
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন গতকাল সোমবার ওহাইয়ো রাজ্যের ক্লিভল্যান্ডে শুরু হয়েছে। এই সম্মেলনের চতুর্থ দিনে ডোনাল্ড ট্রাম্পকে দলের সর্বসম্মত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করার কথা। এ বিষয়টি মাথায় রেখে ট্রাম্প নিজে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন।
রোববার সিবিএস টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেন, তাঁর মনোনয়নের প্রশ্নে দলে বিভক্তি রয়েছে। এই বিভক্তি কাটিয়ে উঠতে এবং রক্ষণশীলদের মধ্যে তাঁর সমর্থন জোরদার করতেই তিনি ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে নিজের রানিং মেট হিসেবে নির্বাচন করেছেন।
দলীয় ঐক্যের ব্যাপারে ট্রাম্পের এই আশাবাদ সত্ত্বেও ক্লিভল্যান্ডে ঐক্যের বদলে অনৈক্যের সুরই বাজছে বেশি। দলের অনেক শীর্ষস্থানীয় নেতা সম্মেলনে অংশ নিচ্ছেন না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই ফ্লোরিডার প্রাক্তন গভর্নর জেব বুশ ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক নিবন্ধে ট্রাম্পের ব্যাপারে তাঁর আপত্তির কথা কোনো রাখঢাক ছাড়াই ব্যাখ্যা করেছেন। নিবন্ধের শিরোনাম, ‘ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি অথবা আমেরিকার ভবিষ্যৎ নয়।’ এতেই বুশের বক্তব্য বেরিয়ে এসেছে।
আগামী চার মাস রাজনৈতিক প্রচারণা অত্যন্ত ‘মনোরঞ্জনমূলক’ হবে, তবে সে প্রচারণা শেষে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং এর মধ্য দিয়ে দেশে সুস্থাবস্থা ফিরে আসবে, এমন কোনো আশা তাঁর নেই বলে তিনি লিখেছেন। উল্লেখ্য, বাছাইপর্বের প্রতিযোগিতায় ট্রাম্পের কাছে পরাস্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান জেব বুশ। তিনি সম্মেলনে অংশগ্রহণে অসম্মত থাকলেও ট্রাম্পের একাধিক সাবেক প্রতিদ্বন্দ্বী এতে ভাষণ দেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি ও সাবেক শল্যচিকিৎসক বেন কারসন।
ট্রাম্প আশা করেছিলেন, প্রাতিষ্ঠানিক রাজনীতিকদের বদলে তিনি ক্রীড়া, সংগীত ও চলচ্চিত্রজগতের নামজাদা তারকাদের সম্মেলনে বক্তা হিসেবে হাজির করাবেন। কিন্তু তাঁদের অনেকেই নানা ছুতোয় সম্মেলনে আসার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন। বিস্তর টানাহেঁচড়ার পর যাঁরা অংশ নিতে সম্মত হয়েছেন, তাঁদের অধিকাংশই বড়জোর ‘দ্বিতীয় শ্রেণির’ তারকা। বিখ্যাত ফুটবল খেলোয়াড় টিমটিবোকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। খেলার মাঠে হাঁটু মুড়ে প্রার্থনা করার জন্য বিখ্যাত এই খেলোয়াড় জানিয়ে দিয়েছেন, তিনি আসতে পারবেন না।