উঁচু পাঁচিল দিয়ে ঘেরা।