[শেষ পর্ব]
আগের পর্বে সুফিবাদ এবং সুফিগুরু জালালুদ্দিন রুমি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই পর্বে রুমির কিছু কবিতা পর্যালোচনার মধ্য দিয়ে সুফিবাদকে আরও স্পষ্ট করে বোঝার চেষ্টা করব। কবিতাগুলো ইংরেজি থেকে আমি বাংলায় ভাষান্তর করেছি। শুধু মুসলিম বিশ্বেই নয়, রুমি ব্যাপক জনপ্রিয় পশ্চিমা বিশ্বেও। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ বিক্রীত কবি এখন মাওলানা জালালুদ্দিন রুমি। ইশকের সাধনা যে রহস্যময়তার ঘোর তৈরি করেছে, রুমির কবিতার সেই ঘোরে এখনো আট শ বছর পরের আধুনিক মানুষও বুঁদ হয়ে থাকে।
‘তিনিই শুধু জানেন কোথায় আছে জ্ঞানের দরোজা/সবই যে তার নিয়ন্ত্রণে গোপনেও করো যা/ ভেবে দেখো রেশম পোকা কোথায় এমন শিক্ষা পায়/হাতির পালও লজ্জা পায় রেশম পোকার দক্ষতায়/আদম-পিতা গড়ে তোলেন আবাসভূমি দুনিয়ায়/খোদার জ্ঞানে শিক্ষা পেলেন নইলে ছিলেন অসহায়/জ্ঞান হলো বিদ্যুতের চমক অন্ধকারে পথ দেখায়/সাত স্বর্গ ভেদ করে সে ক্কালবের ওপর চমকায়।’
এই কবিতার শেষ লাইন দুটোতেই পুরো কবিতার অর্থটি পরিস্ফুট হয়েছে। কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জ্ঞান। জ্ঞানহীন মানুষ বেহেশতে যেতে পারে না। তাই জ্ঞানকে আলোকবর্তিকা হিসেবে দেখানো হয়েছে। অন্ধকার রাতে জ্বলে ওঠা বিদ্যুচ্চমকের মতোই জ্ঞান, যা আমাদের পথ দেখায়। সেই আলো সাত স্বর্গ ভেদ করে, এই কথার অর্থ হলো জ্ঞান মানুষকে পথ দেখিয়ে বেহেশতে নিয়ে যায়। জ্ঞানই মানুষকে আল্লাহর সন্ধান দেয়, তাঁর অবস্থান লওহে মাহফুজে নিয়ে যায়। এক সুবৃহৎ আত্মার প্রতিনিধি হলো মানবাত্মা। যদি তাই হয়, তাহলে মানুষের ক্কালবেই লওহে মাহফুজ, এখানেই খোদা আছেন। জ্ঞানই মানুষকে এই শিক্ষা দেয়, তাই বলা হয়েছে ক্কালবের ওপর চমকায়।
রুমি এক চতুর্দশপদীতে বলেছেন, ‘আমি কেন তোমাকে খুঁজব? আমিই তো তুমি। আমার মধ্য দিয়েই তুমি প্রকাশিত। আমি আমাকেই খুঁজি।’ এই দর্শনের আলোকে অনেক সুফি সাধক সারা জীবন তপস্যা করেছেন। আবার অনেকে এর বিরুদ্ধাচারণও করেছেন, নাস্তিক আখ্যা দিয়েছেন সেই সুফি সাধকদের। এই গূঢ় রহস্য বোঝার জন্য, এই দর্শন বোঝার জন্য বা বলা যেতে পারে এর মর্মার্থ আত্মস্থ করার জন্য মনের ঔদার্য দরকার। রুমি তাঁর অনেক লেখায় জ্ঞানার্জনের ওপর গুরুত্ব আরোপ করেছেন, মুক্ত মন নিয়ে জ্ঞান আহরণের কথা বলেছেন। তিনি পবিত্র পাত্র থেকে শারাব পান করে মাতাল হতে বলেছেন। অর্থাৎ খোদার নৈকট্য লাভের কথা বলেছেন। আবার আরেক কবিতায় তিনি বলেছেন, ‘তোমার সঙ্গে আমার মিলন হবে এটা মিথ্যা।’ এইটুকু শুনে আমরা চমকে উঠি। পরক্ষণেই যখন তিনি বলেন, ‘তুমি তো প্রথম থেকেই আমার সঙ্গে আছো।’ তখন আমাদের ভাবনা এক মহা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে যায়। এবং এক সময় আমাদের দৃষ্টি স্পষ্ট হয়ে আসে, আমরা সত্যকে দেখতে পাই। রুমি এক অমোঘ সত্যের নাম, সেই সত্যকে আবিষ্কার করার জন্য রুমিনেশায় বুঁদ হয়ে যেতে হয়।
রুমি কোনো কোনো কবিতায় কোরআনের আয়াত ব্যবহার করেছেন। যেমন সুরা আহজাবের ৭২ নম্বর আয়াতটির উদ্ধৃতি দিয়েছেন, ‘একটি বিশেষ দায়িত্ব’ কবিতায়। আয়াতটির বঙ্গানুবাদ এরকম ‘এই আমানত দেওয়া হয়েছিল ওদের, আকাশমণ্ডলীকে, মর্ত্যের মৃত্তিকা লোক এবং সুউচ্চ পর্বতশৃঙ্গ মালাকে। সবাই প্রত্যাখ্যান করল এবং ভীত হলো; শুধু মানুষই এগিয়ে এল সহাস্যে; নিশ্চয়ই সে বোকা এবং অজ্ঞ ছিল।’ আমানতটি হলো ‘স্বাধীনতা’। আমরা জানি, মানুষ ছাড়া আর কোনো প্রাণীর যা খুশি তা করার স্বাধীনতা নেই। ফেরেশতারা চাইলেও পাপ করতে পারবে না। ওদের সেই স্বাধীনতা নেই। শয়তান চাইলেও ভালো কাজ করতে পারবে না। তাকেও সে ক্ষমতা দেওয়া হয়নি। পশু-পাখির জীবনচক্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আবর্তিত হয়। শুধু মানুষই ব্যতিক্রম, যা খুশি তাই করতে পারে।
এখন অবাক হতে পারেন, আয়াতটির শেষে এ কথা কেন বলা হলো, ‘নিশ্চয়ই মানুষ বোকা এবং অজ্ঞ ছিল।’ হ্যাঁ, মানুষ অজ্ঞই ছিল, তাকে স্বাধীনতা দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান দেওয়া হলো যাতে সে তার বিবেচনাবোধ বা বিবেক ব্যবহার করে স্বাধীনতা উপভোগ করে। ‘একটি বিশেষ দায়িত্ব’ কবিতায় রুমি সেই বিবেচনা বোধকেই বিশেষ দায়িত্ব বলেছেন। মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই বিশেষ দায়িত্ব দিয়ে, সে তার বিবেচনা বোধকে সারা জীবন ধরে কাজে লাগাবে। যদি সে তা না করে, তাহলে সে কিছুই করল না।
‘প্রিয়তমা উজ্জ্বল সূর্যের মতো/প্রেমিকেরা আবর্তিত গ্রহ/বসন্ত-হাওয়ায় প্রেম বহে অবিরত/ভেজা ডাল নৃত্যে করে বিদ্রোহ। (দিওয়ানে শামস-ই তাবরিজি: চতুষ্পদী ৪৬৬)’
এই ছোট্ট চার লাইনের কবিতাটিতে তিনি একজন মাত্র প্রেমিকা ও তাঁর অসংখ্য প্রেমিকের কথা বলেছেন, যারা প্রিয়তমার চারদিকে গ্রহের মতো আবর্তিত হচ্ছে। তিনি খোদাকে এখানে প্রেমিকা বলেছেন। আর প্রেমিকেরা হচ্ছে সুফি সাধক। ঠিক এই কবিতার মতোই ইরানি সুফি সাধকেরা সুফি নৃত্য করেন। সাদা পোশাক পরে ক্রমাগত ঘুরতে থাকেন। এই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে তারা খোদার নৈকট্য লাভের চেষ্টা করেন। মাওলানা জালালুদ্দিন রুমির শিক্ষা ও অনুপ্রেরণা থেকেই প্রকৃতপক্ষে এই ঘূর্ণন নৃত্যের উদ্ভব এবং সুফি নৃত্য হিসেবে এখন ব্যাপকভাবে পরিচিত। এই ঘূর্ণাবর্তের সঙ্গে বিজ্ঞানের চমৎকার যোগসাজশ রয়েছে।
বিজ্ঞান মনে করে বিগ ব্যাঙ-উত্তরকালে এক মহাজাগতিক ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই বিশ্বভ্রহ্মাণ্ড। ধর্মচর্চায়ও ঘূর্ণন প্রক্রিয়ার উপস্থিতি প্রবল। ক্কাবা ঘরকে কেন্দ্রে রেখে হজব্রত পালনকারীরা ঘুরে ঘুরে তাওয়াফ করে, অগ্নি উপাসকেরা আগুনের চারপাশে ঘোরে, হিন্দুরা আগুনকে প্রদক্ষিণ করেই ধর্মমতে বিয়ে করে। নানান আদিবাসীরাও তাদের দেব-দেবীকে প্রদক্ষিণ করে নৃত্য করে। এভাবেই সুফিচর্চা ক্রমশ সুনির্দিষ্ট ধর্মের বলয় থেকে বেরিয়ে সর্বজনীন হয়ে উঠেছে, যে কারণে পশ্চিমা বিশ্বে সুফিবাদ দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। তবে অনেক কট্টর সুফিবাদীর মতে, যেভাবেই খোদার নৈকট্যলাভের চর্চা করা হোক না কেন, এর কেন্দ্রে যদি ইসলাম না থাকে তাহলে তা সুফিচর্চা বলে বিবেচিত হবে না।
এই কবিতার পরের দুই লাইনে বলা হয়েছে, বসন্ত-হাওয়ার মতো তখন খোদার প্রতি প্রেম বহে অবিরত, কেননা এই ঘূর্ণন প্রক্রিয়াটি অবিরাম চলতে থাকে। কিন্তু ভেজা ডাল, অর্থাৎ রিপু (ভুল চিন্তা, মন্দ চিন্তা) বিদ্রোহ করে। এই ভেজা ডাল হচ্ছে জাগতিক মোহ, লোভ।
রুমি-শিক্ষার প্রধান দিকটি হচ্ছে ইন্টিগ্রেশন। সব মতবাদকেই তিনি গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। একজন প্রসিদ্ধ মুসলমান কোনাভি একবার রুমিকে চ্যালেঞ্জ করেন এই বলে, ‘আপনি বলেন যে ৭২টি ধর্মীয় ফেরকার সঙ্গে একমত হয়ে আপনি চলতে পারেন। কিন্তু আমরা দেখি, ইহুদিরা তো খ্রিষ্টানদের সঙ্গে একমত হয় না এবং খ্রিষ্টানরা মুসলমানদের সঙ্গে প্রায়শই মতৈক্যে পৌঁছাতে পারে না। তারা যদি একে অন্যের সঙ্গে একমত হতে না পারে, তাহলে তাদের সবার সঙ্গে কি করে একমত হওয়া সম্ভব?’ কোনাভির এই প্রশ্নের জবাবে রুমি বলেন, ‘জি হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। আমি আপনার সঙ্গেও একমত।’
আরেকটি ঘটনা জালালুদ্দিন রুমির সহনশীলতার দৃষ্টান্ত হিসেবে এখানে উল্লেখ করা যেতে পারে। একদিন রুমি ধ্যানমগ্ন ছিলেন। তাঁর অনুসারীরা তাকে বেষ্টন করে ছিল। তখন এক মাতাল স্খলিত পায়ে চিৎকার করতে করতে সেখানে প্রবেশ করে। লোকটি রুমির দিকে অগ্রসর হয়ে তার ওপর আপতিত হয়। এহেন বেয়াদবির জন্য রুমি-ভক্তরা উত্তেজিত হয়ে লোকটিকে প্রহার করতে উদ্যত হয়। রুমি তখন তার ভক্তদের থামিয়ে বলেন, ‘আমিতো ভেবেছিলাম ওই লোকটি মাতাল কিন্তু এখন দেখছি, সে নয় বরং আমার নিজের শিষ্যরাই মাতাল।’
জালালুদ্দিন রুমি তার সময়কালের সব শ্রেণির মানুষের সঙ্গে খোলামেলাভাবে মিশতেন, কথা বলতেন, যখন শ্রেণিবৈষম্য একটি সামাজিক প্রথা ছিল। শুধু মিশতেনই না, নিম্নশ্রেণির মানুষের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। জগৎ সংসার পরিত্যাগ করে তিনি কেবল খোদার ধ্যানে মগ্ন ছিলেন—এ কথা কেউ বলতে পারবে না। বরং তার মানবতাবোধ, মানুষের প্রতি মমতা ছিল প্রখর। আর্তপীড়িতের সেবা করার পরামর্শ তিনি কবিতাতেই দিয়েছেন।
‘মর্জি খোদার অহমিকার ভাঙতে পাথরখণ্ড/নতজানু করেন তাকে চাপিয়ে লঘুদণ্ড/এ দণ্ডতো আর কিছু নয় আর্তপীড়িতের সেবা/কে ছাড়ে এ সুযোগ বলো এমন পাষণ্ড কে-বা/দুঃসহ বিত্ত–বৈভব/ দগদগে ঘা ভুলগুলো সব/কোথায় এমন মলম আছে সারাবে এ পাপের ক্ষত/খোদার যদি ইশারা হয় জাগে মৃত শত শত/যার ওপরে নুরের ছায়া তার কিরে আর পাপের ভয়/বিনম্র তার হৃদয়খানি কান্না ভেজা, কি বিস্ময়/চোখের জলের ঢেউ পেরোলেই সুখের সবুজ স্বর্গদ্বীপ/এ-ভেদ যে বুঝেছে তার ঘরেই জ্ঞানের নীল প্রদীপ/যেখানে জল প্রবাহিত সেই খানে প্রাণ হয় বিকাশ/কান্নাস্রোতে পাপ ভেসে যায়, ঢেউ পেরোলেই স্বর্গবাস।’
অসহায়ের ব্যথায় ব্যথিত হতে বলেছেন। তাহলে পাপ ভেসে যাবে। চোখের জলের ঢেউ পেরোলে, অর্থাৎ জল শুকিয়ে গেলেই স্বর্গ, মানে আনন্দ। অসম্ভব কাব্যিক এবং জনহিতৈষী এই কবিতাটি রুমির জন্মের ৮০০ বছর পরও আজকের সমাজে সমভাবে প্রযোজ্য। রুমির মানবহিতৈষী উপদেশ বা শিক্ষামূলক আরও একটি কবিতার উদ্ধৃতি দেওয়া যেতে পারে।
‘ক্ষমতাধর হে মান্যবর মওকা যদি পাও/মানবতার কল্যাণে বল প্রয়োগ করে যাও/অনুসরণ করো নবী-রসুলদেরই পথ/মন থেকে দূর করো তোমার অশুভ দ্বৈরথ/হয়ত তুমি রেখেছিলে কয়েক পদক্ষেপ/হয়তো তুমি হেঁটেছিলে খানিকটা পথ, স্রেফ/যথেষ্ট নয় পা ফেলা-ই কাজটিতো শেষ করো/হাসিল হওয়া অবধি তাকে আঁকড়ে তুমি ধরো/লক্ষ্যটিই আরাধ্য, নয় পথের ব্যাপ্তিখানি/পথে পথে ছড়িয়ে থাকে পথেরই ঘষটানি/কেউ কি ক্ষতির মুখোমুখি হয়েছিলেন কভু/বিশ্বাস ও প্রার্থনার পথে, যে পথ দিলেন প্রভু?/প্রমাণ পেলে আমিও হব অবিশ্বাসী এক/অবিশ্বাসী বলেই রুমির নাম হবে উল্লেখ/মাথা যদি না ভেঙে যায় পট্টি বেঁধো না/ভুলের অতল তলে ডুবে বন্ধু কেঁদো না/কষ্ট করো যখন পারো মানব-কল্যাণে/শেষ হাসিতো হাসবে তুমি সক্কলে তা জানে’।
সব প্রধান ধর্মগ্রন্থেই অদৃষ্টে বিশ্বাসের কথা আছে। এমনকি হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমতভগবত গীতার মূল শিক্ষাও নিষ্কাম কর্ম। অর্থাৎ অদৃষ্টে আস্থা। খোদার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেই রুমি বলেছেন, বি রেজাল্ট অরিয়েন্টেড। যেটা আজকের আধুনিক ব্যবস্থাপনার একটি বড় শিক্ষা। রুমি বলেন, তুমি পথে নেমেছ এটাই যথেষ্ট নয়, লক্ষ্যে পৌঁছাতে হবে। কাজ শুরু করলেই হবে না, কাজ শেষ করতে হবে। পাশাপাশি আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, বিশ্বাস ও প্রার্থনার পথে অর্থাৎ খোদার পথে পরিচালিত হয়ে কেউ কি ক্ষতির সম্মুখীন হয়েছে কখনো? যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে আমিও অবিশ্বাসী হয়ে যাব।
রুমি-শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বাস্তববাদিতার সঙ্গে আধ্যাত্মিকতার সংমিশ্রণ। সুদৃঢ় বিশ্বাসের ওপর দাঁড়িয়ে খোদার নৈকট্যলাভের চর্চা করতে বলেছেন তিনি। কেন বলেছেন? এতে আত্মশুদ্ধি হবে, মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা সহজ হবে। হৃদয় ইতিবাচক আলোয় আলোকিত হবে। তখন, এমনকি হিমশীতল মৃত্যুকেও মনে হবে আনন্দময় ঘটনা। (শেষ)