
সন্ত্রাসী কার্যকলাপে নাম লেখাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সন্তানেরা? নিজেরা নিভৃত জগতের বাসিন্দা হয়ে, হঠাৎ একদিন আবির্ভূত হচ্ছেন হামলাকারী হিসেবে। যে দেশে তাঁরা পড়াশোনা করছেন, অথবা অভিবাসনের যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অর্থ উপার্জন করছেন, সেই দেশের ক্ষতি সাধনে, সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নিতে উদ্যত হচ্ছেন। এই অশুভ উদ্দেশ্য প্রবাসীদের বিস্ময়ে, ঘৃণায়, লজ্জায় হতবাক করে দিয়েছে। এ ধরনের ঘটনা রুখতে বাঙালি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
সর্বশেষ ১১ ডিসেম্বর ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস স্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয়। হামলার অভিযোগে আকায়েদ উল্লাহ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যক্তি বাংলাদেশ থেকে সাত বছর আগে নিউইয়র্কে আসেন। তাঁর স্ত্রী ও ছয় মাস বয়সী সন্তান এখনো বাংলাদেশেই থাকে। বিস্ফোরণে ঘটনায় তাঁর হাত ও তলপেট পুড়ে গেছে। তবে অবস্থা গুরুতর নয়। তিনি
এখন নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন।
আকায়েদ উল্লাহ কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, তা স্পষ্ট হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে নানা রকম কথা বলা হয়েছে। হাসপাতালেই আকায়েদ উল্লাহ বিচারকের করা প্রশ্নের খুব কম উত্তর দিয়েছেন বলে খবর দিয়েছে মূল ধারার গণমাধ্যমগুলো। আকায়েদের বিরুদ্ধে পাঁচ ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আকায়েদ সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটান বলে অভিযোগ। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়। নিউইয়র্কের গভর্নর ও মেয়র এ হামলাকে ন্যক্কারজনক বলে নিন্দা করেছেন।
এ পর্যন্ত তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, ব্রুকলিনের বাসিন্দা আকায়েদ তিন বছর ধরেই যুক্তরাষ্ট্র বিরোধী মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আইএসের প্রতি আনুগত্য দেখিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক বছর আগে থেকে তিনি যুক্তরাষ্ট্রে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। জানা গেছে, তিন সপ্তাহ আগে আকায়েদ তাঁর ব্রুকলিনের বাড়িতে পাইপবোমা তৈরির যন্ত্রপাতি ও উপাদান জড়ো করতে শুরু করেন। তাঁর ফেসবুক পেজে ট্রাম্পবিরোধী নানা কথাবার্তার সঙ্গে সঙ্গে ‘আমেরিকা তুমি ধ্বংস হও’-সংবলিত লেখাও লিখে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে আলোচিত এই হামলা পরিকল্পনাকারী আকায়েদের মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারির ৩ তারিখ।
অভিযুক্ত আকায়েদ এই ঘটনায় আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা করেননি। সে কারণে এই হামলার চেষ্টা যে তিনি জেনেশুনে করেছেন, সে বিষয়ে আপাতত ভিন্নমত নেই কৌঁসুলিদের। সেটাই অবাক করছে বাংলাদেশি কমিউনিটিকে। একজন প্রায় সমাজবিচ্ছিন্ন ব্যক্তি এভাবে নীরবে-নিভৃতে একটি হামলার পরিকল্পনা করেছেন, যেটা কেউ জানতে পারেনি। তবে, এই লক্ষণ একেবারে অপরিচিত নয়।
এর আগের ঘটনাটি মাত্র চার-পাঁচ মাস আগের। চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্ট থেকে পারভেজ আহমেদ (২২) নামে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র ‘আইএস’-এ যোগ দিতে সৌদি আরব থেকে সিরিয়া যাওয়ার পথে পারভেজকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ। এরপর সৌদি পুলিশের সহায়তায় তাঁকে যুক্তরাষ্ট্র এনে নিউইয়র্ক এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। জুন মাসে তাঁকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওজোন পার্কে তাঁর বাড়িতে খোঁজখবর নিতে থাকে এফবিআই। ১৭ জুলাই পারভেজের কম্পিউটারসহ যাবতীয় কাগজপত্র অনুসন্ধান করে এফবিআই নিশ্চিত হয়, তিনি আইএসে যোগ দিতেই সৌদি আরব থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু সৌদি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এফবিআইর অনুরোধে সৌদি পুলিশ তাঁকে ২৮ আগস্ট নিউইয়র্কে ফেরত পাঠায়। জেএফকে এয়ারপোর্টে অবতরণের পরই এফবিআই পারভেজকে গ্রেপ্তার করে এবং ২৯ আগস্ট ব্রুকলিনে ফেডারেল কোর্টে সোপর্দ করে। পারভেজ তাঁর মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন।
আইএসে যোগদানে প্রস্তুতির সময়, এফবিআইএর হাতে আটক ব্রুকলিনের পারভেজের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, হঠাৎ করেই বদলে যান পারভেজ। সবকিছু ছেড়ে তিনি নীরব হয়ে যান। গত জুনে বাবার সঙ্গে সৌদি আরবে যান পারভেজ। সেখান থেকেই উধাও হন। ফেডারেল কোর্টে দায়েরকৃত অভিযোগ অনুযায়ী পারভেজ তাঁর মা-বাবাকে লিখে জানিয়েছিলেন, ‘আমি যদি কোনো কারণে নিষ্ঠুর হয়ে থাকি, অতিরিক্ত কিছু করে থাকি, তাহলে ক্ষমা করে দিয়ো। আমি যা তোমাদের শেখাতে চেয়েছি, দয়া করে তা স্মরণ করো।’
২২ বছরের পারভেজ আমেরিকানদের ‘ইসলামের শত্রু’ হিসেবে মন্তব্য করে তাদের খতম করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন বিভিন্ন স্থানে। ২০১৪ সালের অক্টোবরে পারভেজ একটি পোস্টে লিখেছিলেন, ‘কারা জিহাদি? অধিকাংশ মানুষের ইচ্ছা অনুযায়ী নিজের ভূমিতে যেসব মুসলমান শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেন, তাঁরাই জিহাদি। সত্যিকারের সন্ত্রাসী হচ্ছে যুক্তরাষ্ট্র।’
আরেকটি ঘটনা ২০১২ সালের অক্টোবর মাসে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ বোমা মেরে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে এফবিআই। কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নামের ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল-কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়। ম্যানহাটনে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে ‘বিস্ফোরকভর্তি’ ভ্যান দাঁড় করিয়ে নাফিস পাশের মিলেনিয়াম হিলটন হোটেলে যান। সেখান থেকে তিনি ভ্যানে রেখে আসা সেলফোনে বারবার কল দিতে থাকেন এক হাজার পাউন্ড (৪৫৪ কেজি) বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি। নিউইয়র্ক পুলিশ বলছে, নাফিস আসলে এফবিআইয়ের পাতা ফাঁদে পা দেন। তাঁর ওপর নজর রাখা হচ্ছিল গত জুলাই থেকেই। ভ্যানটি চালিয়ে আসার সময় যে লোকটি তাঁর পাশে ছিলেন, তিনি আসলে এফবিআইয়ের একজন কর্মকর্তা, যাঁকে নাফিস চিনতে পারেননি। ব্রুকলিন ফেডারেল কোর্টে নাফিসের বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন নাফিস। আল-কায়েদা নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট এই যুবক সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিশ্বস্ত লোক খোঁজা শুরু করার পর গত জুলাইয়ে এফবিআইয়ের নজরে পড়েন। নাফিস এমন পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তছনছ হয়ে যায়। প্রথমে তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে হত্যা করতে। এরপর তিনি রিজার্ভ ব্যাংক, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও বাল্টিমোরে সেনাবাহিনীর স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেন। তাঁর এ পরিকল্পনার কথা জানতে পেরে সহযোগী সেজে এফবিআই কর্মকর্তারাই তাঁকে ২০ ব্যাগ ‘নকল’ বিস্ফোরক সরবরাহ করেন, যাতে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা যায়।
আকায়েদ উল্লাহ জানিয়েছে, সে ইউটিউব এ একটি ভিডিও দেখে সন্ত্রাসবাদ এবং আমেরিকার প্রতি প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ হয়। পারভেজ ও নাফিসের ঘটনার মধ্যেও এই একই মিল আছে যে তাঁরা তাঁদের নিজেদের বিভ্রান্ত যুক্তি আর উগ্র প্রতিবাদ চিন্তায় বিপদে ফেলছে আরও লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে, যারা এই দেশের জীবনযাপন করছেন।
এই ঘটনাগুলো প্রমাণ করে যে এখন আর বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া বা নিশ্চুপ থাকার সময় নেই। বিপথগামী বাংলাদেশি তারুণ্যকে এখনই সঠিক পথে নিয়ে আসার ব্যবস্থা না করা গেলে, পুরো যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের আগামীর অভিবাসন আর জীবনযাত্রা মারাত্মকভাবে বিপদের মধ্যে পড়বে।