রুশ আইনজীবী ও ট্রাম্প-পুত্রের বৈঠকের পেছনে ক্রেমলিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারি ক্লিনটনের ব্যাপারে রুশ আইনজীবী ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে যেসব তথ্য দিয়েছিলেন—তার পেছনে মস্কোর হাত ছিল। এটা ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের প্রতি সহায়তার প্রচেষ্টার অংশ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস এ নিয়ে সাম্প্রতিকতম প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচার বিশেষজ্ঞ রব গ্ল্যাডস্টোন এক ই-মেইল বার্তায় পুতিন-ঘনিষ্ঠ রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়ার সঙ্গে ট্রাম্প জুনিয়রের বৈঠকের পেছনে ক্রেমলিনের ভূমিকার কথা বলেছেন। তিনিই গত বছরের জুনে ওই বৈঠকের আয়োজন করেছিলেন।

তবে নাতালিয়া ভেসেলনিতস্কায়া গতকাল মঙ্গলবার এনবিসিকে বলেছেন, তাঁর কাছে হিলারি ক্লিনটনের ব্যাপারে কোনো স্পর্শকাতর গোপনীয় তথ্য কখনোই ছিল না।

নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গ্ল্যাডস্টোনের ই-মেইলের ব্যাপারে অবহিত তিন ব্যক্তি ইঙ্গিত দিয়েছেন, রুশ সরকার মার্কিন নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক তৎপরতায় মদদ দিয়েছিল।  

মার্কিন কর্মকর্তারা গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করে দেখছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারকালে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির দল ডেমোক্রেটিক পার্টির কয়েকটি কম্পিউটারের তথ্য রুশ হ্যাকাররা চুরি করেছিল বলে অভিযোগ ওঠে।