রুনা-সাবিনায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে লাইভ কনসার্টের মঞ্চে আয়োজকদের সঙ্গে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
নিউইয়র্কে লাইভ কনসার্টের মঞ্চে আয়োজকদের সঙ্গে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন

‘একি সোনার আলোয়/ জীবন ভরিয়ে দিলে।/ ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো।/ রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে/ তোমার আঁখিটি রেখো।’

মনের মতো বউ সিনেমার এই গানটি গাওয়ার আগে কিছুটা আবেগপ্রবণ মনে হলো সাবিনা ইয়াসমীনকে। অন্যান্য বড় শিল্পীর সঙ্গে সাবিনা ইয়াসমীনের পার্থক্য হলো, তিনি গাওয়ার আগে গানের গীতিকার ও সুরকারের নাম বলেন। একটা গানকে জনপ্রিয় করেন শিল্পী। কিন্তু গানটি যিনি লিখেছেন, যিনি তাতে প্রাণ দিয়েছেন, মানে সুর করেছেন, তাঁর অবদানও কি কম? আর কৃতজ্ঞতাবোধ মানুষকে ছোট করে না, বরং আরও মহৎ করে তোলে। সাবিনা ইয়াসমীন কেবল একজন শিল্পী হিসেবে নন, মানুষ হিসেবেও যে অসাধারণ, তারই প্রমাণ মিলল রোববার জ্যামাইকায় অবস্থিত ইয়র্ক কলেজ আর্ট ও পারফর্মিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে। আর রুনা লায়লা জমিয়ে দিলেন দর্শকদের মঞ্চে ডেকে তাঁর সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়ে।
রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন—যেকোনো বিচারে বাংলাদেশের দুই সেরা শিল্পী। তবে কে সেরা, সেটা নির্ধারণ করা কঠিন। তাঁদের শ্রেষ্ঠত্ব সেখানেই, দুজনই বহু দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন। দশকের পর দশক ধরে যে গানগুলো মানুষের মুখে মুখে। এত বেশিসংখ্যক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এমন শিল্পী রুনা-সাবিনার মতো বাংলাদেশে কেউ নেই।
রোববার রাতেও হৃদয় আবেশ করা কিছু গানের আনন্দময় সুখস্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। ফিরতে ফিরতে ভাবছিলাম, সাবিনা ইয়াসমীন বিশেষ করে খান আতাউর রহমানের নাম কেন বললেন? অবশ্য তিনি বলতেই পারেন। জীবনের বহু সাক্ষাৎকারে এই গুণী শিল্পী বলেছেন, তাঁর জীবনে এত দূরে উঠে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান যে মানুষটির, তাঁর নাম খান আতা।
যে শিল্পী ১৬ হাজারের বেশি গান উপহার দিয়েছেন তাঁর দর্শকদের, ১৯৬৭ থেকে এ পর্যন্ত ৫০ বছর যাঁর ক্যারিয়ারের ব্যাপ্তি, তাঁকে কি এক-দেড় ঘণ্টার অনুষ্ঠান দিয়ে বেঁধে রাখা যায়। সাবিনা ইয়াসমীন একের পর এক চিরসবুজ রোমান্টিক গান গেয়ে চললেন। তবু যেন দর্শকের মন ভরে না। ‘অশ্রু দিয়ে লেখা এই গান যেন ভুলে যেয়ো না’—এমন গান তো মুহূর্তে হৃদয়কে দ্রবীভূত করে দেয়। গাইলেন শ্রাবণ মেঘের দিনে সিনেমার ‘আমার ভাঙা ঘরে’, কবির বকুলের লেখা আর এস আই টুটুলের সুরারোপিত রং নাম্বার সিনেমার গান ‘প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি/ অচেনা এক মানুষ আমায় পাগল করেছে’; গাজী মাযহারুল আনোয়ারের লেখা ও আনোয়ার পারভেজের সুর দেওয়া গান ‘এই মন তোমাকে দিলাম’।
১৯৬৭ সালে মাত্র ১২ বছর বয়সে সাবিনা ইয়াসমীন রেকর্ড করেছিলেন তাঁর কালজয়ী গান ‘শুধু গান গেয়ে পরিচয়’। এটি তাঁর জীবনের তৃতীয় রেকর্ডকৃত গান। গানটি দেশে-বিদেশে অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে থাকেন। কিন্তু সাবিনার গলায় শুনে মনে হলো, আসলে গানটি কেউই তাঁর মতো গাইতে পারে না। সাবিনা ইয়াসমীন তাঁর নিয়মিত যন্ত্রীদের নিয়ে আরও গেয়ে শোনান—‘ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না’ ‘ঝড়ের পাখি হয়ে উড়ে,’ ‘ও আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না’। সাবিনার গান গাওয়া শেষ হলে মঞ্চে এলেন রুনা লায়লা। নিউইয়র্কের শো টাইম মিউজিক অ্যান্ড প্লে এই লাইভ কনসার্টের আয়োজন করেছিল।
২০১৬ সালের মে মাসে একই স্থানে দুই শিল্পীকে নিয়ে যৌথ সংগীতসন্ধ্যার আয়োজন করেছিল এই প্রতিষ্ঠান। প্রথমবার যাঁরা এই অনুষ্ঠানটি দেখেছেন, তাঁদের অনেকে দ্বিতীয় অনুষ্ঠানে উপস্থিত হননি। তাই দর্শক উপস্থিতি ছিল আগেরবারের তুলনায় কিছুটা কম। তবে অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেছেন, যতবার তিনি সুযোগ পাবেন, এই দুই গুণী শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করবেন। যদিও গতবারের মতো এই দুই শিল্পী একসঙ্গে কোনো গান উপহার দেননি।
সাবিনার চেয়ে দর্শক মাতিয়েছেন বেশি রুনা লায়লা। কারণ, তিনি ধুমধাড়াক্কা গান বেশি করেন। খান আতাকে নিয়ে অনুষ্ঠানে রাজাকার বলে সম্বোধন করা হয়েছিল, সেখানে রুনা লায়লার উর্দু গানপ্রীতি নিয়েও সমালোচনা করা হয়। যে কারণেই কিনা রুনা লায়লা এবার একটু বেশিই উর্দু-হিন্দি গান করেন। তিনি শুরু করেন দেশাত্মবোধক গান দিয়ে। পারফরমেন্সের শুরুতেই তিনি টানা তিনটি দেশাত্মবোধক গান গেয়ে শোনান।
দেশাত্মবোধক গানের পরই রুনা একটির পর একটি হিন্দি আর উর্দু গান গেয়ে যান। তাঁর বহুল জনপ্রিয় দুই গান ‘ও মেরা বাবুজি’ ‘দমাদম মাসকালান্দার’ ছিল এই তালিকায়। বাংলা গানের মধ্যে ‘সাধের লাউ বানাইলো আমায় বৈরাগী’ ‘ইস্টিশনের রেলগাড়িটা’ ‘এই বৃষ্টিভেজা রাতে’ গেয়ে শোনান। রুনা লায়লার কাছে আরও বেশি প্রত্যাশা ছিল বলে জানান ওজনপার্ক থেকে স্বামী ড্যানিয়েল হামাদিকে নিয়ে আসা উইলি মুক্তি। তিনি বলেন, ‘আমি কিছুটা দেরিতে অনুষ্ঠানে এসেছিলাম। এসে সাবিনার একের পর মেলোডিয়াস গান শুনে মনটা ভরে গিয়েছিল। তবে আমার প্রিয় শিল্পী রুনা লায়লা। আশা করেছিলাম রুনার কাছ থেকেও একই ধরনের মেলোডিয়াস গান শুনতে পাব, কিন্তু তার পরিবর্তে ধুমধাড়াক্কা গান তিনি বেশি গেয়েছেন, যেটা আমার ভালো লাগেনি।’
অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন কবি মাকসুদা আহমেদ। স্বামী মামুন রহমানকে নিয়ে বঙ্কস থেকে জ্যামাইকায় গান শুনতে এসেছিলেন তিনি। অনুষ্ঠান শেষে তিনি বলেছেন, ‘আমি যতটা আশা করে এসেছিলাম, ততখানি মন ভরাতে পারেননি শিল্পীরা। সাবিনা ইয়াসমীন শুরুতে কয়েকটা অপরিচিত গান গেয়ে শোনান। উনি বলেন, এই গানগুলো তিনি আগে কখনো মঞ্চে গাননি। রুনা হিন্দি গান বেশি গান। সেই গানগুলোও তেমন পরিচিত নয়। মনে হলো, দুই শিল্পী বেশি পরীক্ষা-নিরীক্ষা করলেন। তাঁদের কাছ থেকে আরও দারুণ কিছু পাওয়ার প্রত্যাশা ছিল।’