রুডি জুলিয়ানির ছেলের পক্ষে কেউ নেই
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানির নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদে নির্বাচন করার খায়েশ পূরণ হচ্ছে না।
রিপাবলিকান পার্টির অঙ্গরাজ্য কমিটির কোনো সদস্যই অ্যান্ড্রু জুলিয়ানির পক্ষে নেই। অনানুষ্ঠানিক এক দলীয় ভোটে তাঁর পক্ষে একটি ভোটও পড়েনি। এই ভোটে রিপাবলিকান পার্টির কাউন্টি-প্রধান ও অঙ্গরাজ্য কমিটির সদস্যরা ভোট দেন।
গভর্নর পদে রিপাবলিকান পার্টির এখন পর্যন্ত প্রথম পছন্দ কংগ্রেসম্যান লি জেলদিন। তাঁকে প্রার্থী করার পক্ষে ৮৫ শতাংশ ভোট পড়েছে। তাঁর পরেই দলীয় নেতৃত্বের ৫ শতাংশের সমর্থন রয়েছে ওয়েস্টচেস্টার কাউন্টির নির্বাহী রব অ্যাস্টোরিনোর প্রতি।
অন্যদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর পদের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বর্তমান গভর্নর অ্যান্ড্রু ক্যুমোই থাকছেন। আমেরিকার রাজনীতিতে তিনি অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয়।
নিউইয়র্ক নগরীর একসময়ের জনপ্রিয় মেয়র ছিলেন রুডি জুলিয়ানি। তাঁর ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন, তিনি গভর্নর পদে দাঁড়াতে যাচ্ছেন।
ট্রাম্পের আমলে হোয়াইট হাউসে কর্মকর্তা হিসেবে কাজ করেন অ্যান্ড্রু জুলিয়ানি। তাঁর বাবা রুডি জুলিয়ানি ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ নিয়ে আদালত থেকে শুরু করে সর্বত্র দৌড়ঝাঁপ করে ব্যর্থ হন।
গত এপ্রিলে রুডি জুলিয়ানির ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে এফবিআই তল্লাশি চালায়। তখন অ্যান্ড্রু জুলিয়ানি অঙ্গরাজ্যের গভর্নর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। প্রার্থিতার ঘোষণা দিয়ে অ্যান্ড্রু জুলিয়ানি বলেছিলেন, রাজনীতি তাঁর রক্তে জড়িয়ে আছে।
অ্যান্ড্রু জুলিয়ানির এমন ঘোষণার পর রিপাবলিকান পার্টির অঙ্গরাজ্যপর্যায়ের নেতারা তেমন কোনো উচ্ছ্বাস দেখাননি। এখন দেখা গেল তাঁর প্রার্থিতার পক্ষেও কেউ নেই।