রিমার অ্যাডজাস্টমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমা অনার্স কমপ্লিট করার পর মাস্টার্সে ভর্তি হওয়ার চিন্তাভাবনা করছিল। আর ঠিক সেই মুহূর্তে রায়হানের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। রায়হান আমেরিকা থেকে তিন সপ্তাহের ছুটিতে বাংলাদেশ গিয়েছিল। রিমাকে দেখতে গিয়ে পছন্দ হয়ে যাওয়ায় তার পরের সপ্তাহে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য করা হলো। বিয়ের পর রায়হান আমেরিকায় আসার আগে মাত্র ১০ দিন ওরা একসঙ্গে সময় কাটাতে পেরেছে। রিমারা তিন বোন ছিল খুবই সুন্দরী। বড় দুই বোনের ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় বিয়ে হয়ে গেছে। রিমা তো তবু অনার্সটা কমপ্লিট করতে পেরেছে তেমন সুবিধামতো পাত্র পায়নি বলে। কিন্তু রায়হানের মতো ভালো প্রস্তাব রিমার বাবা-মা হাতছাড়া করতে চাননি। ছেলে শিক্ষিত, তার ওপর আমেরিকা থাকে বলে কথা! ব্যাস হয়ে গেল বিয়ে।
রায়হান আমেরিকায় যাওয়ার পর রিমার জন্য অ্যাপ্লাই করে। তিন মাস পর রিমা আমেরিকা যাওয়ার ভিসা পায়। কিন্তু তার কয়েক সপ্তাহ পরই ছিল কোরবানির ঈদ। শাশুড়ি বললেন, ‘বউমা আমেরিকা যাওয়ার আগে ঈদটা আমাদের সঙ্গে করে যাক।’ যদিও রায়হানের ইচ্ছা ছিল যেদিন রিমা ভিসা পেয়েছে, তার পরদিনই ফ্লাইট বুক দিতে। কিন্তু মায়ের আবদারের কাছে হার মানতে হলো। অবশ্য এই ব্যাপারে রিমার তেমন কোনো মতামত ছিল না। সে চেয়েছিল, যাওয়ার আগে নিজের মা-বাবার সাথে ঈদ করতে। কিন্তু এখন সেটা আর হবে বলে মনে হচ্ছে না। শাশুড়ির ইচ্ছা অনুযায়ী নোয়াখালীতে গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করতে হবে। এটিই স্বামী ও সংসারের জন্য রীমার প্রথম সেক্রিফাইস বলা যায়।
রায়হানের সঙ্গে যোগাযোগ করে ঈদের তিন দিন আগে সবার সঙ্গে রিমা নোয়াখালীর উদ্দেশে ঢাকা ছাড়ল। রিমার বাবা ঈদ উপলক্ষে বেয়াই বাড়িতে নিয়ে গেল একটি খাসি, সঙ্গে মসলাপাতিসহ যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম। সঙ্গে ছিল রিমার শাশুড়ি, ননদ ও জায়ের জন্য নতুন শাড়ি ও জামাকাপড়। পিঠা ও ফলমূল তো ছিলই। ঢাকা থেকে মাইক্রোবাসে করে সকালের দিকে রওনা দেয় ওরা। নোয়াখালী পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে তারা পথে একবার একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে থেমেছিল।
সেদিন রাতে রিমার শাশুড়ি খাবারের মেলা আয়োজন করেছিল। অনেক আত্মীয়-স্বজন এসেছিল রিমাদের সাথে দেখা করতে। পরদিন সকালের নাশতার আয়োজন ছিল বিশাল। নাশতার পরপরই রিমার মা-বাবা ঢাকার উদ্দেশে রওনা দিলেন। রিমার মন খারাপ হয়ে গেল। তবুও শ্বশুরবাড়িতে সবার সঙ্গে তাল মিলিয়ে হাসিখুশিভাবে সময় কাটাতে লাগল। সেদিন বিকেল নাগাদ যখন সব মেহমান চলে গেলেন রিমা সন্ধ্যায় করিডরে একা একা হাঁটছিল। তখন শুনতে পেল তার শাশুড়ি ও ননদদের কথোপকথন কানে এল তার। তাঁরা বলছিলেন, রায়হানের শ্বশুর যে খাসি দিয়েছে সেটা তেমন চোখে ধরেনি। শাড়ি-কাপড়ও তেমন দামি না। শুনে খুব মন খারাপ হলো রিমার। বেডরুমে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকল সে। কারও সঙ্গে আর এ ব্যাপারে আলাপ করেনি সে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পরদিন সকালে রিমার শাশুড়ি রিমার বাবার দেওয়া খাসিসহ যাবতীয় সব জিনিস তার ছোট ননদ পিংকির শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। পিংকির বিয়ে হয়েছে আট মাস। এটা তাদের প্রথম কোরবানির ঈদ; সে জন্যই এই তত্ব পাঠানো।
রিমা তার শাশুড়ির এসব কার্যকলাপ দেখে রাগে ঘৃণায় শাশুড়ির প্রতি যে একটা সম্মানবোধ ছিল, তা হারিয়ে ফেলল। সে ভাবল, গত রাতে মা-মেয়ে সবাই মিলে যে জিনিসগুলোকে এত গাল-মন্দ করল, আজ সেই জিনিসগুলো কীভাবে নিজের মেয়ের শ্বশুরবাড়ি পাঠায়! সবাই বলে গ্রামের মানুষ সরল। আসলে কি তারা সরল নাকি জটিল? রিমা ভাবল, মেয়েরা ভালোই থাকে, অন্তত বিয়ের পর জটিল পরিস্থিতির মুখে পড়ার আগ পর্যন্ত। পরিবেশ-পরিস্থিতি ও সময়ই তাদের শিখিয়ে দেয় সংসার নামের এই যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়ার বিভিন্ন কৌশল। এবারের ঈদটা রিমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। একটা গরু কোরবানি দেওয়া হয়েছে। গ্রামের আশপাশের অনেক মহিলা এসে অনেক রাত অবধি চালের রুটি বানিয়েছে। চারদিকে ঈদের আলাদা আমেজ ছিল। রিমা সবার সঙ্গেই হাসিখুশি তাল মিলিয়ে চলছিল। যদিও মনে মা-বাবাকে কাছে না পাওয়ার খচখচানি ছিল। আর মিস করছিল রায়হানকে। রাতে অবশ্য রায়হানের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে। তারপরও অনেক মিস করছিল সে। কারণ, এটি ছিল বিয়ের পর তাদের প্রথম ঈদ; অথচ তারা দুই ভুবনে। এদিকে রায়হান কাউকে কিছু না বলেই ঈদের এক সপ্তাহ পর রিমার আমেরিকা যাওয়ার টিকিট বুকিং দেয়। তাই সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমা ঈদের দু দিন পরই ওর দেবরের সঙ্গে ঢাকায় চলে এসেছে।
ঢাকা বিমানবন্দরে রিমা তার মা-বাবা বোনদের কাছে বিদায় নিয়ে রওনা হলো আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু সেই দিন রিমার অনুভূতিটা ছিল অন্য রকম। একদিকে মা-বাবা, বোনদের ছেড়ে যাওয়ার বেদনা, অন্যদিকে রায়হানের কাছে আমেরিকা যাওয়ার আনন্দ তার ভেতর কাজ করছিল একসঙ্গে। বিয়ের পর মাত্র ১০ দিন তারা একসাথে কাটিয়েছে। রায়হানকে ঠিকমতো বোঝারও সময় হয়নি। এখন আমেরিকা গিয়ে রায়হানকে শুধু সময় দিতে হবে। তাকে বুঝতে হবে, তাকে ভালোবাসতে হবে। এ ধরনের হাজারো স্বপ্ন খেলা করছিল রিমার চোখে। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে রিমার জন্য অপেক্ষা করছিল রায়হান।
বিমানবন্দর থেকে দু ঘণ্টা ড্রাইভের পর তারা পৌঁছে গেল পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় নিজেদের বাসা; তখন দুপুর। বাসায় পৌঁছে রায়হান বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে রিমাকে। নিজেদের উষ্ণতা বিনিময় করতে করতে রায়হান রিমাকে তার ভালোবাসার কথা জানাল। চাইল কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রায়হান জানাল, সন্ধ্যায় তার এক বন্ধুর বাসায় দাওয়াত আছে, যেতে হবে।
পার্টিতে যাওয়ার পর রায়হানের সব বন্ধু ও তাদের পরিবারের সঙ্গে রিমার পরিচয় হলো। তাদের কারও মাত্র বিয়ে হয়েছে, কারও বা বাচ্চা হয়েছে। সেখানে বাংলাদেশি ছাড়াও রায়হানের সহকর্মী ছিল কয়েকজন ভারতীয় ও আমেরিকান। সবার সাথে পরিচিত হয়ে রিমার অনেক ভালো লাগল। সবাই বেশ মিশুক ও আন্তরিক ছিল। সবার সাথে বেশ ভালোই সময় কাটল পার্টিতে। সেখানে মহিলারা সবাই বেডরুমে বসে গল্প করছিল। রিমা যখন ডাইনিং এরিয়া থেকে বেডরুমের দিকে যাচ্ছিল হলওয়ে থেকে সে শুনতে পেল, কয়েকজন বসে গল্প করছে। তারা রিমার প্রশংসা করছিল।
নতুন পরিচিত কয়েকজনের মুখে নিজের প্রশংসা শুনে রিমার খুব ভালো লাগছিল। সে মনে মনে ভাবল এক সপ্তাহের ব্যবধানে সে কত কিছু দেখল। এক সপ্তাহের ব্যবধানে নিজের মানুষদের আড়ালে নিন্দা করতে এবং সদ্য পরিচিত কয়েকজনকে আড়ালে বসেই প্রশংসা করতে শুনল সে। শুধু সময় ও ধৈর্যই সব বদলে দিল। আর অ্যাডজাস্টমেন্ট, সে তো রিমা করেই নিয়েছে।