সিরিয়া থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘নিরাপত্তা ঝুঁকি’র কথা বলে তাঁদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াটা মার্কিন মূল্যবোধের সঙ্গে প্রতারণার শামিল।
প্যারিসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে রিপাবলিকান দলের নেতারা সিরিয়ার বাস্তুচ্যুত লোকজনকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কর্মসূচি স্থগিত করার উদ্যোগ নিচ্ছেন। তাঁদের আশঙ্কা, শরণার্থীদের সঙ্গে মিশে সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে চলে আসতে পারে। খবর বিবিসি ও এএফপির।
প্রেসিডেন্ট ওবামা গত মঙ্গলবার ফিলিপাইনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিরোধী নেতাদের শরণার্থী ঠেকানোর প্রয়াসকে উন্মত্ততা বলে আখ্যায়িত করেছেন। ওবামা বলেন, ‘সন্ত্রাসী হামলার জবাব দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, ভালো-ভাবে তা পাওয়া যায়নি। বরং আমরা ভয় ও আতঙ্কে নিমজ্জিত হয়ে গেছি।’
যুক্তরাষ্ট্রের ১২টির বেশি অঙ্গরাজ্যের গভর্নর ঘোষণা দিয়েছেন, তাঁরা সিরিয়ার কোনো শরণার্থী আপাতত গ্রহণ করবেন না। তবে পররাষ্ট্র দপ্তর বলেছে, এর কোনো আইনী ভিত্তি আছে কিনা তা স্পষ্ট নয়।