রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করলেন ট্রাম্প-পুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেমলিন-সংশ্লিষ্ট এক রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। গত বছর তিনি এক রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন।
গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ নিয়ে তদন্ত চলছে আমেরিকায়। এরই অংশ হিসেবে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের সঙ্গে রুশ কোনো সংযোগ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
বিবিসি জানায়, এ বিষয়ে ট্রাম্প জুনিয়র মার্কিন স্পেশাল প্রসিকিউটরকে জানান, গত বছরের ৯ জুন ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলিনতসকায়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ট্রাম্পের মেয়ের স্বামী জার্ড কুশনার ও সে সময়ে ট্রাম্পের প্রচার দলের প্রধান পল জে মানাফোর্ট। তবে তাঁদের মধ্যে নির্বাচনের প্রচার বিষয়ে কোনো আলাপ হয়নি।
ট্রাম্প জুনিয়রের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেছেন নাতালিয়াও। তবে একইভাবে তিনিও নির্বাচন-বিষয়ক কোনো আলাপ হয়নি বলে জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। আমি রুশ সরকারের হয়ে কখনোই কাজ করিনি।’
প্রসঙ্গত, গত বছরের ৯ জুনের আগেই রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে ট্রাম্পের মনোনয়ন চূড়ান্ত হয়েছিল।