রুবিও-কেইসিকের অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাছাইপর্বের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। ফলাফল থেকে বোঝা যাবে, রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার তরুণ সিনেটর মার্কো রুবিও এবং মধ্যপন্থী ওহাইওর গভর্নর জন কেইসিক লড়াই চালিয়ে যেতে পারবেন কি না।

রিপাবলিকান দলের এগিয়ে থাকা মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে রিপাবলিকান নেতৃত্ব ও প্রধান চাঁদাদাতারা গত দুই সপ্তাহ ব্যাপক প্রচার চালিয়েছেন। তাঁদের আশা, ফ্লোরিডা ও ওহাইওতে ট্রাম্পকে হারিয়ে নির্ধারিত সব ডেলিগেট ছিনিয়ে নেবেন রুবিও ও কেইসিক।

আশঙ্কা হলো, সর্বশেষ জনমত জরিপে ফ্লোরিডায় ট্রাম্প দীর্ঘ ব্যবধানে এগিয়ে আছেন। তবে ওহাইওতে ট্রাম্প ও কেইসিকের লড়াই হাড্ডাহাড্ডি। নিজ অঙ্গরাজ্য ওহাইওতে হারলে জনপ্রিয় গভর্নর কেইসিক সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রুবিও মুখে সে কথা না বললেও এ ছাড়া গত্যন্তর থাকবে না।

ডোনাল্ড ট্রাম্প আশা করছেন, ওহাইওতে হারলেও ফ্লোরিডা, ইলিনয় ও মিসৌরিতে বিজয় ছিনিয়ে নিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন তিনি নিশ্চিত করবেন। গত কয়েক দিন বিভিন্ন জনসভায় সহিংসতার ঘটনার জন্য তাঁকে দায়ী করে কড়া সমালোচনা সত্ত্বেও ওহাইও ছাড়া অন্য চার রাজ্যে ট্রাম্প বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন।

ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান নেতৃত্ব আরও কঠোর অবস্থান নিয়েছে। সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় এবং এ ব্যাপারে কোনো দায়দায়িত্ব অস্বীকার করায় স্পিকার পল র‍্যায়ান ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।

ট্রাম্প মনোনয়নের জন্য কমপক্ষে ১ হাজার ২৩৭ জন ডেলিগেটের সমর্থন পেতে ব্যর্থ হলে অন্য কোনো প্রার্থী মনোনয়নের কথা ভাবা হতে পারে। তাঁদের মধ্যে অন্যতম হলেন মিট রমনি। প্রথম দফা ভোটের পর পরবর্তী দফায় ভোটে ডেলিগেটরা তাঁদের প্রতিশ্রুত প্রার্থীর পক্ষে ভোট দিতে বাধ্য নন। তেমন অবস্থা হলে মিট রমনি নিজেও একজন সম্ভাব্য প্রার্থী হতে পারেন।

গত রোববার এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রমনি জানান, তাঁকে যদি দলের পক্ষ থেকে প্রার্থী হতে বলা হয়, তাহলে তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করবেন না।

অন্যদিকে ডেমোক্রেটিক দলের পক্ষে আজকের বাছাইপর্বের নির্বাচনে সিনেটর বার্নি স্যান্ডার্স তাঁর বিস্ময়কর বিজয়যাত্রা অব্যাহত রাখার আশা করছেন। গত সপ্তাহে মিশিগানে সব জনমত জরিপ উল্টে দিয়ে তিনি অল্প ব্যবধানে হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। তিনি আশা করছেন, ফ্লোরিডায় ও নর্থ ক্যারোলাইনায় সম্ভব না হলেও ওহাইও ও ইলিনয়তে তিনি জয় পাবেন। আর তেমন ঘটনা ঘটলে নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো উদারনৈতিক শহরে প্রাইমারি ভোটে তাঁর জয়ের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে।

এই অঙ্ক মাথায় রেখে বার্নি স্যান্ডার্স হিলারির বিরুদ্ধে তাঁর সমালোচনা তীব্রতর করেছেন। এই দুই রাজ্যেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিস্তর। স্যান্ডার্স অব্যাহত মন্দাবস্থার জন্য বিল ক্লিনটন আমলে ও পরবর্তী সময়ে স্বাক্ষরিত বিভিন্ন বহুজাতিক বাণিজ্যচুক্তিকে দায়ী করে হিলারির বিরুদ্ধে আক্রমণ করেছেন। হিলারি নাফতা (নর্থ আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) চুক্তির পক্ষে ছিলেন, সে কথা মনে করিয়ে দিয়ে স্যান্ডার্স বলেছেন, এই চুক্তি যে মার্কিন শ্রমিকদের স্বার্থবিরোধী, সে কথা বুঝতে তাঁর ১৩ সেকেন্ডের বেশি লাগেনি।

ডেলিগেট সংখ্যার হিসাবে অবশ্য হিলারি স্যান্ডার্সের তুলনায় এগিয়ে আছেন। ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের জন্য প্রয়োজন ন্যূনতম ২ হাজার ৩৮৩ ডেলিগেট। সুপার ডেলিগেট (অর্থাৎ পদাধিকার বলে ডেলিগেট হিসেবে নির্বাচিত দলের নেতা ও নির্বাচিত সদস্যবৃন্দ) নিয়ে এই মুহূর্তে হিলারির ঝুড়িতে রয়েছে মোট ১ হাজার ২৩৫ জন ডেলিগেট। সেখানে স্যান্ডার্সের সর্বমোট ডেলিগেটের সংখ্যা ৫৮০।