রিপোর্টারদের জনগণের শত্রু বলবেন না, ট্রাম্পকে নিউইয়র্ক টাইমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিউইয়র্ক টাইমসের প্রকাশক রিপোর্টারদের ‘জনগণের শত্রু’ বলে আখ্যায়িত না করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে জোর অনুরোধ করেছেন। তিনি বলেন, এটা করলে গণমাধ্যমের বিরুদ্ধে ‘সহিংসতা’ হতে পারে।

বিবিসি জানায়, বিষয়টি নিয়ে ট্রাম্প টুইট করার পর এজি সালজবার্গ তাঁদের ‘অব-দ্য-রেকর্ড’ বৈঠকের সব বিষয় প্রকাশ করেন।

ট্রাম্প তাঁর প্রাথমিক টুইটে বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলেছিলেন।

কিন্তু পরে তিনি গণমাধ্যমকে তাদের খবরের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার জন্য অভিযুক্ত করেন।

তাঁর প্রথম টুইটে বলা হয়: ‘মিডিয়ার ছেড়ে দেওয়া একরাশ ভুয়া খবর এবং কীভাবে সেই ভুয়া খবর থেকে ‘জনগণের শত্রু’ বাগধারাটি জন্ম নিয়েছে, এগুলো নিয়েই বেশি কথা হয়। দুঃখজনক!’

তিনি নিজে এই বাগধারা বারবার ব্যবহার করে থাকেন, সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি।

নিউইয়র্ক টাইমস এরপর তাদের বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, পত্রিকাটি ‘তাদের আলোচনা সম্পর্কে প্রেসিডেন্টের বক্তব্যের জবাব দেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে।

সালজবার্গ বলেন, প্রেসিডেন্টের ‘গভীরভাবে সমস্যাজনক গণমাধ্যমবিরোধী বাগাড়ম্বর’ নিয়ে উদ্বেগ প্রকাশের উদ্দেশ্যই তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন।

সালজবার্গ বলেন, তিনি ট্রাম্পকে জানিয়েছেন ‘ভুয়া খবর’ বাগধারাটি ‘অসত্য ও ক্ষতিকর’, তবে তিনি ‘অনেক বেশি উদ্বিগ্ন সাংবাদিকদের তাঁর (ট্রাম্পের) “জনগণের শত্রু” বলে আখ্যায়িত করার বিষয়টি নিয়ে।’

প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকতার বিরুদ্ধে আক্রমণ পুনর্বিবেচনা করতে বলছে নিউইয়র্ক টাইমস। ছবি: এএফপি
প্রেসিডেন্ট ট্রাম্পকে সাংবাদিকতার বিরুদ্ধে আক্রমণ পুনর্বিবেচনা করতে বলছে নিউইয়র্ক টাইমস। ছবি: এএফপি

সালজবার্গ আরও বলেন. ‘আমি সতর্ক করেছি, এই উত্তেজনাকর ভাষা সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি বৃদ্ধিতে ইন্ধন জোগাচ্ছে এবং সহিংসতার জন্ম দেবে।’

সালজবার্গ বলেন, তিনি প্রেসিডেন্টকে বলেছেন, এটা বিশেষভাবে সত্যি, অন্যান্য দেশে, যেখানে সাংবাদিকদের দমানোর জন্য কোনো কোনো সরকার ট্রাম্পের বাগাড়ম্বর ব্যবহার করছে।

‘আমি সতর্ক করেছি, এটি জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে। এটি আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শ ক্ষুণ্ন করছে এবং এটি আমাদের দেশের সেরা রপ্তানিগুলোর একটি বিনষ্ট করছে: বাক্‌স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের প্রতি অঙ্গীকার।’

নিউইয়র্ক টাইমসের প্রকাশক বলেন, তিনি তাঁর পত্রিকার সংবাদ প্রচারে অখুশি হলে নিউইয়র্ক টাইমসের সমালোচনা থেকে ট্রাম্পকে বিরত থাকতে বলছেন না, তবে তাঁকে তাঁর (ট্রাম্পের) ‘সাংবাদিকতার বিরুদ্ধে আক্রমণ পুনর্বিবেচনা’ করতে বলছেন।