রুশ-মার্কিন উত্তেজনা প্রশমন সম্ভব: টিলারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা ও রাশিয়ার মধ্যে উদ্ভূত সংকট নিরসন ও বিদ্যমান উত্তেজনা প্রশমনের পথ দুই পক্ষ খুঁজে পাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ৭ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
রেক্স টিলারসন বলেছেন, মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন সন্দেহের বশে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করাটা কোনো কাজের কথা নয়। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ক্রেমলিনও। অনেক পার্থক্য থাকলেও আমাদের একযোগে কাজ করার ক্ষেত্র খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, ‘আমাদের একজন প্রতিনিধি রাশিয়ায় অবস্থান করছেন। তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ ছাড়া অন্য পক্ষগুলোর সঙ্গেও আমরা সমন্বয়ের চেষ্টা করছি। আমাদের মধ্যে অবিশ্বাসের ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু এ-ও সত্য যে, উভয় দেশেরই নিরাপত্তা ইস্যুতে অভিন্ন কিছু ক্ষেত্র রয়েছে।’
এর আগে ৬ আগস্ট ম্যানিলায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন টিলারসন। এ সময় রাশিয়ার ওপর আরোপিত নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা আরোপের আইনে সইয়ের পর এটিই তাঁদের মধ্যে প্রথম সাক্ষাৎ।
নতুন এ মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া ‘সর্বাত্মক বাণিজ্য যুদ্ধ’ হিসেবে দেখছে। এ ক্ষেত্রে মস্কোও পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে রেখেছে আগেই।