রিপাবলিকান মেয়র প্রার্থীকে জানুন

সময় পাঁচ সপ্তাহের কম। আগামী ৭ নভেম্বর হতে যাচ্ছে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। মেয়র পদে প্রধান প্রার্থী বর্তমান ক্ষমতাসীন মেয়র বিল ডা ব্লাসিও। যিনি একজন ডেমোক্র্যাট। তাঁর বিরুদ্ধে লড়ছেন ৩৬ বছর বয়সী রিপাবলিকান মহিলা প্রার্থী নিকোল মলিওটাকিস। যিনি স্ট্যাটেন আইল্যান্ড ও ব্রুকলিন এলাকার একাংশের অ্যাসেম্বলিওমেন।
নির্বাচিত হলে মেলিওটকিসই হবেন প্রথম মহিলা মেয়র। ২০১০ সালে তিনি ডেমোক্রেটিক অ্যাসেম্বলিওমেন হাইয়ার স্পেনসারকে পরাজিত করে নির্বাচিত হন। তাঁর মতে, তিনি একজন ক্ষমতাসীন অ্যাসেম্বলিওমেনকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন। তাঁর আশা, তিনি বর্তমান মেয়রকে পরাজিত করে সেটা আবার করতে পারবেন।
মেলিওটকিস তাঁর কিউবান মা ও গ্রিক বাবা সম্পর্কে বলতে গিয়ে বলেন, তাঁরা ইংরেজিতে কোনো রকম দক্ষতা ছাড়াই আমেরিকা এসেছিলেন, তাঁদের দ্বিতীয় প্রজন্মের সন্তান আজ মেয়র পদের জন্য লড়ছেন। শুধু আমেরিকাতেই সেটা সম্ভব। উল্লেখ্য যে তাঁর মা-বাবা ১৯৭১ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন।
মলিওটাকিস সিটন হল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন। তিনি সাবেক গভর্নর জর্জ প্যাটাকির সঙ্গে কাজ করেছেন। বর্তমান পদে নির্বাচিত হওয়ার আগে কন এডিসন কোম্পানির জনসংযোগ ম্যানেজার ছিলেন। মিস মেলিওটাকিস চতুর্থবারের মতো তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এখনো অবিবাহিত।
রিপাবলিকান পার্টি ও এই দলের সমর্থকদের সহায়তায় মলিওটাকিস বেশ মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করেছেন, যার পরিমাণ ৭ লাখ ডলারেরও বেশি। নিয়মানুসারে তিনি নির্বাচনী প্রচার বোর্ড থেকে ২৫ লাখ ডলার মিলিত তহবিল পেয়েছেন। উল্লেখ্য, এই নির্বাচনী প্রচার বোর্ড থেকে মিলিত তহবিল পেতে হলে প্রথমে জনসাধারণের অনুদান বা চাঁদা কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ডলার সংগ্রহ করতে হবে।
আমেরিকার নির্বাচনে প্রতিপক্ষকে আক্রমণ করার একটি প্রথা হলো, একে অপরকে টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে আক্রমণ করা। মলিওটাকিস সে ব্যাপারে পিছিয়ে থাকেননি। মিলিত তহবিল পেয়েই বর্তমান মেয়রের বিরুদ্ধে বিজ্ঞাপন তৈরি করেছেন, যা তাঁর নির্বাচনী প্রচারে গতি এনেছে। তাঁর বিজ্ঞাপনটির নাম ‘সাবওয়ে নাইটমেয়ার’ বা ‘সাবওয়ে আতঙ্ক’। বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে, সাবওয়ে নিউইয়র্কবাসীর একটি দুঃস্বপ্ন। কারণ, প্রতি মাসে ৭০ হাজার ট্রেনে বিলম্ব হচ্ছে। এই বিজ্ঞাপন দিয়ে তিনি মেয়রকে আক্রমণ করলেও আসলে মেয়র সাবওয়ে নিয়ন্ত্রণ করেন না। প্রকৃত তথ্য হলো, সাবওয়ে নিয়ন্ত্রণ করে মেট্রোপলিটন ট্রানজিট অথোরিটি বা এমটিএ, যার চেয়ারম্যানের নিয়োগ দিয়ে থাকেন নিউইয়র্কের গভর্নর এন্ডু কোমো। বিজ্ঞাপনচিত্রটিতে সাবওয়েতে যৌন হয়রানির মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। আসলে সম্প্রতি এমটিএ জোরপূর্বক গায়ে ছোঁয়ার মতো অপরাধের জন্য নালিশের পদ্ধতি অনেক সহজ করেছেন বলেই এই সংখ্যা বৃদ্ধির কারণ।
মেয়রের সরকারি বাড়ি ম্যানহাটনের গ্রেসি ম্যানশন থেকে সাবওয়ে ব্যবহার না করে গাড়ি চালিয়ে তাঁর আগের আবাস ব্রুকলিনের পার্ক স্লোপের ওয়াইএমসিএর ব্যায়ামাগারে যান বলেও অভিযোগ তোলা হয়েছে। জবাবে মেয়র জিমে যাওয়ার জন্যে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার অর্থহীন বলে জবাব দিয়েছেন।
একজন ইমিগ্র্যান্টের সন্তান হলেও জনপ্রতিনিধি হিসেবে মিস মেলিওটকিসের কার্যাবলি ইমিগ্র্যান্টবিরোধী—কারণ বর্তমান মেয়রের একটি অতি জনপ্রিয় ও সাফল্যজনক প্রকল্প হলো এনওয়াইসি আইডি, যার মাধ্যমে মেয়র সব নিউইয়র্কবাসীকে (অভিবাসন মর্যাদা-নির্বিশেষে) পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করেছেন। বর্তমান রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রশ্ন আসে পরিচয়পত্র গ্রহণের সময় যেসব তথ্য দেওয়া হয়েছে, তা ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে কি না? বর্তমান মেয়র তখন কোনো তথ্য না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। মেলিওটকিস মেয়রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। মেয়রের এই সিদ্ধান্তের কারণে ফেডারেল সাহায্য প্রত্যাহার করা হবে বলে বলা হলে মেলিওটকিস সেটাও সমর্থন করেন।
নিউইয়র্ক সিটিতে প্রতি সাতজনের ছয়জন যেখানে নিবন্ধিত ডেমোক্র্যাট সেখানে একজন কট্টর রিপাবলিকান মেয়র হিসেবে মিস মেলিওটকিস কত ভোট সংগ্রহ করতে পারবেন তা দেখতে অবশ্যই ৭ নভেম্বর রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে কিউনিপিয়েক ইউনিভার্সিটি তাদের জরিপে বলছে বর্তমান মেয়র ৭০ ভাগেরও বেশি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হবেন।